ব্যাটিং না করেই বিরল বিশ্বরেকর্ড যশস্বীর, টপকে গেলেন শচীনকে

টেস্ট ক্রিকেটে এক অনন্য নজির যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal)। পিছনে ফেললেন শচীন তেণ্ডুলকরকে। স্পর্শ করলেন সঞ্জয় মঞ্জরেকরের ৩২ বছরের পুরনো বিশ্বরেকর্ড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হ্যাগলি ওভালে দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম একাদশে জায়গা পাওয়ার সঙ্গে সঙ্গেই এই কীর্তি গড়লেন বাঁ হাতি ওপেনার।
টেস্ট ক্রিকেটে অভিষেকের পর মাত্র তিন বছর কেটেছে। এর মধ্যেই ভারতের অন্যতম সেরা ওপেনার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন যশস্বী। বৃহস্পতিবার কেরিয়ারের ৩৪তম টেস্ট খেলতে নেমেছেন তিনি। মজার বিষয়, এখনও পর্যন্ত তাঁর খেলা প্রথম ৩৩টি টেস্টই হয়েছে ৩৩টি আলাদা মাঠে। অর্থাৎ, কোনও মাঠেই দ্বিতীয় বার খেলেননি তিনি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টেস্ট অভিষেক হয়েছিল যশস্বীর। তার পর দক্ষিণ আফ্রিকায় খেলেছেন দু’টি টেস্ট। দেশের মাটিতে প্রথম খেলেন ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে। পরে বাংলাদেশ, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ভারতের মাটিতে খেলেছেন। দেশের পাঁচ প্রতিপক্ষের বিরুদ্ধে পাঁচটি আলাদা মাঠে খেলেছেন তিনি। এছাড়া অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মাটিতে পাঁচটি করে টেস্ট খেলেছেন যশস্বী।
Yashasvi Jaiswal has now played all 33 Tests of his career at 33 DIFFERENT VENUES ‼️ The Indian youngster has equalled Sanjay Manjrekar’s world record for the most consecutive Tests played at different venues from debut, surpassing even Sachin Tendulkar’s streak of 32 33 Tests, 33 venues, not a single ground repeated. #indiancricket | #india | #NZvIND | #WTC | #testcricket
— Cricketangon (@cricketangon) November 27, 2026
এই নজিরের সঙ্গেই উঠে এসেছে সঞ্জয় মঞ্জরেকরের নাম। ১৯৯৪ সালে প্রথম ৩৩টি টেস্ট ৩৩টি আলাদা মাঠে খেলার নজির গড়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তাঁর ৩৪তম টেস্ট ছিল বেঙ্গালুরুতে। সেখানেই প্রথম কোনও মাঠে দ্বিতীয় বার খেলেছিলেন মঞ্জরেকর। এত দিন সেই রেকর্ড একার দখলে ছিল তাঁর। এবার সেই কৃতিত্বে ভাগ বসালেন যশস্বী। এই তালিকায় লিটল মাস্টারকে পিছনে ফেলেছেন যশস্বী। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সিরিজের প্রথম টেস্ট খেলেই শচীনের নজির স্পর্শ করেছিলেন তিনি। শচীনের ক্ষেত্রে প্রথম একই মাঠে দ্বিতীয় বার টেস্ট খেলার ঘটনা ঘটেছিল ১৯৯৪ সালে। নিজ শহর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
তবে যশস্বীর সামনে আরও বড় সুযোগ অপেক্ষা করছে। নিউজিল্যান্ডের পর ভারতের পরবর্তী টেস্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। সেই মাঠে এখনও খেলা হয়নি যশস্বীর। দলে সুযোগ পেলে সেখানেও নতুন নজির গড়বেন তিনি। কেবল তাই নয়, ফিট থাকলে এবং নিয়মিত প্রথম একাদশে জায়গা পেলে ২০২৭ সালের বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট পর্যন্ত এই ধারাবাহিকতা বজায় থাকতে পারে। ২৯ জানুয়ারি চেন্নাইয়ে সেই ম্যাচ হতে পারে তাঁর কেরিয়ারের ৩৫তম টেস্ট। তার পর গুয়াহাটি, রাঁচি এবং আহমদাবাদে দ্বিতীয় বার খেলতে নামবেন যশস্বী।
শেয়ার
লিংক



