অবশেষে বাদল অধিবেশন ডাকল কেন্দ্র, পেশ হবে আসন বৃদ্ধি সহ মহিলা বিল

SOBDIK NEWS: অবশেষে মুলতুবি থাকা বাদল অধিবেশনের (Parliament Monsoon Session) দ্বিতীয় পর্বের ডাক দিল নরেন্দ্র মোদি সরকার (Modi Government)। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু বৃহস্পতিবার সন্ধ্যায় সমাজমাধ্যমে জানিয়েছেন, লোকসভা আগামী ৩০ নভেম্বর সোমবার ও রাজ্যসভা ২ ডিসেম্বর বুধবার বসবে। জরুরি সরকারি কাজ সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। প্রয়োজন অনুযায়ী দুই কক্ষের অধিবেশন ৩ ডিসেম্বর শেষ হতে পারে।
লোকসভার আসন পুনর্বিন্যাস বিল পাসের সম্ভাবনা কতটা?
এই স্বল্পমেয়াদি অধিবেশনকে ঘিরে রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনা চলছে লোকসভার আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিল (Lok Sabha Delimitation Bill) নিয়ে। চলতি বছরের এপ্রিলে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল তিনটি বিল পেশ করেছিলেন। এর মধ্যে ১৩১তম সংবিধান সংশোধনী বিল বা ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’-এ লোকসভার আসন সংখ্যা ৮৫০-এর মধ্যে বাড়িয়ে মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের প্রস্তাব ছিল। সঙ্গে ছিল আসন পুনর্বিন্যাস বিল ও কেন্দ্রশাসিত অঞ্চলের আইন সংশোধনী বিল।
সাধারণত সংবিধান সংশোধনী বিল হওয়ায় পাস করতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাগে। তবে ধ্বনিভোটে সম্ভব নয়, ভোটাভুটি বাধ্যতামূলক। এবছরের এপ্রিলে প্রথম বিলটি প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় বাকি দু’টি নিয়ে এগোয়নি সরকার। এরপর ১৩ আগস্ট বাদল অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি ঘোষণা করা হয়।
আরও পড়ুনঃ কলকাতায় জলের আকাল! কুণাল ঘোষের অভিযোগ ভিত্তিহীন দাবি বিজেপির
এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা, ডিএমকে ও এনসিপি (শরদ পওয়ার)-এর মতো দলগুলিকে প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থনে রাজি করানোর পরই এই অধিবেশন ডাকা হয়েছে। ছোট দলগুলির সাংসদদের নিয়ে সংখ্যাগরিষ্ঠতার অঙ্ক মেলানোর চেষ্টা চলছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধীদের একাংশ। যদিও কেন্দ্র এখনও স্পষ্ট করে কিছু জানায়নি যে এই অধিবেশনে বিল পেশ বা পাসের উদ্যোগ নেওয়া হবে কি না।
প্রসঙ্গত, বিরোধী শিবির ইতিমধ্যে সক্রিয় হয়ে গিয়েছে। কংগ্রেসের সংসদীয় স্ট্র্যাটেজি গ্রুপ শুক্রবার দিল্লিতে বৈঠক করছে। সাংসদ মণীশ তিওয়ারি সরকারের এই পদক্ষেপকে সংসদীয় প্রতিষ্ঠানের প্রতি উপহাস বলেছেন। তাঁর কথায়, নিয়ম অনুযায়ী এখন শীতকালীন অধিবেশন বসার সময়। দুই অধিবেশনের ফাঁকে ডাকা এই অধিবেশনকে নিয়মিত শীতকালীন অধিবেশনের বিকল্প বলা যায় না।সংবিধান দিবসে প্রকাশিত এক নিবন্ধে প্রধানমন্ত্রী মোদি মহিলা সংরক্ষণ বিল আটকে থাকার জন্য বিরোধীদের দায়ী করেন। তিনি লেখেন, কোনও শক্তি মহিলা সংরক্ষণ আটকাতে পারবে না। সরকার এখন কী পথে হাঁটে? প্রশ্ন উঠছে গোটা রাজনৈতিক মহলে।



