দশভুজা মা! ৬ মাসের মেয়েকে কোলে নিয়ে সংসদে বক্তৃতা, ভাইরাল অজি সেনেটর ফতিমা

কথায় আছে, মা হওয়া কি মুখের কথা? মা হওয়া সত্যি সহজ বিষয় নয়। কিন্তু মায়েদের শক্তি যে আরও বেশি, তা বারবার প্রমাণিত হয়েছে নানা ঘটনায়। আবারও তার নিদর্শন রাখলেন অস্ট্রেলিয়ার সেনেটর ফতিমা পেম্যান। পার্লামেন্টের অধিবেশনে যোগ দিলেন ৬ মাসের মেয়েকে কোলে নিয়েই। শুধু তাই নয়, ডিজিটাল ডিউটি বিলের মতো জরুরি বিষয় নিয়ে আলোচনায় সক্রিয়ভাবে অংশ নিয়ে নিজের বক্তব্য রাখলেন। তখনও তাঁর কোলে ছিল মেয়ে। এই ভিডিও ভাইরাল হয়েছে। তবে ফতিমার পাশাপাশি ওই ভিডিওতে আরও একজনও বেশ প্রশংসা কুড়িয়েছেন। তিনি ফতিমার সহকর্মী, আরেক সেনেটর লিডিয়া থর্প। ফতিমার বক্তব্যের সময় তাঁকে দেখা গিয়েছে, সামান্য দূরে থেকেও ছোট্ট মেয়েটিকে সঙ্গ দিচ্ছেন। এসবই বুঝিয়ে দেয়, যে কোনও কাজে মেয়েরা কত এগিয়ে।
পশ্চিম অস্ট্রেলিয়ার স্বতন্ত্র জনপ্রতিনিধি ফতিমা পেম্যান। মাস ছয়েক আগে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু তাতে কি থেমে থাকবে প্রশাসনিক কাজকর্ম? মোটেই না। তাই নভেম্বরের ২৪ ও ২৫ তারিখ পার্লামেন্টে আলোচনায় যোগ দিতে মেয়েকে আলিয়াকে কোলে নিয়েই চলে এসেছেন ফতিমা। আসলে অস্ট্রেলিয়ায় এই নিয়মটি রয়েছে। চাইলে সন্তানকে নিয়ে কর্মস্থলে আসতে পারেন। বাচ্চাদের জন্য আলাদা ব্যবস্থাও রয়েছে পার্লামেন্ট চত্বরে। তাই প্রথমবার ফতিমাই যে সন্তানকে নিয়ে এলেন, তা নয়। তবে কোলে নিয়ে বক্তব্য রাখা কিছুটা ব্যতিক্রম। সেদিক থেকে ফতিমার কাজ কুর্নিশযোগ্যই।
তবে সেনেটর লিডিয়া থর্পের ভূমিকা এক্ষেত্রে আরও প্রশংসনীয়। পার্লামেন্ট হাউসে ফতিমার ঠিক পিছনের আসনেই বসেছিলেন লিডিয়া। ফতিমা যখন ৬ মাসের আলিয়াকে কোলে নিয়ে নিজের বক্তব্য পেশ করছিলেন, তখন মেয়েটি কিছুটা ছটফট করছিল। সেসময় পিছনের আসনে বসেই লিডিয়া তার ভাষাতেই তাকে শান্ত করার চেষ্টা করেন। আলিয়ার সঙ্গে নানা অঙ্গভঙ্গি করতে দেখা যায় তাঁকে। তাতেই চুপ করে যায় আলিয়া। নেটিজেনের চোখ এড়ায়নি লিডিয়ার এই ভূমিকা। তাই ফতিমার পাশাপাশি তাঁরও ভূয়সী প্রশংসা করেছেন তাঁরা। কেউ কেউ বলছেন, একজন নারীর দায়িত্ব ভাগ করে নিতে পারেন একজন নারীই।ফতিমা-আলিয়া-লিডিয়ার ছোট্ট সমীকরণ তারই নিদর্শন।
শেয়ার
লিংক



