ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্ত খারিজ, ১০ দিনের সময় স্পিকারকে

কলকাতা: রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা পদের স্বীকৃতি ঘিরে তৈরি হওয়া আইনি জটিলতায় বড়সড় মোড়। বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু গত ৩ জুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যে বিরোধী দলনেতার স্বীকৃতি দিয়েছিলেন, শুক্রবার সেই সিদ্ধান্ত বাতিল করে দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ এদিন নির্দেশ দিয়েছে, আগামী ১০ দিনের মধ্যে স্পিকারকে এই বিষয়ে নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
সংঘাতের সূত্রপাত ও নেপথ্যের ঘটনা
সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ৮০টি আসনে জয়লাভ করে রাজ্যের প্রধান বিরোধী দলের মর্যাদা পায় তৃণমূল কংগ্রেস। সেই সূত্রে দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করেন এবং গত ৯ মে তৃণমূলের পক্ষ থেকে তা চিঠি দিয়ে স্পিকারকে জানানো হয়। কিন্তু অভিযোগ ওঠে, ওই চিঠির ভিত্তিতে স্পিকার কোনো পদক্ষেপ করেননি; বরং চিঠিতে বিধায়কদের সই জাল করা হয়েছে বলে পাল্টা অভিযোগ সামনে আসে।
এরপর দলবিরোধী কার্যকলাপের অভিযোগে ১ জুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল। ঠিক দু’দিন পর, অর্থাৎ ৩ জুন বহিষ্কৃত ঋতব্রতকেই নিজেদের নেতা হিসেবে বেছে নিয়ে স্পিকারের কাছে আলাদা চিঠি দেন তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়কদের একটি অংশ। সেই চিঠির ভিত্তিতেই স্পিকার ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেন, যা চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন শোভনদেব চট্টোপাধ্যায়।
আদালতের পর্যবেক্ষণ ও সওয়াল-জবাব
মামলার শুনানিতে স্পিকারের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিল আদালত। গত ১৬ নভেম্বরের শুনানিতে বিচারপতি রাও জানতে চেয়েছিলেন, ৭৮ জন বিধায়কের দাবি উপেক্ষা করে কেন ৫৪ বা ৫৬ জনের বক্তব্যকে প্রাধান্য দেওয়া হল এবং অপর পক্ষের বক্তব্য শোনার প্রয়োজন মনে করা হল না কেন? কোনো রাজনৈতিক দলের নিজস্ব সংবিধান ও দলীয় সিদ্ধান্তকে স্পিকার এড়িয়ে যেতে পারেন কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে।
রাজ্যের তরফে আইনজীবী সূর্যনীল দাস এবং অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য যুক্তি দেন যে, ১৫ মে স্পিকার দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯ থেকে ২৪ মে তিনি শহরের বাইরে ছিলেন। ১৯ মে তৃণমূলের তরফে একটি রেজ়োলিউশন জমা পড়ে এবং পরবর্তীতে সই জাল সংক্রান্ত অভিযোগ ও এফআইআর-এর কারণে সিদ্ধান্ত নিতে বিলম্ব হয়। যদিও রাজ্যের এই যুক্তিতে সন্তুষ্ট হতে পারেনি আদালত।
ডিভিশন বেঞ্চের আগের অবস্থান
উল্লেখ্য, এর আগে গত ১৮ অগস্ট এই সংক্রান্ত মামলায় হাই কোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছিল, বিধানসভার স্পিকার কোনো রাজনৈতিক দলের সদস্য হলেও সাংবিধানিক পদ সামলানোর সময় তাঁকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হবে। পাশাপাশি বিরোধী দলনেতা বা মুখ্য সচেতক নিয়োগের ক্ষেত্রে কেবল বিধায়কদের সংখ্যাগরিষ্ঠতা দেখলেই চলবে না, সংশ্লিষ্ট রাজনৈতিক দলের আনুষ্ঠানিক সিদ্ধান্তকেও গুরুত্ব দিতে হবে। সেই নির্দেশের প্রেক্ষিতেই এবার স্পিকারের পুরোনো সিদ্ধান্ত খারিজ করে ১০ দিনের সময়সীমা বেঁধে দিল একক বেঞ্চ।
৭৪০ কিমি নিয়ন্ত্রণরেখায় নজর, পাকিস্তান সীমান্তে পঞ্চম S-400 আনছে ভারত
দিঘায় পর্যটনের নতুন ঠিকানা হতে চলেছে চিড়িয়াখানা, শুরু প্রস্তুতি



