0%

হার্দিক আউট, হিটম্যান ইন, মুম্বইয়ে ফের শুরু রোহিত-যুগ! ‘ওল্ড ইজ গোল্ডে’ই আস্থা দলের

তিন মরশুমের অপেক্ষার অবসান। আবার মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের আসনে রোহিত শর্মা। শুক্রবার আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা করল ফ্র্যাঞ্চাইজি। ৩৯ বছর বয়সে ফের নেতৃত্বের দায়িত্ব পেলেন ভারতীয় ক্রিকেটের হিটম্যান। ২০২৪ সালে রোহিতকে সরিয়ে অধিনায়ক করা হয়েছিল হার্দিক পাণ্ডিয়াকে। এবার হার্দিকের পাঞ্জাব কিংসে যোগ দেওয়ার পর পুরনো অধিনায়কের হাতেই ফিরল মুম্বইয়ের নেতৃত্ব।

১১ নভেম্বর হার্দিককে পাঞ্জাব কিংসে ট্রেড করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ১৮ কোটি টাকায় মুম্বই ইন্ডিয়ান্স থেকে পাঞ্জাব কিংস গিয়েছেন তিনি। তাঁর পরিবর্তে মুম্বইয়ে এসেছেন বাঁহাতি পেসার অর্শদীপ সিং। ফলে নতুন অধিনায়ক বেছে নেওয়ার পথে হাঁটতে হত ফ্র্যাঞ্চাইজিকে। শেষ পর্যন্ত ভরসা রাখা হল সেই রোহিতের উপরেই। যাঁর নেতৃত্বে পাঁচবার আইপিএল খেতাব জিতেছে মুম্বই। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত রোহিত। তাঁর কথায়, “মুম্বই ইন্ডিয়ান্স আমার জীবনের একটা বড় অংশ। এই দলকে নেতৃত্ব দেওয়া বরাবরই আমার কাছে গর্বের বিষয়। আগামী মরশুম নিয়ে নীতা ভাবী ও আকাশের সঙ্গে আলোচনা বেশ উৎসাহব্যঞ্জক হয়েছে। আমি যথেষ্ট আশাবাদী। আইপিএলের ২০তম মরশুমের চ্যালেঞ্জ নিতে আমি তৈরি। আমাদের ‘পল্টন’-কে আনন্দ করার অনেক মুহূর্ত উপহার দিতে চাই।”

মুম্বইয়ের সোনালি অধ্যায়ের অন্যতম কারিগর রোহিত। ২০১৩ মরশুমের মাঝপথে রিকি পন্টিংয়ের কাছ থেকে নেতৃত্বের দায়িত্ব নিয়েছিলেন তিনি। সেই মরশুমেই ইডেন গার্ডেন্সে ফাইনালে জিতে প্রথম বার আইপিএল চ্যাম্পিয়ন হয় মুম্বই। একই বছরে জেতে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিও। তার পর ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০– আরও চারবার আইপিএল ট্রফি ওঠে রোহিতের হাতে। মহেন্দ্র সিং ধোনির সঙ্গে যুগ্মভাবে পাঁচবার আইপিএল জেতা অধিনায়কদের তালিকায় রয়েছেন তিনি।

রোহিতের নেতৃত্বে মুম্বই কখনও আইপিএল ফাইনালে হারেনি। পাঁচটি ট্রফির মধ্যে দু’টি ট্রফি তারা জিতেছে মাত্র এক রানের ব্যবধানে। ২০১৭ সালে রাইজিং পুণে সুপারজায়ান্টস এবং ২০১৯ সালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে সেই নজির গড়েছিল মুম্বই। দু’টি ফাইনালই হয়েছিল হায়দরাবাদে। ২০১৫ সালের সাফল্যও ছিল মনে রাখার মতো। প্রথম ছ’টি ম্যাচের পাঁচটিতেই হারের পর ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছিল দল। ২০১৩ থেকে ২০২৩– মোট ১১ মরশুম মুম্বইকে নেতৃত্ব দিয়েছেন রোহিত। ১৫৮টি ম্যাচে অধিনায়কত্ব করে জিতেছেন ৮৭টিতে। হার ৬৭টি ম্যাচে। বাকি চারটি ম্যাচ অমীমাংসিত।

২০২৪ সালে রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক কম হয়নি। গুজরাট টাইটান্সকে অভিষেক মরশুমেই আইপিএল চ্যাম্পিয়ন করা হার্দিককে ফিরিয়ে এনেছিল মুম্বই। ২০২৩ সালের নভেম্বরে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ট্রেডের মাধ্যমে তাঁকে দলে নেওয়া হয়। পরের মাসেই অধিনায়ক ঘোষণা করা হয় হার্দিককে। কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি মুম্বই সমর্থকদের একাংশ। বিভিন্ন মাঠে, এমনকী ওয়াংখেড়েতেও অধিনায়ক হিসেবে প্রথম মরশুমে কটূক্তি শুনতে হয়েছিল হার্দিককে। ফলও আশানুরূপ হয়নি। ২০২৪ সালে ১৪ ম্যাচে মাত্র চারটি জয় পেয়ে লিগ টেবিলের একেবারে শেষে শেষ করে মুম্বই। পরের মরশুমে অবশ্য কিছুটা ঘুরে দাঁড়ায় দল। শুরুটা খারাপ হলেও চতুর্থ স্থানে শেষ করে তারা। এলিমিনেটরে গুজরাটকে হারালেও কোয়ালিফায়ার ২-এ পাঞ্জাব কিংসের কাছে হেরে বিদায় নিতে হয়।

কিন্তু ২০২৬ সালের আইপিএলে ফের ছন্দপতন। খেতাবের অন্যতম দাবিদার হিসাবে প্রতিযোগিতা শুরু করলেও ১৪ ম্যাচে মাত্র চারটি জয় পায় মুম্বই। এই মুহূর্তে ট্রফিখরা চলছে মুম্বইয়ের। টানা ছ’টি মরশুম ট্রফি জেতেনি তারা। হার্দিকের বিদায়ের পর অধিনায়ক হিসাবে সূর্যকুমার যাদব ও জশপ্রীত বুমরাহর নামও আলোচনায় ছিল। দু’জনেরই নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞ রোহিতের উপরেই আস্থা রাখল মুম্বই ম্যানেজমেন্ট।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত। তবে হার্দিকের নেতৃত্বে খেলার সময়েও মুম্বইয়ের প্রথম পছন্দের ওপেনার ছিলেন তিনি। এবার অধিনায়ক হিসাবে ফের দায়িত্ব সামলানোর পাশাপাশি দলের হেডকোচ কায়রন পোলার্ডের সঙ্গে কৌশল সাজাতে হবে তাঁকে। সামনে নিলাম। তার আগেই হিটম্যানের হাতে দায়িত্ব তুলে দিল মুম্বই। পাঁচটি আইপিএল ট্রফি জেতানো অধিনায়ককে ফিরিয়ে এনে মুম্বই কি আবার সাফল্যের সরণিতে ফিরবে? আপাতত সেই প্রশ্নই ঘুরছে ক্রিকেটমহলে। ক্যাপ্টেন হিটম্যানের প্রত্যাবর্তনে নতুন স্বপ্ন দেখছে মুম্বই সমর্থকরা।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker