রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

নিজস্ব প্রতিনিধি: ওজন কমানো বা ফিটনেস ধরে রাখার তাগিদে আজকাল তরুণ প্রজন্মের মধ্যে ‘জিরো-সুগার’ বা ডায়েট কোলা খাওয়ার প্রবণতা দারুণভাবে বেড়েছে। সাধারণ চিনিযুক্ত নরম পানীয়ের বদলে জিরো-ক্যালোরি ড্রিঙ্ক বেছে নেওয়াকে অনেকেই স্বাস্থ্যকর বিকল্প বলে মনে করেন। কিন্তু প্রতিদিন নিয়ম করে এই ধরনের পানীয় খাওয়া কি আদৌ নিরাপদ? সাম্প্রতিক এক প্রতিবেদনে পুষ্টিবিদ ও পানীয় বিশেষজ্ঞরা এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন।
কীভাবে শরীরে প্রভাব ফেলে জিরো-সুগার ড্রিঙ্ক?
সাধারণ নরম পানীয়ের পরিবর্তে মাঝেমধ্যে অল্প পরিমাণে জিরো-সুগার ড্রিঙ্ক খাওয়া তুলনামূলক ভালো বিকল্প হতে পারে। কিন্তু জলের মতো সারাদিন ধরে এই পানীয় খেলে শরীরে অতিরিক্ত মাত্রায় ‘নন-নিউট্রিটিভ সুইটনার’ প্রবেশ করে। বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম চিনিতে ক্যালোরি না থাকায় তা সরাসরি রক্তে শর্করা বা ইনসুলিনের মাত্রা বাড়ায় না। তবে অনেক জিরো-সুগার পানীয়তে ঘনত্ব বাড়ানোর জন্য ‘মল্টিটল’ বা ‘মল্টোডেক্সট্রিন’ ব্যবহার করা হয়,যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
কৃত্রিম চিনি রোজ খাওয়া কি নিরাপদ?
জিরো-সুগার ড্রিঙ্কে সাধারণত অ্যাসপার্টেম (Aspartame), সুক্রালোজ (Sucralose) এবং অ্যাসিসালফেম পটাশিয়াম (Acesulfame-K)-এর মতো কৃত্রিম চিনি ব্যবহার করা হয়। বিশেষজ্ঞদের মতে, দৈনিক নির্ধারিত নিরাপদ মাত্রার মধ্যে থাকলে এগুলি সাধারণত নিরাপদ। তবে সারাদিনে অন্যান্য খাবারের মাধ্যমেও শরীরে কৃত্রিম চিনি ঢুকছে কি না, সেদিকে নজর রাখা জরুরি। মূলত যাঁদের কিডনির সমস্যা বা রক্তে পটাশিয়ামের মাত্রা বেশি, তাঁদের অ্যাসিসালফেম-কে এড়িয়ে চলা উচিত। পাশাপাশি গর্ভাবস্থায় এবং শিশুদের ক্ষেত্রে সুক্রালোজ জাতীয় পানীয় দেওয়ার বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।
কেনার আগে লেবেলে কী দেখবেন?
পানীয় বিশেষজ্ঞদের পরামর্শ, শুধুমাত্র বোতলের সামনের ‘জিরো সুগার’ লেখা দেখে ভুলবেন না। পিছনের উপাদানের তালিকা (Ingredient list) ভালো করে পড়ুন—
১. INS নম্বর: প্যাকেটের গায়ে INS 950, 951 বা 955 লেখা থাকলে বুঝবেন তাতে কৃত্রিম চিনি রয়েছে।
২. লুকানো চিনি: ‘নো অ্যাডেড সুগার’ মানেই কিন্তু ‘সুগার ফ্রি’ নয়। এতে ফলের রসের ঘনত্ব বা সরবিটল, মল্টিটলের মতো সুগার অ্যালকোহল থাকতে পারে।
৩. অন্যান্য উপাদান: ১০০ মিলিলিটারের হিসাব না দেখে পুরো বোতল বা ক্যানের ক্যালোরি, সোডিয়াম, ক্যাফেইন এবং প্রিজারভেটিভের পরিমাণ যাচাই করে নিন।
The post রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ! appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.



