পাহাড়ের যানজট কমাতে বড় পদক্ষেপ! এবার দার্জিলিংয়ে বিশেষ দায়িত্বে কলকাতা পুলিশ

SOBDIK NEWS: দার্জিলিং (Darjeeling) বেড়াতে যাওয়ার পরিকল্পনা করলেই অনেক পর্যটকের চিন্তা থাকে রাস্তার দীর্ঘ যানজট। এবার এই দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তির পথ খুঁজতে ভিন্ন ধরনের পদক্ষেপ করল দার্জিলিং জেলা পুলিশ। পাহাড়ের ট্রাফিক ব্যবস্থা সামলাতে কলকাতা পুলিশের অভিজ্ঞ আধিকারিকদের পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
দার্জিলিং (Darjeeling) যানজট কাটাতে কোমর বেঁধেছে প্রশাসন
পাহাড়ের যান চলাচল কোন কোন কারণে বারবার ব্যাহত হচ্ছে, তা বুঝতে কলকাতা থেকে পাঁচজনের একটি বিশেষজ্ঞ দল দার্জিলিংয়ে পাঠানো হয়েছে। চার দিনের এই সফরে তাঁরা জেলার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা ও সংযোগস্থল ঘুরে দেখবেন। বিশেষ করে দার্জিলিং, কার্শিয়াং, সোনাদা এবং জোরবাংলোর মতো জায়গায় যানবাহনের গতিপথ ও ট্রাফিক নিয়ন্ত্রণের বর্তমান পদ্ধতি পর্যবেক্ষণ করা হবে। ইতিমধ্যেই কার্শিয়াং ও সোনাদা হয়ে দার্জিলিংয়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন দলের সদস্যরা।
পরিদর্শনের সময় কেবল যানজটের পরিমাণ নয়, তার পিছনে থাকা পরিকাঠামোগত সমস্যাগুলিও চিহ্নিত করার চেষ্টা চলছে। কোথায় রাস্তার দু’পাশে গাড়ি দাঁড় করিয়ে রাখার কারণে চলাচলের জায়গা কমে যাচ্ছে, কোন মোড়ে যানবাহনের চাপ সামলানো কঠিন হচ্ছে, আবার কোথায় পর্যাপ্ত দিকনির্দেশক বোর্ড নেই—এই সমস্ত বিষয় তাঁদের নজরে রয়েছে। পাশাপাশি পথচারীদের নিরাপত্তা এবং যান নিয়ন্ত্রণের ব্যবস্থাতেও কোনও ঘাটতি রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।
আরও পড়ুন : শহরের রাস্তায় নামছে ৪৩৫ টি নতুন বাস, কোন কোন রুটে?
পাহাড়ের ট্রাফিক সমস্যার সমাধান করতে সমতলের শহরে ব্যবহৃত নিয়ম সরাসরি প্রয়োগ করা সম্ভব নয়। কারণ, পাহাড়ি এলাকায় রাস্তার বিস্তার, বাঁক এবং যানবাহন চলাচলের ধরন সম্পূর্ণ আলাদা। সেই বাস্তবতা মাথায় রেখেই কলকাতা পুলিশের প্রতিনিধিরা এমন কিছু প্রস্তাব তৈরি করবেন, যা স্থানীয় পরিস্থিতিতে কার্যকর হতে পারে। তাঁদের রিপোর্টের ভিত্তিতে দার্জিলিং জেলার ট্রাফিক পরিচালনায় ভবিষ্যতে নতুন নিয়ম বা পরিকল্পনা গ্রহণের সম্ভাবনা রয়েছে।
দার্জিলিঙের পুলিশ সুপার ওয়াই শ্রীকান্ত জগন্নাথরাও জানিয়েছেন, জেলার বিভিন্ন প্রান্তে যান চলাচল নিয়ে যে সমস্যাগুলি রয়েছে, সেগুলির সমাধানে কলকাতা পুলিশের সহায়তা চাওয়া হয়েছিল। সেই প্রস্তাবে সম্মতি জানিয়েই কলকাতা থেকে আধিকারিকদের একটি দল পাঠানো হয়েছে। পাহাড়ের পরিস্থিতি নিজেরা ঘুরে দেখে যান চলাচল আরও উন্নত করার বিষয়ে তাঁরা প্রয়োজনীয় সুপারিশ করবেন।তাই যানজটের স্থায়ী সমাধান সম্ভব হলে পর্যটকদের যাতায়াত যেমন সহজ হবে, তেমনই স্বাভাবিক ছন্দে ফিরতে পারে পাহাড়ের দৈনন্দিন জীবনও।



