0%

শিশুদের সঙ্গে অশালীন কথা, দেওয়া হচ্ছে বিপজ্জনক পরামর্শ! নিউ ইয়র্কে ৫ বছরের জন্য নিষিদ্ধ AI Toys

সবদিক নিউজ:আগামী ৫ বছরের জন্য AI খেলনা নিষিদ্ধ করল নিউ ইয়র্ক (New York) কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (Artificial Intelligence) এখন আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম সঙ্গী। অফিসের ইমেল লেখা থেকে শুরু করে ব্যক্তিগত সম্পর্কের জটিলতা মেটানো, এমনকী মন খারাপের সময় মনের কথা ভাগ করে নেওয়া—সবেতেই চ্যাটবটের উপর নির্ভর করছেন অনেকে। কিন্তু প্রযুক্তির এই বাড়বাড়ন্ত শিশুদের জন্য কতটা নিরাপদ? সেই প্রশ্নই এবার বড় হয়ে উঠেছে আমেরিকায়। শিশুদের সুরক্ষার কথা মাথায় রেখে আগামী পাঁচ বছরের জন্য এআই-চালিত খেলনা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নিউ ইয়র্ক।

শিশুদের সুরক্ষার জন্য নিউ ইয়র্কে (New York) ৫ বছরের জন্য নিষিদ্ধ AI Toys:

মঙ্গলবার এই সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করেছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। নতুন আইন অনুযায়ী, ইন্টারনেটের সঙ্গে যুক্ত এবং এআই চ্যাটবটের সাহায্যে শিশুদের সঙ্গে কথোপকথন চালাতে পারে, এমন পুতুল, সফট টয় ও রোবট তৈরি, বিক্রি এবং বিতরণ করা যাবে না। আইন ভাঙলে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের দপ্তর প্রতিদিন সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জরিমানা করতে পারবে। আগামী ৯০ দিনের মধ্যে আইনটি কার্যকর হওয়ার কথা।

 বিমানবন্দরে ব্যাগ থেকে উদ্ধার ৫ টাকার খৈনি! ১৮ দিন জেল খেটে ১৮ লক্ষের জরিমানা উত্তরপ্রদেশের যুবকের

কেন এমন কঠোর সিদ্ধান্ত? গভর্নরের বক্তব্য, এই ধরনের খেলনা শিশুদের সঙ্গে সরাসরি কথা বললেও তাদের কথোপকথনের উপর যথেষ্ট নজরদারি নেই। অভিযোগ উঠেছে, কোনও কোনও এআই খেলনা শিশুদের সঙ্গে অশালীন কথাবার্তা বলছে। এমনকী ছুরি খুঁজে বের করার মতো বিপজ্জনক পরামর্শও দিচ্ছে। ‘মাদার্স অ্যাগেইনস্ট মিডিয়া অ্যাডিকশন’-এর সদস্য মুনা হেভেনও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে, ‘কমন সেন্স মিডিয়া’-র একটি রিপোর্টে দাবি করা হয়েছে, এআই-নির্ভর খেলনার প্রতি অতিরিক্ত আসক্তি শিশুদের পরিবার ও বন্ধুদের থেকে দূরে সরিয়ে দিতে পারে।

হার্লেমের ‘গ্র্যান্ডমাস প্লেস’ নামে একটি খেলনার দোকানে দাঁড়িয়েই এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেন হোকুল। দোকানের মালিক তথা অবসরপ্রাপ্ত শিক্ষিকা ডন হ্যারিস-মার্টিনের কথায়, তিন বছরের কোনও শিশুর খেলনা টেডি বিয়ার যদি তাকে অদ্ভুত বা বিপজ্জনক কিছু করতে বলে, তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। বড়দিনের কেনাকাটার মরশুমের আগেই তাই অভিভাবকদের সতর্ক করেছেন গভর্নর।

 আগামিকাল রাজ্যের সব সরকারি স্কুলে বিশেষ কর্মসূচি! পড়ুয়া থেকে শিক্ষকদের নিতে হবে শপথ

উল্লেখযোগ্য বিষয় হল, শুধু নিউ ইয়র্ক (New York) নয়, শিশুদের হাতে এআই প্রযুক্তি তুলে দেওয়ার আগে তার নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে আমেরিকার আরও কয়েকটি রাজ্য। ক্যালিফোর্নিয়াতেও একই ধরনের নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পেনসিলভেনিয়াতেও এ নিয়ে আইন আনার চিন্তাভাবনা চলছে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশ ও নিরাপত্তা কতটা সুরক্ষিত রাখা সম্ভব, সেই প্রশ্নই এখন নতুন করে আলোচনায়।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker