‘৫০ কোটি রেখে গিয়েছিলাম, এখন ৪৫ কোটির দেনা’, নির্বাচনী আবহে ফেডারেশনকে তুলোধোনা প্রফুলের

নর্থ অ্যাভিনিউতে অরবিন্দ মেননের ফ্ল্যাট থেকে প্রফুল প্যাটেলের বাংলো, গাড়িতে মিনিট দশ। বাইরে থেকে আসা কিছু অতিথিকে নিয়ে বাংলোর পিছন দিকে বিশাল প্রশস্ত লনে তখন হাঁটছিলেন ফেডারেশনের প্রাক্তন সভাপতি প্রফুল। দেখামাত্র প্রফুল ইশারা করলেন। তাঁর দু’জন অফিস কর্মী সঙ্গে সঙ্গে মিটিং রুমে নিয়ে বসালেন। কিছুক্ষণ পরে ঘরে ঢুকে প্রথম প্রশ্নটা প্রফুল নিজেই ছুড়ে দিলেন। বললেন, ‘‘তোমার তো সন্ধ্যায় আসার কথা ছিল?’’ উত্তরে বললাম, অরবিন্দ মেননের সাক্ষাৎকার নেওয়া হয়ে গেল। তাই তাড়াতাড়ি চলে এলাম। শুরুতেই একটা প্রশ্ন করছি। অরবিন্দ ফুটবল ফেডারেশনের সভাপতি পদে দাঁড়াচ্ছেন, ঘোষণা করে দিয়েছেন। আপনি কি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন? আপনি এখনও তো সরকারিভাবে কিছুই জানাননি?
প্রফুল: আমরা দু’জনেই তো একদিকে। তাছাড়া এখনও তো মনোনয়ন পেশ করার সময় আসেনি। আমার ব্যাপারে যা বলার সেদিন টুইট করেই বলে দিয়েছি। বাকি কোনও কিছু এই মুহূ্র্তে বলব না। যা হওয়ার একসঙ্গে বসে আলোচনা করেই হবে।
প্রশ্ন: আপনার টুইটে শেষ লাইনগুলো মারাত্মক ইঙ্গিতবহ। কাউকে এই মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে বারণ করেছেন।
প্রফুল: এখনও সেটাই বলছি। সবার সঙ্গে আলোচনা করেই মনোনয়ন পেশ হবে। তাড়াহুড়োর কিছু নেই। শুধু মাঠের ভিতর ফুটবলের মান নেমে যাওয়া নয়। এই মুহূর্তে ফুটবল ফেডারেশনের ঘাড়ে বিশাল আর্থিক দেনা। কর্পোরেটরা বিরক্ত হয়ে ফুটবল থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। সবাইকে বুঝেশুনে সিদ্ধান্ত নিতে হবে।
প্রশ্ন: কিন্তু ভোটাররা যেরকম জানেন, অরবিন্দ মেনন ভোটে দাঁড়াচ্ছেন। আপনি তো সরকারি ভাবে ঘোষণা করেননি। ভোটাররা কীভাবে সিদ্ধান্ত নেবেন?
প্রফুল: আমি আবার বলছি, আমরা দু’জনেই একদিকে আছি। কেউ যেন না ভাবেন, আমরা দু’জনে লড়াই করব।
প্রশ্ন: তাহলে আপনার আর অরবিন্দ মেননের লড়াই কল্যাণ চৌবের বিরুদ্ধে?
প্রফুল: কার সঙ্গে লড়াই বললেন?
প্রশ্ন: কল্যাণ চৌবের বিরুদ্ধে?
প্রফুল: (উড়িয়ে দেওয়ার ভঙ্গিতে) প্লিজ অন্য প্রশ্ন করুন।
প্রশ্ন: কিন্তু কল্যাণ চৌবে তো একের পর এক টুইট করে বলছেন, প্রাক্তনরা তাঁদের কাজের হিসাব দিন।
প্রফুল: (হেসে) ওঁর প্রশ্নের উত্তর দিতে হবে? প্রিয়দা তো দেওয়ার জায়গায় নেই। আমরা দু’জনে খুবই ভালো বন্ধু ছিলাম। মনে আছে, প্রিয়দার সঙ্গে দূরদর্শনে গিয়ে অনুরোধ করতাম আই লিগ দেখানোর জন্য। এখনকার মতো তখন ফুটবলের সব কিছু পেশাদার পরিকাঠামো তৈরি হয়নি। দু’জনে ঠিক করলাম, কমার্শিয়াল পার্টনার আনতে হবে। না হলে এভাবে প্রতি বছর ফুটবল চালানো সম্ভব নয়। আমার বন্ধু সুভাষ চন্দ্রকে অনুরোধ করে ‘জি স্পোর্টস’-কে ফুটবলে নিয়ে এসেছিলাম। তারপর রিলায়েন্সকে যখন নিয়ে এলাম, তখন ‘জি’ রয়েছে। রিলায়েন্স ক্ষতিপূরণ দিয়ে ‘জি’-র থেকে রাইটস নিয়ে ফেডারেশনকে প্রতিবছর পঞ্চাশ কোটি টাকা দিতে লাগল। সঙ্গে পেশাদার লিগটাও চালাত। এর সঙ্গে স্টারের মতো চ্যানেলে ফুটবল দেখানো শুরু। মানুষ সামনের দিকে এগোয়। এখন তো আরও বেশি টাকা আসার কথা ছিল। সেখানে ভারতীয় ফুটবলে কোনও কমার্শিয়াল পার্টনারই নেই। ফেডারেশনের কোনও ব্রডকাস্টিং পার্টনার নেই !
প্রশ্ন: যখন দায়িত্ব ছেড়েছিলেন, তখন ফেডারেশনের ফান্ডে কত টাকা ছিল?
প্রফুল: ৫০ কোটি টাকা। আর এখন দেখুন কী অবস্থা! ফেডারেশনের ফান্ডে কত টাকা আছে? যা শুনছি, উলটে ৪৫ কোটি টাকার মতো দেনা। আচ্ছা আর্থিক দুরবস্থা ছেড়ে দিন। ফুটবলের কথায় আসি। আমার সময়ে দু’টো এশিয়ান কাপ খেলেছি। শেষ চার বছরে সিনিয়র দল ক’টা এশিয়ান কাপ খেলেছে? সাফ তো আমার সময়েও জিতেছি। আর অনূর্ধ-১৭ ছেলেদের এশিয়ান কাপে কোয়ালিফাইংয়ের কথা কী বলছেন? আমার সময়ে ছেলেরা অনূর্ধ-১৭ বিশ্বকাপ খেলেছে। আমরা দেশের মাটিতে বিশ্বকাপ আয়োজন করেছি। একবার মনে করুন তো, কলকাতায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে কীরকম টিকিটের হাহাকার ছিল। সারাদেশে ফুটবল ঘিরে আগ্রহ তৈরি হয়ে গিয়েছিল। ফুটবলকে কেন্দ্র করে স্টেডিয়াম, মাঠ সব আধুনিক হল। আর এখন ফুটবল নিয়ে কথা উঠলেই শুধু নেগেটিভ আলোচনা। রিলায়েন্স, টাটার মতো কর্পোরেটরা ফুটবল থেকে মুখ ঘুরিয়ে নেওয়া মানে বুঝতে পারছেন, সেটা ফুটবলের জন্য কতটা খারাপ বিজ্ঞাপন? যখন দেখি, মাঠে দর্শক আসছে না তখন খুব খারাপ লাগে। দেশের লিগটা পর্যন্ত ঠিক ভাবে করতে পারে না।
প্রশ্ন: গতবার তো কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য নিজের অফিসে ডেকে ক্লাবগুলির সঙ্গে কথা না বললে, অর্ধেক আইএসএলটাও হত না?
প্রফুল: এবারের কথাই বা ছেড়ে দিচ্ছেন কীভাবে?
প্রশ্ন: কী রকম?
প্রফুল: এবারেও আইএসএল হওয়া নিয়ে প্রবল অনিশ্চয়তা ছিল। আমি তো এখন আর ফেডারেশনে নেই। তবুও আইএসএল ক্লাবগুলি আমাকে অনুরোধ করল পুরো বিষয়টা দেখার জন্য। ক্লাবগুলির সঙ্গে আলাদা করে আলোচনা করে ক্রীড়ামন্ত্রীকে অনুরোধ করি পুরো বিষয়টা দেখার জন্য। যেদিন মনসুখ মাণ্ডব্য সব ক্লাবকে নিয়ে আলোচনা করে আইএসএলের দায়িত্ব ক্লাবদের হাতে তুলে দিলেন, সেদিন ওই মিটিংয়ে আমিও ছিলাম। আমার সময়ে এরকমটা কোনওদিন হয়েছে যে, দেশের লিগ চালাতে হস্তক্ষেপ করতে হয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে? দেশের সব ফুটবলপ্রেমীরা জানে, শেষ চার বছরে কী হয়েছে। কাউকে কিছু বোঝাতে হবে না।
প্রশ্ন: তাহলে এখন উপায়?
প্রফুল: সেই জন্যই তো বললাম, সবাইকে মিলে একসঙ্গে এই জায়গা থেকে ফুটবলকে ফের আলোয় ফেরাতে হবে। ভাবতে পারছেন, ফিফা তার কাউন্সিল মিটিং করেছে কলকাতায়। এএফসি কংগ্রেস হয়েছে ভারতে। আর সেই ফেডারেশনের বিরুদ্ধে এখন ফিফার কাছে যদি আর্থিক অভিযোগ যায়, দেশের মান সম্মানটা কোথায় যাবে? আর খেয়াল করেছেন তো, আইওএ থেকে কল্যাণ চৌবে বাদ পড়েছে (কথা বলার মাঝেই মাঝেই হাত ঘড়িতে সময় দেখতে লাগলেন প্রফুল প্যাটেল)
প্রশ্ন: আপনি কি কোথাও যাবেন?
প্রফুল: তুমি রাতে আসবে ভেবে এই সময় পর পর মিটিং শিডিউল আছে। একটু উঠতে হবে।
শেয়ার
লিংক



