0%

পুজোর ফুল আর ফেলনা নয়! বিশেষভাবে সক্ষমদের কর্মসংস্থানে নতুন পরিকল্পনা অগ্নিমিত্রা পালের

SOBDIK NEWS: মন্দিরের প্রাঙ্গণে প্রতিদিন জমা হয় পুজোয় ব্যবহৃত অসংখ্য ফুল ও মালা। পুজো শেষ হলে সেগুলির বেশিরভাগই জায়গা নেয় বর্জ্যের স্তূপে। এবার সেই ছবি বদলানোর জন্য নয়া পরিকল্পনা অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul)। বাতিল ফুল থেকে তৈরি হবে ধূপকাঠি ও আবির। আর এই উৎপাদনের কাজে যুক্ত করা হবে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের। অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠানের ফেলে দেওয়া সামগ্রীকে সম্পদে পরিণত করার পাশাপাশি তাঁদের জন্য আয়ের নতুন রাস্তা খুলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

ফেলে দেওয়া ফুল থেকে হবে ধূপ, নয়া ভাবনা অগ্নিমিত্রার (Agnimitra Paul)

রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর এই অভিনব কর্মসূচি বাস্তবায়নের কথা ভাবছে। প্রকল্পের মাধ্যমে বিভিন্ন মন্দির থেকে পুজোয় ব্যবহৃত ফুল ও মালা সংগ্রহ করা হবে। পরে সেগুলি প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি করা হবে নিত্যব্যবহার্য সামগ্রী। এতে ফুলের বর্জ্য সরাসরি ফেলে দেওয়ার প্রয়োজন কমবে। পাশাপাশি উৎপাদনের কাজে যুক্ত ব্যক্তিদের নিয়মিত উপার্জনের সুযোগও তৈরি হতে পারে।

এই উদ্যোগের কেন্দ্রে রয়েছেন বিশেষভাবে সক্ষম নাগরিকরা। তাঁদের জন্য এমন কাজের ব্যবস্থা করতে চাইছে সরকার, যেখানে শারীরিক সীমাবদ্ধতা কর্মসংস্থানের পথে বাধা হয়ে দাঁড়াবে না। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের বক্তব্য, এই প্রকল্পের মাধ্যমে তাঁদের নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দেওয়াই প্রধান লক্ষ্য। অন্যের উপর নির্ভরশীল না থেকে নিজেদের উপার্জনে জীবন চালাতে পারলে তাঁদের আত্মবিশ্বাস ও সামাজিক মর্যাদাও বাড়বে। কর্মক্ষেত্রে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করে সমাজের বৃহত্তর পরিসরে জায়গা করে দেওয়ার ভাবনাও রয়েছে এই পরিকল্পনায়।

আরও পড়ুন : মাসের শেষ সপ্তাহে কোন কোন রুটে বাতিল ট্রেন? দেখে নিন তালিকা

কোন কোন মন্দির থেকে কাঁচামাল সংগ্রহ করা হবে, সেই প্রস্তুতিও শুরু হয়েছে বলে দপ্তর সূত্রে খবর। প্রাথমিকভাবে কয়েকটি পরিচিত ধর্মীয় প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে নৈহাটির বড়মায়ের মন্দির। সেখানে পুজোর পর প্রতিদিন যে পরিমাণ ফুল ও মালা জমা হয়, তা সঠিকভাবে কাজে লাগানোর সুযোগ রয়েছে। অন্য মন্দিরগুলিকেও পর্যায়ক্রমে এই ব্যবস্থার আওতায় আনার সম্ভাবনা রয়েছে।পরিকল্পনাটি কার্যকর হলে মন্দিরের বাতিল সামগ্রী থেকেই তৈরি হতে পারে বিশেষভাবে সক্ষমদের উপার্জনের উৎস।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker