শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের ইতিহাসে বিরল নজির গড়লেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। টেস্ট ক্রিকেটে নিজের প্রথম ৩৩টি ম্যাচ খেললেন ৩৩টি আলাদা মাঠে। এই কৃতিত্বের হাত ধরেই পিছনে ফেললেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার শচিন তেন্ডুলকরকে। পাশাপাশি স্পর্শ করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরের বিশ্বরেকর্ড।
টেস্ট ক্রিকেটে একের পর এক মাইলফলক স্পর্শ করছেন যশস্বী। এবার তাঁর মুকুটে জুড়ল আরও একটি বিরল পালক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে মাঠে নামতেই ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন তিনি। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে খেলতে নেমে নিজের টেস্ট কেরিয়ারের প্রথম ৩৩টি ম্যাচ ৩৩টি আলাদা মাঠে খেলার নজির গড়লেন এই বাঁহাতি ব্যাটার। তাতেই পিছনে পড়ে গেলেন মাস্টার ব্লাস্টার। ২০২৩ সালের ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল জয়সওয়ালের। ডমিনিকার উইন্ডসর পার্কে শুরু হয়েছিল তাঁর লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রা। তারপর থেকে এখনও পর্যন্ত যে ৩৩টি টেস্ট ম্যাচ খেলেছেন, প্রতিটিই খেলেছেন আলাদা আলাদা স্টেডিয়ামে। অর্থাৎ, এখনও পর্যন্ত কোনও একটি মাঠে দ্বিতীয়বার টেস্ট খেলতে নামেননি তিনি। যশস্বী জয়সওয়াল এখন পর্যন্ত সাতটি দলের বিপক্ষে টেস্ট ক্রিকেট খেলেছেন। এর মধ্যে রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে ১০টি ম্যাচ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচটি করে, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চারটি করে, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি করে এবং আফগানিস্তানের বিপক্ষে একটি ম্যাচ।
আরও পড়ুন: সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ
এই বিশেষ নজিরে অবশ্য একা গড়েননি জয়সওয়াল। তাঁর আগে একই কৃতিত্ব অর্জন করেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। ১৯৮৭ থেকে ১৯৯৪ সালের মধ্যে নিজের প্রথম ৩৩টি টেস্ট ম্যাচ ৩৩টি আলাদা মাঠে খেলেছিলেন তিনি। এবার সেই বিশ্বরেকর্ড স্পর্শ করলেন জয়সওয়াল। অন্যদিকে, এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন শচিন তেন্ডুলকর। নিজের প্রথম ৩২টি টেস্ট ম্যাচ ৩২টি আলাদা মাঠে খেলেছিলেন তিনি। এবার ৩৩তম টেস্টে মাঠে নেমে সেই নজিরও ছাপিয়ে গেলেন যশস্বী।
The post শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.



