0%

‘জাতি আজ নিরপরাধ মানুষের স্মৃতিতে থমকে দাঁড়ায়’, ২৬/১১ হামলার শহিদ ও নিহতদের স্মরণে ক্রীড়ামহল

 

 

নয়াদিল্লি, ২৬ নভেম্বর : ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত নিরপরাধ মানুষ এবং দেশরক্ষায় প্রাণ দেওয়া নিরাপত্তাকর্মীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল দেশের ক্রীড়ামহল। বৃহস্পতিবার প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে বিভিন্ন ক্রীড়া সংস্থার কর্তারাও ২৬/১১ হামলার শহিদ ও নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 

উল্লেখ্য, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত ১০ জন জঙ্গি ২০০৮ সালের ২৬ নভেম্বর রাতে মুম্বইয়ে ধারাবাহিক হামলা চালায়। ২৯ নভেম্বর পর্যন্ত চলে এই ভয়াবহ জঙ্গি তাণ্ডব। শহরের গুরুত্বপূর্ণ রেলস্টেশন, হোটেল, হাসপাতাল এবং অন্যান্য জনবহুল স্থানে একযোগে হামলা চালানো হয়েছিল।

 

ছত্রপতি শিবাজি টার্মিনাস রেলস্টেশন, লিওপোল্ড ক্যাফে, দুটি হাসপাতাল, নারিমান হাউস এবং তাজমহল প্যালেস ও ওবেরয়-ট্রাইডেন্ট হোটেল ছিল জঙ্গিদের হামলার অন্যতম লক্ষ্য। চার দিন ধরে চলা এই হামলায় ১৬৬ জনের মৃত্যু হয় এবং প্রায় ৩০০ জন আহত হন। নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ জঙ্গির মধ্যে ন’জন নিহত হয়। জীবিত অবস্থায় ধরা পড়ে আজমল আমির কাসাব। ২০১০ সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ২০১২ সালে তার ফাঁসি কার্যকর হয়।

 

প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকর সমাজমাধ্যম এক্সে লেখেন, ২৬/১১ এমন একটি দিন, যেদিন আমরা নিহতদের পাশাপাশি সেইসব সাধারণ মানুষকেও স্মরণ করি, যাঁরা অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। কেউ অপরিচিত মানুষকে সাহায্য করেছিলেন, কেউ নিজেদের বাড়ির দরজা খুলে দিয়েছিলেন, আবার কেউ বিপদের সময় অন্যদের পাশে দাঁড়িয়েছিলেন। সেইসব নীরব নায়কদেরও আজ স্মরণ করা প্রয়োজন।

 

প্রাক্তন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান লেখেন, কিছু দিন জাতির স্মৃতিতে চিরকাল অমলিন হয়ে থাকে। ২৬/১১ তেমনই একটি দিন। এই দিনে নিরপরাধ নিহত মানুষ এবং অন্যদের রক্ষা করতে এগিয়ে আসা সাহসী ব্যক্তিদের স্মরণ করছি।

 

প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ তৎকালীন এএসআই তুকারাম ওম্বলের অসীম সাহসিকতার কথা তুলে ধরেন। তিনি লেখেন, একে-৪৭-এর গুলিতে বিদ্ধ হয়েও তুকারাম ওম্বলে অস্ত্রের নল আঁকড়ে ধরে রেখেছিলেন, যার ফলে আজমল কাসাবকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করা সম্ভব হয়েছিল। তাঁর প্রতি কোটি কোটি প্রণাম জানিয়ে ‘জয় হিন্দ’ বার্তাও দেন সেহবাগ।

 

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি মিথুন মানহাসও শহিদদের স্মরণ করে লেখেন, ‘আমাদের সাহসী বীরদের স্মরণ করছি।’

 

আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে জানানো হয়, শহিদদের সাহসিকতা ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। রাজস্থান রয়্যালসও নিহতদের স্মরণ করে এবং অন্যদের রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করা বীরদের প্রতি সম্মান জানায়।

 

ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও ২৬/১১ হামলার শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি লেখেন, ২০০৮ সালের ২৬ নভেম্বর ভারতের ইতিহাসে একটি কালো দিন হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। পাকিস্তানি জঙ্গিদের ভয়াবহ হামলায় নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছিলেন। এরপর থেকে দেশের অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তা জোরদার করতে ভারত অনেকটাই এগিয়েছে। দেশের নিরাপত্তার জন্য যারা আত্মবলিদান দিয়েছেন, তাঁদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

 

উল্লেখ্য, ২৬/১১ মুম্বই হামলা ভারতের ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায়। এই হামলা আজও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর আত্মত্যাগ ও অসীম সাহসিকতার কথা স্মরণ করিয়ে দেয়।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker