0%

মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য

নিজস্ব প্রতিনিধি: ভারতের জার্সিতে সিনিয়র দলে খেলার স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। তবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের ইতিহাসে নিজের নাম লিখিয়েছিলেন তিনি। দীর্ঘ ১৫ বছরের ক্রিকেট কেরিয়ারে একাধিক সাফল্য, ট্রফি এবং স্মরণীয় মুহূর্তের সাক্ষী থেকেছেন। এবার মাত্র ৩২ বছর বয়সেই পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের প্রাক্তন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য বি অপরাজিত। তাঁর অবসরের ঘোষণার পরেই ক্রিকেট মহলে তৈরি হয়েছে জোর চর্চা।     

২০১২ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তামিলনাড়ুর প্রাক্তন অধিনায়ক। বুধবার (২৫ নভেম্বর) ১৫ বছরের ক্রিকেট কেরিয়ারে ইতি টানার সিদ্ধান্ত জানান তিনি। ২০২৬-২৭ মরশুমের ঘরোয়া ক্রিকেট চলাকালীনই এই সিদ্ধান্ত নেন অপরাজিত।  

কে এই বি অপরাজিত? চিনে নিন… 

কেরিয়ারে মোট ১০২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। যার অধিকাংশই খেলেছেন তামিলনাড়ুর হয়ে। ২০২৪-২৫ মরশুম থেকে কেরলমের হয়ে খেলতে শুরু করেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে ১২টি শতরান এবং ২৭টি অর্ধশতরান। বিভিন্ন ফরম্যাট মিলিয়ে তাঁর শতরানের সংখ্যা ২০। পাশাপাশি তামিলনাড়ুর হয়ে তিনটি ঘরোয়া ট্রফিজয়ী দলের সদস্যও ছিলেন তিনি। ২০১৭-১৮ মরশুমে বিজয় হাজারে ট্রফি এবং ২০২০-২১ ও ২০২১-২২ মরশুমে সৈয়দ মুস্তাক আলি ট্রফি জেতে তামিলনাড়ু। ২০১২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর থেকে নজরে আসেন বি অপরাজিত। সেই প্রতিযোগিতায় ১৭১ রান করার পাশাপাশি অফস্পিনে পাঁচটি উইকেট নিয়েছিলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ম্যাচের সেরা ক্রিকেটারও নির্বাচিত হন। এরপর ২০১৫ সালে ভারত ‘এ’ দলে সুযোগ পেলেও সিনিয়র ভারতীয় দলে নিজের জায়গা পাকা করতে পারেননি। আইপিএলেও চেন্নাই সুপার কিংস এবং রাইজিং পুনে সুপারজায়ান্টের স্কোয়াডে ছিলেন তিনি। কিন্তু কোনও ফ্র্যাঞ্চাইজির হয়েই মাঠে নামার সুযোগ পাননি।

তবে ক্রিকেটের সঙ্গে সম্পর্ক একেবারে ছিন্ন করছেন না অপরাজিত। কোচিংকেই কেরিয়ারের পরবর্তী অধ্যায় হিসেবে বেছে নিতে চান তিনি। ইতিমধ্যেই বিসিসিআইয়ের লেভেল-২ কোচিং সার্টিফিকেশন পেয়েছেন। ২০২৬ সালের তামিলনাড়ু প্রিমিয়ার লিগে চেপক সুপার গিলিজের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব সামলেছেন। পাশাপাশি তরুণ ক্রিকেটারদের প্রশিক্ষণ দেওয়ার কাজেও যুক্ত রয়েছেন তিনি।

The post মাত্র ৩২ বছরে ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতকে বিশ্বকাপ জেতানো প্রাক্তন অধিনায়ক appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker