0%

পাকিস্তানকে ‘টুকরো’ করতে উদ্যত মুনির, আখেরে আরও দুর্বল হবে প্রশাসন?

ভেঙে টুকরো হবে পাকিস্তান (Pakistan)। এটাই এখন পাক সেনা সর্বাধিনায়ক আসিম মুনিরের স্বপ্ন। আপাতত চূড়ান্ত হয়নি কোনও মানচিত্র। কিন্তু জানা যাচ্ছে. পাকিস্তানের চারটি প্রদেশ- পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানকে ভেঙে ১২ থেকে ১৫টি ছোট প্রশাসনিক অঞ্চল বা নতুন প্রদেশ গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে সেনা ও সরকারের মধ্যে। যদি সত্যিই সেটা হয় তাহলে পাকিস্তানের অভ্যন্তরীণ প্রশাসনিক নকশা অনেকটাই বদলে যাবে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্তে কি আখেরে ভালো হবে পাকিস্তানের?

আপাতত পাকিস্তান জুড়ে চলছে বিতর্ক। করাচি-সহ সিন্ধু প্রদেশের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ পদযাত্রা করেছেন অতি সম্প্রতি। সিন্ধি জাতীয়তাবাদী সংগঠন ‘জিয়ে সিন্ধ মুত্তাহিদা মাহাজ’ আওয়াজ দিয়েছে স্বাধীন ‘সিন্ধুদেশ’-এর সমর্থনে। এহেন পরিস্থিতিতে আশঙ্কা বাড়ছে।

বলে রাখা ভালো, পাকিস্তানের ১২ কোটি ৮০ লক্ষ মানুষ বাস করেন পাঞ্জাব প্রদেশে। অর্থাৎ দেশটির জনসংখ্যার প্রায় অর্ধেকই এখানকার। আবার অদ্ভুতভাবে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বালোচিস্তানে থাকেন মাত্র দেড় কোটি মানুষ। ফলে দীর্ঘকাল ধরে নানা বিতর্কের জন্ম হয়েছে। সেদিক থেকে মনে হতেই পারে, নতুন করে প্রশাসনিক পরিবর্তন হলে হয়তো তা এই ধরনের বৈষম্য ঘোচাতে পারবে।

কিন্তু কাজটা সহজ হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কেননা এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও ধরনের সাংবিধানিক সংশোধনী বা রাজনৈতিক ঐকমত্য নেই। মুনির অবশ্য বলতে চাইছেন, এতে পাকিস্তানের মানুষরাই পরস্পরের আরও কাছাকাছি আসবেন। কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন, এর ফলে পাকিস্তানের ফেডারেল কাঠামো সম্পূর্ণ বদলে যেতে পারে। ফেডারেশন রাজনৈতিকভাবে অনেক বেশি নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে। শরিফদের ‘জোটসঙ্গী’ পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো দাবি করেছেন, সুকৌশলে পাকিস্তানের সিন্ধু প্রদেশকে ভেঙে ফেলতে চাইছে শাহবাজ সরকার। তাঁর হুঁশিয়ারি, এমন কিছু করতে গেলে করাচিতে রক্তের বন্যা বইবে। তাঁর এমন হুঁশিয়ারি, ছড়াতে থাকা বিক্ষোভের আগুন কিন্তু ইঙ্গিত করছে মুনিরের সিদ্ধান্ত ‘আত্মঘাতী’ হয়ে উঠতে পারে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker