দ্বিতীয় টেস্টেও একই ভুল করল ভারত! বিশ্বাসই হচ্ছে না গাভাসকর-কাইফদের

মহম্মদ সিরাজের অভাব যে প্রথম টেস্টে ভারতকে ভুগিয়েছে, ভারতের বোলিং বিভাগ যে তাঁর উদ্যমী এবং প্রাণপাত করা বোলিং মিস করেছে, সেটা বোধহয় আসমুদ্রহিমাচল সকলেই অনুধাবন করতে পেরেছেন। থুড়ি, কোচ গৌতম গম্ভীর এবং ভারতীয় টিম ম্যানেজমেন্টকে এই আসমুদ্রহিমাচলের তালিকায় রাখা যাবে না। কারণ তাঁরা এখনও মনে করছেন না যে সিরাজকে ভারতের এই প্রথম একাদশে প্রয়োজন। নাহলে যে ভুলের জন্য প্রথম ম্যাচে ৭২০ রান করেও জেতা হল না, সেই একই ভুল কী করে দ্বিতীয় ম্যাচেও করলেন গম্ভীররা?
সুনীল গাভাসকর থেকে মহম্মদ কাইফ। প্রাক্তন ভারতীয় তারকারা ঠিক বিশ্বাসই করতে পারছেন না সিরাজ দ্বিতীয় ম্যাচেও প্রথম একাদশে নেই। হ্যাগলি ওভালে টস জেতার পর অধিনায়ক গিল যখন প্রথমে ব্যাট নিলেন তখনও কেউ অবাক হননি। সকলেই অবাক হয়েছেন প্রথম একাদশে মাত্র একটি বদল দেখে। সেই বদল হল আগের ম্যাচে চূড়ান্ত ব্যর্থ প্রসিদ্ধ কৃষ্ণকে বসিয়ে গুর্নুর ব্রারকে দলে নেওয়া। কোচ গম্ভীর ব্রারের মতো আনকোরা পেসারকে ভরসা করছেন, অথচ সিরাজকে প্রথম একাদশে রাখার ভরসা দেখাতে পারছেন না। শুধু সিরাজ কেন, আগের ম্যাচে ব্রাত্য হয়ে থাকা রবীন্দ্র জাদেজাও এই ম্যাচে সুযোগ পাননি।
টিম ইন্ডিয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে মহম্মদ কাইফ বলছেন, “আমার মনে হয় যে কোনও দিন বিদেশের মাটিতে ভারতের প্রথম একাদশ বাছতে গেলে মহম্মদ সিরাজের নাম সবার প্রথমের দিকে লেখা উচিত। বুমরাহর পাশে। সত্যিই সিরাজের মতো দলের প্রথম সারির পেসার যে ফের বাদ গেলেন এটা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। আরও চমকপ্রদ বিষয় হল, একদিন আগেই বোলিং কোচ মর্নি মর্কেল সিরাজের প্রশংসা করে গিয়েছেন।”
সুনীল গাভাসকরও খানিকটা ঘোরে রয়েছেন। তিনি বলছেন, “সিরাজ এই টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেলের সর্বোচ্চ উইকেট শিকারি। দেখা যাক টিম ম্যানেজমেন্ট কী ভেবেছে।” গাভাসকর মনে করছেন, জাদেজাকে বসানোটা আরও বড় ভুল। তাঁর কথায়, “সিরাজের কথা সবাই বলছে। কেউ জাদেজার কথা বলছে না। ও কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। এই পিচে ওর স্পিনটা কাজে লাগত। যে পিচে স্পিনাররা সাহায্য পায় না বা পেলেও সামান্য সেখানে জাদেজা বেশ উপযোগী।” ম্যানেজমেন্টের এই ‘আত্মঘাতী ভুলে’ অবশ্য নিউজিল্যান্ড সমর্থকরা খুশিই হবেন।
শেয়ার
লিংক



