আমেরিকা ছাড়ুন অথবা চাকরি…, এবার বিদেশি কর্মীদের নির্দেশ দিল আইবিএম, বিপাকে ভারতীয়রা

এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ডের ট্রাম্পের ‘আমেরিকান ফার্স্ট’ নীতির সরাসরি বলি আইবিএমের মার্কিন প্রবাসী অসংখ্য কর্মী। বিপাকে পড়লেন প্রবাসী ভারতীয়রাও। নেপথ্যে পৃথিবী বিখ্যাত তথ্যপ্রযুক্তি সংস্থার বড়সড় পেশাদারি সিদ্ধান্ত। ওই সংস্থাটি তাদের কনসাল্টিং ব্যবসার অধিকাংশ পদের জন্য ওয়ার্ক ভিসা (এইচ১বি) এবং গ্রিন কার্ডের স্পনসরশিপ বন্ধ করার কথা জানিয়ে দিয়েছে সম্প্রতি। এই সিদ্ধান্তের প্রভাব পড়বে যে বিদেশি কর্মীদের উপরে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তাঁদের আমেরিকা ছাড়ার নির্দেশ দিয়েছে আইবিএম। অন্যথায় চাকরি ছাড়তে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থাটি।
উল্লেখ্য, আইবিএমের কনসাল্টিং ব্যবসার বিভিন্ন পদে কর্মী সংখ্যা দেড় লক্ষেরও বেশি। এদের মধ্যে আমেরিকায় থাকা বিদেশি অসংখ্য। এদের সিংহভাগ ভারতীয়। তথ্যপ্রযুক্তি সংস্থার আচমকা সিদ্ধান্তে নতুন করে অনিশ্চয়তার মুখে পড়লেন তাঁরা। আইবিএমের এই সিদ্ধান্তে কতজন ভারতীয়কে আমেরিকা ছাড়তে হবে তা এখনও স্পষ্ট নয়। একাধিক সূত্রে জানা গিয়েছে, আইবিএম কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত সবচেয়ে বেশি প্রভাবিত হবেন এইচ-১বি ভিসাধারীরা, যাঁরা বর্তমানে গ্রিন কার্ডের অপেক্ষায় রয়েছেন। যদিও আমেরিকা ছেড়ে কর্মীদের অন্য দেশে যাওয়ার প্রস্তাব দিয়েছে সংস্থাটি। আগামী তিন সপ্তাহের মধ্যে এই বিষয়ে কোম্পানিকে জানাতে হবে। অন্যথায় ক্ষতিপূরণ হিসাবে তিন মাসের বেতন-সহ ৩১ ডিসেম্বের বিদায় করা হবে আইবিএমের ওই কর্মীদের।
আচমকা এমন সিদ্ধান্তের কারণ কী?
আইবিএমের সাফাই, এই সিদ্ধান্তের কারণ পরিবর্তনশীল ব্যবসায়িক চাহিদা এবং দক্ষ কর্মীর সহজলভ্যতা। আইবিএম-এর এক মুখপাত্র জানিয়েছেন, মেধার ঘাটতি মেটাতে কোম্পানিটি আমেরিকায় উচ্চ-দক্ষতাসম্পন্ন কর্মীদের জন্য নির্ধারিত ভিসা (এইচ১বি) সুবিধা নিত। তবে, গত কয়েক বছরে এই কর্মসূচিতে তাঁদের চাহিদা অনেকটা কমেছে। ওই আধিকারিক বলেছেন, “দক্ষতার সহজলভ্যতা ও গ্রাহকদের চাহিদা বদলানোর সঙ্গে সঙ্গে আমরা আইবিএম কনসাল্টিং-এর অধিকাংশ ক্ষেত্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।” যদিও সমস্ত শাখার ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না বলেও জানিয়েছেন তিনি। যদিও ওয়াকিবহাল মহলের বক্তব্য, আদতে মার্কিন প্রেসিডেন্টের ‘আমেরিকান ফার্স্ট’ নীতির বলি হচ্ছে বিদেশী মেধাবী কর্মীরা, কিছুদিন আগেই এইচ১বি ভিসা এবং গ্রিন কার্ড নিয়ে একাধিক কড়া নির্দেশিকা জারি করেছিল মার্কিন প্রশাসন। তার প্রভাবেই আইবিএম নয়া সিদ্ধান্ত।
শেয়ার
লিংক



