0%

ভারত-মরিশাস কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার জয়শঙ্কর ও রামফুলের

 

 

নয়াদিল্লি, ২৬ নভেম্বর : ভারত ও মরিশাসের মধ্যে উন্নত কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং মরিশাসের বিদেশমন্ত্রী ধনঞ্জয় ঋতিশ রামফুল। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলির সংগঠন ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পরিষদের বৈঠকের ফাঁকে দুই নেতার মধ্যে বৈঠক হয়।

 

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক এবং বিশেষ অর্থনৈতিক প্যাকেজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ভারতের ‘ভিশন মহাসাগর’ এবং ‘প্রতিবেশী প্রথম’ নীতির আওতায় মরিশাসের উন্নয়নমূলক অগ্রাধিকারগুলিকে সমর্থন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ভারত।

 

বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জয়শঙ্কর লেখেন, “আইওআরএ মন্ত্রী পরিষদের বৈঠকের ফাঁকে মরিশাসের বিদেশমন্ত্রী ধনঞ্জয় ঋতিশ রামফুলের সঙ্গে দেখা করে অত্যন্ত ভালো লাগল। বিশেষ অর্থনৈতিক প্যাকেজের অগ্রগতি-সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”

 

তিনি আরও জানান, ভারত-মরিশাস উন্নত কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করা এবং ভারতের ভিশন মহাসাগর ও প্রতিবেশী প্রথম নীতির আওতায় মরিশাসের উন্নয়নমূলক অগ্রাধিকারগুলিকে সমর্থন করার বিষয়ে দুই দেশ নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

 

এর আগে বৃহস্পতিবারই আইওআরএ-র ২৫তম মন্ত্রী পরিষদের বৈঠকে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছন মরিশাসের বিদেশমন্ত্রী রামফুল। বিদেশ মন্ত্রক তাঁকে স্বাগত জানিয়ে জানায়, ভারত মহাসাগরীয় অঞ্চলের ঘনিষ্ঠ বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার মরিশাসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আরও মজবুত করার ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ণ।

 

শুক্রবার নয়াদিল্লিতে আইওআরএ-র ২৫তম মন্ত্রী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সংগঠনের ভবিষ্যৎ নীতিগত দিশা, আঞ্চলিক সহযোগিতার কাঠামো পর্যালোচনা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে আলোচনা হবে।

 

২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত আইওআরএ-র সভাপতিত্বকালে ভারতের মূল ভাবনা হল—‘ভারত মহাসাগরীয় অঞ্চলে উদ্ভাবন, উন্মুক্ততা, সহনশীলতা এবং অভিযোজন ক্ষমতা’।

 

বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, ২৩টি সদস্য দেশ এবং ১২টি সংলাপ সহযোগী দেশের মন্ত্রী ও শীর্ষ আধিকারিকদের অংশগ্রহণে এই বৈঠক ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

বিদেশ মন্ত্রক জানিয়েছে, নয়াদিল্লির এই বৈঠকে ভারত মহাসাগরীয় অঞ্চলকে শান্তি, স্থিতিশীলতা, পূর্বানুমানযোগ্যতা এবং টেকসই উন্নয়নের অঞ্চল হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হবে। একই সঙ্গে ‘মহাসাগর’ (মিউচুয়াল অ্যান্ড হলিস্টিক অ্যাডভান্সমেন্ট ফর সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন) ভাবনার মাধ্যমে একটি উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং নিয়মভিত্তিক সামুদ্রিক ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হবে।

 

আইওআরএ-র ২৩টি সদস্য দেশের মধ্যে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইরান, কেনিয়া, মাদাগাস্কার, কোমোরোস, ফ্রান্স, মালয়েশিয়া, মালদ্বীপ, মরিশাস, মোজাম্বিক, ওমান, সেশেলস, সিঙ্গাপুর, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, তানজানিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহি এবং ইয়েমেন।

 

অন্যদিকে, সংস্থার ১২টি সংলাপ সহযোগী দেশ ও সংস্থার মধ্যে রয়েছে চিন, মিশর, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক, ব্রিটেন এবং আমেরিকা।

 

উল্লেখ্য, আইওআরএ-র সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা হল মন্ত্রী পরিষদ। সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীরা এই পরিষদের সদস্য। সংগঠনের নীতি ও কৌশলগত দিশা নির্ধারণ, সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা এবং নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা এই পরিষদের

অন্যতম প্রধান দায়িত্ব।

 

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker