শত্রুর ড্রোন হামলা রুখতে পোখরানে ভারতের নয়া ‘ভার্গবাস্ত্রের’ পরীক্ষা সফল

নয়াদিল্লি: আধুনিক যুদ্ধের ময়দানে ক্রমশ বড় বিপদ হয়ে উঠছে চালকবিহীন ড্রোন এবং একসঙ্গে ঝাঁকে ঝাঁকে আক্রমণ চালানো (Bhargavastra)শত্রুপক্ষের ড্রোন। বিশেষ করে সীমান্ত এলাকায় একাধিক ড্রোন একযোগে হামলা চালালে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে বড় চ্যালেঞ্জ তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বড় পদক্ষেপ করল দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা।
সফলভাবে উন্নয়নমূলক পরীক্ষা সম্পন্ন করল ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি দুই স্তরবিশিষ্ট কাউন্টার-সোয়র্ম ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ‘ভার্গবাস্ত্র’ (Bhargavastra)। রাজস্থানের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে গত ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এই পরীক্ষা চালানো হয়। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই অত্যাধুনিক ব্যবস্থা একসঙ্গে একাধিক শত্রু ড্রোন শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম বলে জানানো হয়েছে।
এই প্রতিরক্ষা ব্যবস্থাটি তৈরি করেছে সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেড (SDAL)। সংস্থাটির তৈরি ভার্গবাস্ত্র মূলত একটি মোবাইল এবং যানবাহনে বহনযোগ্য বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শত্রুপক্ষের সাধারণ ড্রোন থেকে শুরু করে অস্ত্রবাহী আনম্যানড এরিয়াল ভেহিকল (UAV), লয়টারিং মিউনিশন এবং স্বয়ংক্রিয় ড্রোনের ঝাঁক মোকাবিলার কথা মাথায় রেখেই এটি তৈরি করা হয়েছে। আধুনিক যুদ্ধে ড্রোনের ব্যবহার যেভাবে বাড়ছে, তাতে এই ধরনের প্রতিরক্ষা প্রযুক্তি ভারতের সামরিক সক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
আরও দেখুনঃ ‘ভারতের হিন্দুত্ববাদী সংগঠন লস্করের চেয়ে বিপজ্জনক!’ ২৬/১১ র পর বলেছিলেন রাহুল গান্ধী
ভার্গবাস্ত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর দুই স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। শত্রুপক্ষের ড্রোনের ধরন এবং আক্রমণের পরিস্থিতি অনুযায়ী এতে ব্যবহার করা যায় দেশীয় প্রযুক্তিতে তৈরি আনগাইডেড রকেট এবং অত্যন্ত নির্ভুল মাইক্রো-মিসাইল। অর্থাৎ, এক ধরনের অস্ত্রের উপর নির্ভর না করে বিভিন্ন ধরনের আকাশপথের হুমকি মোকাবিলার জন্য একাধিক স্তরে কাজ করতে পারে এই ব্যবস্থা। এর মাধ্যমে একই সময়ে একাধিক উড়ন্ত লক্ষ্যবস্তুকে আক্রমণ করার সক্ষমতা তৈরি করা হয়েছে।
এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ভার্গবাস্ত্র কাজ করে ‘হার্ড কিল’ প্রযুক্তিতে। অর্থাৎ, শত্রুপক্ষের ড্রোনের যোগাযোগ ব্যবস্থা বা নেভিগেশন সিগন্যাল বন্ধ করে দেওয়ার পরিবর্তে সরাসরি আঘাত করে সেটিকে ধ্বংস করাই এই ব্যবস্থার মূল উদ্দেশ্য। সাধারণত অনেক কাউন্টার-ড্রোন ব্যবস্থায় জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে ড্রোনের নিয়ন্ত্রণ ব্যবস্থা বিঘ্নিত করা হয়। কিন্তু সম্পূর্ণ স্বয়ংক্রিয় ড্রোনের ক্ষেত্রে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও সেগুলি নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যেতে পারে। সেই জায়গায় সরাসরি ধ্বংস করার প্রযুক্তি বাড়তি সুবিধা দিতে পারে।
শুধু অস্ত্রের ক্ষমতাই নয়, ভার্গবাস্ত্রের নজরদারি এবং শত্রু শনাক্ত করার প্রযুক্তিও যথেষ্ট উন্নত। এই ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি বিশেষ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, যা গোটা প্রতিরক্ষা ব্যবস্থার মস্তিষ্ক হিসেবে কাজ করে। একাধিক সেন্সর থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে শত্রুপক্ষের ড্রোনের অবস্থান, গতিবিধি এবং সম্ভাব্য আক্রমণের ধরন চিহ্নিত করতে পারে এটি।
এই ব্যবস্থায় রয়েছে এমন একটি রাডার, যা প্রায় ১০ কিলোমিটার দূর থেকে ড্রোন শনাক্ত করতে সক্ষম। পাশাপাশি রয়েছে ইলেকট্রো-অপটিক্যাল/ইনফ্রারেড (EO/IR) নজরদারি প্রযুক্তি এবং প্যাসিভ রেডিও ফ্রিকোয়েন্সি (RF) সেন্সর। এই সমস্ত প্রযুক্তির সমন্বয়ে আকাশে কোনও সন্দেহজনক ড্রোনের উপস্থিতি শনাক্ত করা, তার গতিবিধির উপর নজর রাখা এবং সেটিকে সম্ভাব্য হুমকি হিসেবে চিহ্নিত করা সম্ভব। শত্রুপক্ষের ড্রোন শনাক্ত হওয়ার পর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয় লঞ্চার ব্যবস্থায়। এর ফলে দ্রুত প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া যায়।
বিশেষজ্ঞদের কাছে ড্রোনের ঝাঁক বা সোয়ার্ম অ্যাটাক বর্তমানে অন্যতম বড় সামরিক চ্যালেঞ্জ। কারণ, একসঙ্গে বহু ছোট ড্রোন বিভিন্ন দিক থেকে আক্রমণ চালালে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত করে ফেলা সম্ভব। সেই সুযোগে কয়েকটি ড্রোন গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, অস্ত্রভাণ্ডার কিংবা সীমান্তবর্তী পরিকাঠামোর ক্ষতি করতে পারে। ভার্গবাস্ত্রের মতো বিশেষভাবে তৈরি কাউন্টার-সোয়ার্ম ব্যবস্থা এই ধরনের পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, ভার্গবাস্ত্রকে ভারতের ভৌগোলিক পরিস্থিতির কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। যানবাহনে বসানো যায় বলে প্রয়োজন অনুযায়ী এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। মরুভূমি, সমতলভূমি থেকে শুরু করে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫০০০ মিটার উচ্চতার পার্বত্য এলাকাতেও এটি কাজ করার উপযোগী করে তৈরি করা হয়েছে। ফলে রাজস্থানের মরুভূমি থেকে শুরু করে লাদাখের মতো উচ্চ পার্বত্য সীমান্ত এলাকাতেও এই প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি ভারতীয় সশস্ত্র বাহিনীর কমান্ড, কন্ট্রোল, কমিউনিকেশন অ্যান্ড ইন্টেলিজেন্স (C4I) নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হওয়ার উপযোগী করেও তৈরি করা হয়েছে এই ব্যবস্থা। এর ফলে বৃহত্তর সামরিক নজরদারি এবং প্রতিরক্ষা নেটওয়ার্কের অংশ হিসেবে ভার্গবাস্ত্রকে ব্যবহার করা সম্ভব হতে পারে।



