স্যান্ডপেপার বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত অস্ট্রেলিয়া বোর্ডের, ডাক পড়ছে ক্রিকেটার-কর্মকর্তাদের!

উসমান খোয়াজার বই ‘সবর’ আট বছরের পুরনো ‘স্যান্ডপেপারগেট’ নিয়ে কার্যতই ‘বোমা’ ফাটিয়েছে। নিত্য বিতর্কের আঁচে পুড়ছে অজি ক্রিকেট। এই পরিস্থিতিতে এবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিল আগামী ৬ সপ্তাহ ধরে খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং কর্মকর্তারা সেই সফর ও ২০১৭-১৮ মরশুম (অ্যাশেজ সিরিজ-সহ) নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরতে পারবেন।
প্রসঙ্গত, জানানো হয়েছে এই অংশগ্রহণ নিতান্তই ঐচ্ছিক। এবং প্রত্যেকের বক্তব্য সম্পূর্ণ গোপনীয় রাখা হবে। এমনকী, অতীতের কোনও ঘটনার জন্য কেউ শাস্তির মুখেও পড়বেন না। বলে রাখা ভালো, পুরনো বিতর্কের পূর্ণাঙ্গ তদন্তের জন্য সম্প্রতি স্বাধীন ফোরাম গঠন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই ফোরামের সামনেই নিজেদের বক্তব্য রাখতে পারবেন খেলোয়াড় ও বাকিরা। যাঁরা অংশ নেবেন তাঁদের সকলকে আইনি সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপ টাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় জড়িয়ে পড়েছিলেন ক্যামেরন ব্যানক্রফট। স্যান্ডপেপার দিয়ে বলের অবস্থা বদলানোর চেষ্টা করতে গিয়ে ধরা পড়েন তিনি। সেই ঘটনায় এক বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। ব্যানক্রফটের নির্বাসনের মেয়াদ ছিল ন’মাস। কিন্তু আত্মজীবনীতে খোয়াজা দাবি করেছেন যে, পুরো ঘটনায় তিনজনকে দোষী সাব্যস্ত করা হলেও আসলে পুরো টিমই দোষী ছিল।
এর পর রীতিমতো দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছে অস্ট্রেলীয় ক্রিকেট। দৃশ্যতই গৃহযুদ্ধ বেঁধে গিয়েছে। খোয়াজার দাবিকে সমর্থন করে তাঁর পাশে দাঁড়িয়ে পড়েছেন ওয়ার্নার-ব্যানক্রফটরা। আবার উলটোদিকে, প্যাট কামিন্স-মিচেল স্টার্ক জশ হ্যাজেলউডরা একযোগে খোয়াজার দাবি নস্যাৎ করে তাঁকে আক্রমণ করেছেন। এই পরিস্থিতিতে এবার ক্রিকেট অস্ট্রেলিয়া সকলকে নিজেদের বক্তব্য আলাদা করে তুলে ধরার কথা জানাল। তাঁরা অনলাইনে নিজেদের বক্তব্য জানাতে পারবেন। আবার লিখিত বিবৃতিও দিতে পারবেন।
শেয়ার
লিংক



