রোহিতদের ট্রফিজয়ের পর আবার আমেরিকায় ফিরছে টি-২০ বিশ্বকাপ, নাইটদের স্টেডিয়ামে হবে ম্যাচ!

২০২৪-এ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল রোহিত শর্মার ভারত। সেবার বিশ্বকাপ হয়েছিল আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে। সেই জায়গায় আবার ফিরতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমনকী ম্যাচ হতে পারে নাইট রাইডার্সের স্টেডিয়ামেও। তবে সম্প্রতি নয়, মার্কিনভূমে বিশ্বকাপ দেখা যাবে বছর আটেক পর।
সম্প্রতি ২০৩৫ পর্যন্ত আইসিসি ইভেন্টের সময়সূচি প্রকাশ করেছে জয় শাহর সংস্থা। যদিও ২০৩২ থেকে ২০৩৫ পর্যন্ত ইভেন্টগুলোর ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়নি। তবে জানা গিয়েছে ২০৩৪-র টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ৬ জুলাই থেকে ৬ আগস্টের মধ্যে। গত বিশ্বকাপে বৃষ্টি ভুগিয়েছিল। সেটা মাথায় রেখেই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ২০৩০-র বিশ্বকাপ ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে যৌথভাবে করার আবেদন করেছিল। কিন্তু ওই এক কারণে আইসিসি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে।
এরপর আসছে ২০৩৪-র বিশ্বকাপের কথা। ২০২৪-এ বিশ্বকাপ আয়োজনে কিছু সমস্যা হয়েছিল। আবার নতুন মহাদেশে বিশ্বকাপ নিয়ে উন্মাদনাও কম ছিল না। সেই কারণে ফের আমেরিকার দিকে ঘুরতে চাইছে আইসিসি। তাছাড়া মেজর লিগ ক্রিকেট চালু হওয়ায় এখন মাঠও প্রস্তুত। তাই ম্যাচ আয়োজনে খুব একটা সমস্যা হবে না। আর একটি বিষয় হল, ২০২৮-এ লস অ্যাঞ্জেলসে অলিম্পিক গেমস হবে। ১২৮ বছর পর অলিম্পিকে ক্রিকেট ফিরছে।
জানা গিয়েছে, অলিম্পিক তো বটেই, টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ হতে পারে লস অ্যাঞ্জেলসে নাইট রাইডার্সের স্টেডিয়ামে। শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি এই স্টেডিয়াম তৈরি করেছে। এছাড়া আগামী বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি সিরিজ আছে। তার মধ্যে দু’টো ম্যাচ আমেরিকায় হবে। ওয়াশিংটন বা ফ্লোরিডায় ম্যাচগুলো হবে। উল্লেখ্য, ২০২৪-এ বিশ্বকাপে তিনটি স্টেডিয়ামে ম্যাচ হয়েছিল। তার মধ্যে নিউ ইয়র্কের একটি স্টেডিয়াম ছিল অস্থায়ী, যা পরে ভেঙে ফেলা হয়।
শেয়ার
লিংক



