‘৫০ শতাংশ কম দামে মিলবে দুরারোগ্য ব্যাধির ওষুধ!’ দুর্গাপুর থেকে বার্তা শুভেন্দুর

দুর্গাপুর: বর্তমান সময়ে চিকিৎসার খরচ, বিশেষ করে ওষুধের লাগামছাড়া দাম মধ্যবিত্ত ও নিম্নবিত্ত (Suvendu Adhikari)পরিবারের কাছে এক বড় আতঙ্কের নাম। পরিবারের কেউ ক্যানসার, কিডনির অসুখ কিংবা গুরুতর হৃদরোগে আক্রান্ত হলে চিকিৎসার খরচ জোগাতে গিয়ে অনেক পরিবারকেই সর্বস্বান্ত হতে হয়। সাধারণ মানুষের এই অসহায়তার কথা মাথায় রেখেই রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় বড় বদল আনার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
শুক্রবার শিল্পাঞ্চল দুর্গাপুরে একাধিক কর্মসূচিতে যোগ দিতে এসে তিনি স্পষ্ট জানান, কেবল বড় হাসপাতাল তৈরি করাই নয়, সাধারণ মানুষের নাগালের মধ্যে জীবনদায়ী ওষুধ পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এদিন অন্ডালে একটি অত্যাধুনিক ক্যানসার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি রাজ্যে ১০০টি ‘অমৃত’ (AMRIT) কেন্দ্র খোলার প্রতিশ্রুতিও দেন তিনি।
আরও দেখুনঃ দেশে বোমা হামলা-আদানির বিদ্যুৎ বন্ধে ভারতের ষড়যন্ত্র! বিস্ফোরক BNP মহাসচিব রিজভী
মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari)এই ঘোষণার ফলে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সরকারি সূত্র অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের ‘অমৃত ভারত’ বা অ্যাফোর্ডেবল মেডিসিনস অ্যান্ড রিলায়েবল ইমপ্ল্যান্টস ফর ট্রিটমেন্ট প্রকল্পের মাধ্যমে মূলত দুরারোগ্য ব্যাধির ওষুধ এবং চিকিৎসাসামগ্রীতে বিশাল অঙ্কের ভর্তুকি দেওয়া হয়।
খোলা বাজারে যেসব ক্যানসার বা জটিল রোগের ওষুধের দাম কয়েক হাজার টাকা, এই কেন্দ্রগুলো থেকে সেই একই গুণমানের ওষুধ অন্তত ৫০ শতাংশ থেকে শুরু করে ক্ষেত্রবিশেষে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে কিনতে পারবেন রোগীরা। এর পাশাপাশি তিনি আরও জানান, সাধারণ জ্বর-সর্দি বা ডায়াবেটিস-প্রেশারের মতো নিত্যপ্রয়োজনীয় জেনেরিক ওষুধের জোগান বাড়াতে রাজ্যের ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে মহকুমা হাসপাতাল পর্যন্ত ৪৬৯টি প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্র চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
দুর্গাপুরের সৃজনী অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠকের ফাঁকে এবং জনসভায় বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী সাধারণ মানুষের দৈনন্দিন ওষুধের খরচের একটি বাস্তব চিত্র তুলে ধরেন। তিনি বলেন, কোনো পরিবারে যদি মাসে দু’হাজার টাকার ওষুধ লাগে, তবে এই সরকারি কেন্দ্রগুলো পুরোদমে চালু হলে সেই খরচ মাত্র দু’শো টাকায় নেমে আসবে।
অর্থাৎ, সাধারণ মানুষ প্রায় পাঁচ থেকে দশ গুণ পর্যন্ত আর্থিক সাশ্রয় করতে পারবেন। দুর্গাপুর ও আসানসোল শিল্পাঞ্চলের বিস্তীর্ণ এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই উন্নত চিকিৎসা ও সাশ্রয়ী মূল্যে ওষুধের দাবি জানিয়ে আসছিলেন। এদিন নতুন ক্যানসার হাসপাতালের শিলান্যাস এবং অমৃত কেন্দ্রের ঘোষণায় সেই দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে অনেকটাই এগোল বলে মনে করছে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ।



