উত্তরপ্রদেশে কংগ্রেসকে জেতার আসন দেবেন না অখিলেশ, বিজেপির জেতার সম্ভাবনা যেখানে সেখানেই ছাড়বেন: দিলীপ ঘোষ

নিউটাউন, ২৭ নভেম্বর : উত্তরপ্রদেশে আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস ও সমাজবাদী পার্টির (এসপি) মধ্যে টানাপোড়েনের আবহে অখিলেশ যাদবকে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর দাবি, আসন সমঝোতায় কংগ্রেসকে কোনও জয়ের সম্ভাবনাময় আসন ছাড়বেন না এসপি প্রধান। বরং যে আসনগুলিতে বিজেপির জয়ের সম্ভাবনা বেশি, সেগুলিই কংগ্রেসের হাতে তুলে দেওয়া হবে।
শুক্রবার নিউটাউনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “অখিলেশজি কংগ্রেসকে কোনও জেতার মতো আসন ছাড়বেন না। ২৫টি আসন দিন বা ৫০টি, তাতে কিছু যায় আসে না। যে আসনগুলির গুরুত্ব কম এবং যেখানে বিজেপির জয়ের সম্ভাবনা রয়েছে, সেগুলিই কংগ্রেসকে দেওয়া হবে। আর কংগ্রেসকেও সেগুলি মেনে নিতে হবে।”
লোকসভায় পেশ হতে চলা প্রস্তাবিত দুটি বিল প্রসঙ্গে তিনি বলেন, দেশের অগ্রগতির জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন ও তা পাশ করার উপযুক্ত জায়গা হল সংসদ। তাঁর কথায়, লোকসভায় একাধিক বিল পেশ হবে এবং প্রয়োজনীয় আইন তৈরি করা হবে। সমাজের অগ্রগতির জন্য সময়মতো সংস্কার হওয়া জরুরি। সংবিধান যেমন শতাধিকবার সংশোধিত হয়েছে, তেমনই প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও সংশোধন করা হবে।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি নিয়েও কটাক্ষ করেন বিজেপি নেতা। তাঁর অভিযোগ, একদিকে তৃণমূল নির্বাচন কমিশনকে ‘ভোট চোর’ এবং ‘গদি ছাড়ো’ বলে আক্রমণ করছে, অন্যদিকে নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে সেই একই কমিশনের দ্বারস্থ হচ্ছে এবং সেখানে ধর্নায় বসছে। তৃণমূলের এই পরিস্থিতি অনিবার্য ছিল বলেও মন্তব্য করেন তিনি।
বিজেপি নেতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, কোনও নেতা যে দলেরই হোন না কেন, আইনবিরুদ্ধ কাজ করলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। সেই প্রক্রিয়া হয়তো ইতিমধ্যেই শুরু হয়েছে, যদিও এ বিষয়ে তাঁর কাছে বিস্তারিত তথ্য নেই বলে জানান তিনি।
তৃণমূল কংগ্রেসকে আরও আক্রমণ করে দিলীপ ঘোষের অভিযোগ, বিরোধী দলের দায়িত্ব পালনের পরিবর্তে বর্তমানে আদালত এবং নির্বাচন কমিশনে অভিযোগ জানানো ও আইনি লড়াই নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে শাসকদল। তাঁর দাবি, তৃণমূল এখন না সাধারণ মানুষের মধ্যে রয়েছে, না বিধানসভায় সক্রিয় ভূমিকা পালন করছে। বরং আদালত ও নির্বাচন কমিশনকে ঘিরেই তাদের সময় কাটছে।
তিনি বলেন, বিরোধী দলের ভূমিকা পালনের জন্যই মানুষ তৃণমূলকে ভোট দিয়েছিল। কিন্তু সেই দায়িত্ব পালনের পরিবর্তে দলটি নানা অজুহাত দেখাচ্ছে এবং নির্বাচন কমিশনের দফতরেও ধর্নায় বসছে।



