‘ভারতকে প্রথম ১০০-য় আনতেই হবে’, দৃঢ়প্রতিজ্ঞ ফেডারেশন সভাপতি প্রার্থী অরবিন্দ, তৈরি ভবিষ্যতের মাস্টারপ্ল্যান!

আগামী ২০ ডিসেম্বর ভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন। যে নির্বাচন ঘিরে উত্তেজনার পারদ এখন থেকেই চড়ছে। অরবিন্দ মেনন (Arvind Menon) ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন তিনি প্রেসিডেন্ট পদে লড়বেন। ফেডারেশনের প্রাক্তন সভাপতি প্রফুল প্যাটেল অবশ্য সরকারিভাবে কিছু ঘোষণা করেননি। বুধবার নয়াদিল্লিতে অরবিন্দ আর প্রফুল দু’জনের সঙ্গেই কথা বললেন ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিনিধি।
তিনি শুধু উত্তরপ্রদেশ ফুটবলের সভাপতিই নন। পাশাপাশি তিনি রাজনৈতিক ভাবে উত্তরাখন্ডে বিজেপির সাংগঠনিক দায়িত্বে। তিনি, অরবিন্দ মেনন। যিনি ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন, ফেডারেশনের আসন্ন নির্বাচনে সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই মুহূর্তে উত্তরাখন্ডের দায়িত্বে থাকলে কী হবে, একটা সময় বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন। তামিলনাড়ুর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। মধ্যপ্রদেশের দায়িত্বে থাকা ছাড়াও, দায়িত্ব পালন করেছেন বাংলার নির্বাচনে সহ পর্যবেক্ষকের। আরএসএসের প্রতিনিধি হিসেবে বরাবরই পর্দার পিছন থেকেই সংগঠনের দায়িত্ব পালন করেছেন। কিন্তু ফুটবল ফেডারেশনের নির্বাচনে এসে, কোনও পর্দার আড়ালে নয়। মনোনয়ন দাখিলের আগেই তিনি ঘোষণা করে দিয়েছেন, সভাপতি পদে দাঁড়াচ্ছেন। আর সভাপতি হওয়ার পর ভারতীয় ফুটবলকে কীভাবে পরিচালনা করবেন, যাবতীয় পরিকল্পনাও ছকে নিয়েছেন। রাষ্ট্রপতি ভবনের ঠিক পাশেই, দিল্লির নর্থ অ্যাভিনিউতে তাঁর ফ্ল্যাটে যখন কথা হচ্ছিল, দেখলাম, সভাপতি হওয়ার পর অন্তত ৬ মাসের পরিকল্পনা তৈরি করে ফেলেছেন।
প্রশ্ন : ঠিক কখন সিদ্ধান্ত নিলেন ফুটবল ফেডারেশনের সভাপতি হবেন?
মেনন : ফুটবলটা তো আমার জন্য নতুন কিছু নয়। উত্তরপ্রদেশের ফুটবলে এই নিয়ে দ্বিতীয়বার রয়েছি। ফলে দেশের ফুটবল ঘিরে সব কিছুই আমার জানা। বেশ কিছুদিন ধরে দেখছি, দেশের ফুটবল নিয়ে এককভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তারজন্যই দেশের ফুটবল এগোচ্ছে না। এরকম কেন হবে? আমরা সংগঠনে বিশ্বাস করি। এরপরেই বিভিন্ন রাজ্যের প্রতিনিধি, প্রাক্তন ফুটবলারদের সঙ্গে কথা বলার পর মনে হয়েছে, একটা দল তৈরি করে সবাইকে নিয়ে ভারতীয় ফুটবলের উন্নতিতে আমাদের একসঙ্গে কাজ করা উচিত। সেই ভাবনা থেকেই বলেছি, সভাপতির পদে লড়ব।
প্রশ্ন : শুধু এটাই কারণ?
মেনন: দেখুন, প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি ‘খেলো ইন্ডিয়া’ প্রকল্পের মাধ্যমে সারা দেশে খেলাধুলোর উন্নতি নিয়ে নানাভাবে চেষ্টা করছেন। আমরা দেশে অলিম্পিক আয়োজনের জন্য তৈরি হচ্ছি। মোদিজির নেতৃত্বে যেখানে সারা বিশ্বে আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলছি, ভাবুন তো সেখানে ফুটবল পিছিয়ে যেতে যেতে ১৪১-এ চলে গিয়েছি! এটা কি আদৌ খুব সম্মানের? অথচ, চার বছর আগে আমাদের ফুটবল, ফিফা ক্রমতালিকায় বিশ্বে ৯৯তম স্থানে ছিল।
প্রশ্ন : চার বছর আগে তো কল্যাণ চৌবে ভারতীয় ফুটবল ফেডারেশনের দায়িত্ব নিয়েছিলেন?
মেনন : আমি এই বিষয়ে কারও নাম উল্লেখ করতে চাই না। শুধু পরিস্থিতির ব্যাখ্যা করছি। ফেডারেশন সভাপতি হয়ে সকলের সঙ্গে কথা বলে আমার প্রথম লক্ষ্যই হবে, যেভাবেই হোক দেশের ফুটবলকে একশোর মধ্যে নিয়ে আসা। নাহলে কিছুতেই সম্মান ফিরবে না।

প্রশ্ন : সকলের সঙ্গে কথা বলে টিম করার অর্থ ঠিক কী বোঝাতে চাইছেন?
মেনন : কেন্দ্র-রাজ্য সব ফুটবল বিশেষজ্ঞ, পাশাপাশি পেশাদার ক্লাব মালিকদের সঙ্গে কথা বলা শুরু করেছি। সভাপতি হলে এদের পাশাপাশি ফিফা-এএফসি টেকনিক্যাল দলের সঙ্গেও কথা বলব। জানতে চাইব, দেশের ফুটবলকে একশোর মধ্যে আনতে চাইলে, তার রাস্তা কী? আর এই কঠিন রাস্তা পার হওয়া টিম ছাড়া একার পক্ষে কখনও সম্ভব নয়।
প্রশ্ন : প্রাক্তন ফুটবলারদের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছেন?
মেনন: অবশ্যই। এই তো যে চারজন প্রাক্তন ফুটবলার নির্বাচনে জিতলেন, প্রত্যেকের সঙ্গে আমার কথা হল। এমনকী যাঁরা নির্বাচনে দাঁড়ানোর পরিকল্পনা করছেন, তাঁদের কাছেও জানতে চাইছি, কেন তাঁরা নির্বাচনে নামতে চাইছেন?
প্রশ্ন : এখানেই একটা প্রশ্ন উঠছে। আপনি যেদিন নির্বাচনে দাঁড়াবেন ঘোষণা করলেন, ঠিক তার পরের দিনই প্রফুল প্যাটেল টুইট করে জানালেন, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
মেনন : দেখুন, প্রফুল প্যাটেল আর আমি একই সঙ্গে আছি। কোনও সমস্যা নেই তো। আমি তো একটা দল হিসেবেই এগোতে চাইছি। আমার লক্ষ্য হচ্ছে, শহরের পাশাপাশি প্রত্যন্ত গ্রাম থেকে ফুটবলার তুলে আনা। সৌরভ-ধোনি যেভাবে একের পর এক ক্রিকেটার ভারতীয় দলে তুলে এনেছেন, আমাদেরও সেভাবেই এগোতে হবে।
প্রশ্ন : আপনিই একটু আগে বললেন, চার বছর আগে কল্যাণ যখন দায়িত্ব নিয়েছিলেন, ভারতীয় ফুটবল এতটা পিছিয়ে ছিল না। রিলায়েন্স বছরে ৫০ কোটি টাকা দিত। তার উপর এই যে ব্রাজিল, উরুগুয়ে ম্যাচের পর ৪৫-৪৬ কোটি টাকা দেনা। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী হস্তক্ষেপ না করলে, আইএসএলটাই হত না। সভাপতি হিসেবে আপনি কাঁটার চেয়ারে বসতে চলেছেন, জানেন তো?
মেনন: ফুটবল ফেডারেশনে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, তার সমাধান করতেই হবে। এই সমস্যা শুধু ফেডারেশনের সমস্যা নয়। দেশের ফুটবলারদের সমস্যা। দেশের ফুটবল ফ্যানদের সমস্যা। আমরা চাই না, ফুটবলের সঙ্গে জড়িত কেউ মন খারাপ নিয়ে থাকুক। যেখানে যেখানে ‘লিক’ হয়েছে, সেই ‘লিক’গুলি তাড়াতাড়ি বন্ধ করতে হবে। তবে মেয়েদের ফুটবল উন্নতি করছে। মেয়েদের ফুটবলকে দ্বিতীয় সারির দল হিসেবে দেখতে চাই না।

প্রশ্ন : আপনি উত্তরপ্রদেশের ফুটবলে আছেন। কিন্তু সেখানে কোনও ভালো ফুটবল স্টেডিয়াম নেই কেন?
মেনন: এই কিছুদিন আগেই ইউপির মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ডিটেলসে কথা হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি স্টেডিয়াম শুরু হয়ে যাবে। এই কিছুদিন আগেই ইউপি-তে বড় ফুটবল প্রতিযোগিতা শুরু করে দিয়েছি।
প্রশ্ন : আমরা তো অনূর্ধ-১৭ বিশ্বকাপ আয়োজন করেছি। সিনিয়র পর্যায়ে এশিয়ান কাপের আয়োজনও তো হতে পারে?
মেনন : নিশ্চিতভাবেই হতে পারে। সেইজন্যই তো ফুটবল বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে একটা রোডম্যাপ করতে চাইছি। আন্তর্জাতিক ফুটবলের পাশাপাশি ঘরোয়া ফুটবলেও উন্নতি করার লক্ষ্য রয়েছে। ভারতবর্ষকে বিশ্ব ফুটবলের মানচিত্রে শক্তিশালী ফুটবল রাষ্ট্র করতে চাই। কার্যকরী কমটিতে হয়তো চার প্রাক্তন ফুটবলার রয়েছেন। কিন্তু বাইচুং, বিজয়ন এঁদেরকে জিজ্ঞাসা করে দেখুন, অনেকদিন ধরে এঁদের সঙ্গে আমার দারুণ সম্পর্ক। ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে গেলে এই মহান ফুটবলারদের বাইরে রাখা কিছুতেই সম্ভব নয়।
দেখুন, প্রফুল প্যাটেল আর আমি একই সঙ্গে আছি। কোনও সমস্যা নেই তো। আমি তো একটা দল হিসেবেই এগোতে চাইছি। আমার লক্ষ্য হচ্ছে, শহরের পাশাপাশি প্রত্যন্ত গ্রাম থেকে ফুটবলার তুলে আনা। সৌরভ-ধোনি যেভাবে একের পর এক ক্রিকেটার ভারতীয় দলে তুলে এনেছেন, আমাদেরও সেভাবেই এগোতে হবে।
প্রশ্ন : ভারতে সবাই যখন ক্রিকেটে মনোনিবেশ করছেন। সেই সময় আপনি ফুটবলে মনোনিবেশ করতে চাইছেন?
মেনন : দেখুন, রাজননৈতিক কারণে পাঁচ-ছ’বছর আমি বাংলায় ছিলাম। বাংলার গ্রামে গ্রামে ঘুরেছি। দেখেছি, মানুষের মধ্যে ফুটবল ঘিরে কী জনপ্রিয়তা। আবার জন্মগত সূত্রে আমি কেরলের। বাংলার মতো কেরলেও আপনি রাত বারোটায় দেখতে পাবেন, গ্রামে গ্রামে ছেলেরা ফুটবল খেলছে। ভারতের দুই জনপ্রিয় ফুটবল রাজ্যর সঙ্গে আমার নিবিড় যোগাযোগ। এরপর ফুটবল নিয়ে আমার ভালবাসা থাকবে এটাই তো স্বাভাবিক।
প্রশ্ন : আচ্ছা, শেষ পর্যন্ত ভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচনটা হবে?
মেনন : কালকে কী হবে, এখনই কী করে বলব? আর লড়াই তো বিদেশের সঙ্গে হয়। এখানে লড়াইটা কার সঙ্গে করব? (হাসি)
শেয়ার
লিংক



