সুন্দরবন থেকে বিমানবন্দর হয়ে বারাসাত! চালু নতুন বাস পরিষেবা, রুট ও ভাড়া জানুন

SOBDIK NEWS: সুন্দরবনের প্রত্যন্ত এলাকার সঙ্গে কলকাতা ও শহরতলির যাতায়াত ব্যবস্থা আরও মজবুত হল। সুন্দরবন থেকে বারাসাত অবধি নতুন সরকারি বাস পরিষেবা চালু হয়েছে। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের (WBTC Bus) উদ্যোগে দু’টি নতুন রুটে ২০টি বাস চালু করা হয়েছে। এর মধ্যে একটি রুট ধামাখালি থেকে বারাসাত ও অন্যটি ন্যাজাট থেকে বারাসাত। কোন রুটের বাসের টাইমটেবিল ও ভাড়া কত জেনে নিন।
সুন্দরবন থেকে বারাসাত বাসের খুঁটিনাটি | (WBTC Bus)
ডব্লিউবিটিসির ধামাখালি থেকে বারাসাত রুটের বাসগুলি ধামাখালি থেকে ছেড়ে সায়েন্স সিটি, উল্টোডাঙা ও বিমানবন্দর হয়ে বারাসাত পৌঁছবে। জানা গিয়েছে, ধামাখালি থেকে বারাসাতের বাস ছাড়বে বিকেল ৩টে ও সাড়ে ৪টেয়। অন্যদিকে বারাসাত থেকে ধামাখালির বাস সকাল ৭টা ও ১১টায় ছাড়বে।
ন্যাজাট থেকে বারাসাতের বাসটিও সায়েন্স সিটি ও বিমানবন্দর হয়ে বারাসাত পৌঁছবে। জানা গিয়েছে, ন্যাজাট থেকে সকাল ৭টা ও বিকেল ৩টেয় বারাসাতের বাস ছাড়বে। অন্যদিকে বারাসাত থেকে ন্যাজাটের বাস সকাল সাড়ে ৭টা ও বিকেল ৩টের সময় ছাড়বে।
আরও পড়ুনঃ বিকাশ ভবনে শিক্ষকদের অবাধ যাতায়াতে লাগাম! কড়া নির্দেশিকা জারি স্কুল শিক্ষা দফতরের
রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী সুন্দরবনের দুই এলাকা থেকে বারাসাতের এই বাসগুলিতে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। তবে যে কোনও একটি পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। অন্যান্য যাত্রীদের জন্য ধামাখালি থেকে বারাসাত অবধি বাস ভাড়া ৭০ টাকা ও ন্যাজাট থেকে বারাসাত ভাড়া ৭৩ টাকা।
নতুন দুই বাস রুট চালুর পর সন্দেশখালির বিধায়ক সনৎ সর্দার বলেন, “এই বাস পরিষেবা চালু হওয়ায় সন্দেশখালির সঙ্গে কলকাতার যোগাযোগ আরও উন্নত হবে। আগামীদিনে বাসের সংখ্যা আরও বাড়বে। এই নতুন পরিষেবার ফলে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষদের যাতায়াত অনেকটাই সহজ হবে বলে মনে করা হচ্ছে।“
সুন্দরবনের বিভিন্ন প্রত্যন্ত এলাকার সঙ্গে কলকাতা ও শহরতলির সড়ক যোগাযোগ ব্যবস্থা এখনও বিশেষ উন্নত নয়। এবার ধামাখালি ও ন্যাজাট থেকে বারাসাত অবধি ডব্লিউবিটিসির বাস পরিষেবা চালু হওয়ায় সাধারণ মানুষের অনেকটা সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।



