সমুদ্রপথে জাহাজ ও নাবিকদের উপর হামলা অগ্রহণযোগ্য, বিশ্বব্যাপী প্রতিক্রিয়ার আহ্বান জয়শঙ্করের

নয়াদিল্লি, ২৭ নভেম্বর : সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ এবং নাবিকদের উপর হামলাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে অভিহিত করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই ধরনের ঘটনার মোকাবিলায় আন্তর্জাতিক স্তরে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার নয়াদিল্লিতে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলির সংগঠন ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর সাধারণ বিতর্কসভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন বিদেশমন্ত্রী। ‘একটি শক্তিশালী আঞ্চলিক কণ্ঠস্বর: পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় আইওআরএ-র অবস্থান’ শীর্ষক আলোচনায় তিনি বর্তমান বিশ্বব্যবস্থার পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরেন।
জয়শঙ্কর বলেন, পরিবর্তনশীল বিশ্বব্যবস্থার সংঘাত, উত্তেজনা এবং বিভিন্ন ধরনের বিঘ্ন সৃষ্টিকারী পরিস্থিতির দিকে স্বাভাবিকভাবেই আমাদের নজর রয়েছে। তবে এর পাশাপাশি আন্তর্জাতিক নির্ভরশীলতা, বিশ্বায়নের প্রসার এবং আন্তর্জাতিক সহযোগিতার সুফলগুলিও উপলব্ধি করা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চল বর্তমান চ্যালেঞ্জগুলি মোকাবিলার ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশ্ব অর্থনীতির বিকাশে সামুদ্রিক বাণিজ্যের গুরুত্ব তুলে ধরে তিনি ভারত মহাসাগরে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলিকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে আন্তর্জাতিক আইন, বিশেষ করে রাষ্ট্রপুঞ্জের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন (ইউএনসিএলওএস) মেনে চলার ওপর জোর দেন তিনি।
বিদেশমন্ত্রী আরও বলেন, সন্ত্রাসবাদ, মাদক পাচার, অবৈধ ও অনিয়ন্ত্রিত মৎস্য আহরণ কিংবা জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয় মোকাবিলা—প্রতিটি ক্ষেত্রেই দেশগুলিকে আরও স্বনির্ভর হতে হবে। পাশাপাশি সহযোগী দেশগুলির সঙ্গে যৌথভাবে কাজ করার মানসিকতাও বাড়াতে হবে।
উল্লেখ্য, ২০২৫-২০২৭ সালের জন্য ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে আইওআরএ-র এই বৈঠক। এবারের মূল ভাবনা ‘ভারত মহাসাগরীয় অঞ্চলে উদ্ভাবন, উন্মুক্ততা, সহনশীলতা ও অভিযোজন ক্ষমতা’।
আইওআরএ-র মোট ২৩টি সদস্য রাষ্ট্র রয়েছে। এর মধ্যে ভারত ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইরান, কেনিয়া, মাদাগাস্কার, কোমোরোস, ফ্রান্স, মালয়েশিয়া, মালদ্বীপ, মরিশাস, মোজাম্বিক, ওমান, সেশেলস, সিঙ্গাপুর, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, তানজানিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহি এবং ইয়েমেন।
এছাড়া চিন, মিশর, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক, ব্রিটেন এবং আমেরিকা-সহ ১২টি দেশ ও সংস্থা আইওআরএ-র সংলাপ সহযোগী হিসেবে যুক্ত রয়েছে।
সংগঠনের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা হল কাউন্সিল অফ মিনিস্টার্স। সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীরা এই পরিষদের সদস্য। সংগঠনের নীতি ও কৌশলগত দিশা নির্ধারণ, সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করাই এই পরিষদের প্রধান কাজ।



