চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

নিজস্ব প্রতিনিধিঃ সকালের স্মুদি বাটি হোক বা পছন্দের চকোলেট, কিংবা জাপানি সুশি আপনার অজান্তেই প্লেটে জায়গা করে নিচ্ছে জলের তলার এক আশ্চর্য ‘সুপারফুড’! যে শ্যাওলা বা শৈবালকে আমরা এতদিন সাধারণ জলজ উদ্ভিদ ভেবে এড়িয়ে এসেছি, পুষ্টিগুণের কারণে আজ তা বিশ্বজুড়ে আধুনিক রান্নাঘরের নতুন উপাদান। এতে রয়েছে ২৫% থেকে ৩০% প্রোটিন, খনিজ লবণ, শর্করা এবং ভিটামিন A, B ও C। সাধারণত মানুষের খাদ্য হিসেবে এই চার ধরণের শৈবালের ব্যাবহার লক্ষণীয়।
স্পাইরুলিনা
নীলাভ-সবুজ রঙের এই শৈবালটি এখন স্বাস্থ্যের দুনিয়ায় দারুণ জনপ্রিয়। শুধু ওষুধের পিল বা ক্যাপসুল নয়, স্পাইরুলিনা পাউডার এখন মেশানো হচ্ছে পেস্ট্রি এবং চকোলেটের মতো মুখরোচক খাবারেও! চিনে এই শৈবালের বিশাল চাষ হয় এবং এর ওপর ভিত্তি করে সেখানে ৪০টিরও বেশি কারখানা গড়ে উঠেছে।
উলভা
সবুজ রঙের এই শৈবালটি ‘সামুদ্রিক লেটুস’ নামে পরিচিত। স্যালাডের স্বাদ ও পুষ্টি বাড়াতে এর জুড়ি মেলা ভার। জাপানে এই শৈবাল শুকিয়ে নুন মিশিয়ে ‘কাচিউগো’ নামে বাজারে বিক্রি করা হয়, যা স্ন্যাকস হিসেবে দারুণ জনপ্রিয়।
ল্যামিনারিয়া
জাপানি খাবারের বিশেষ স্বাদের পেছনে বড় ভূমিকা রয়েছে ‘কেলপ’ প্রজাতির এই বিশালাকার বাদামী শৈবালের।ল্যামিনারিয়া থেকেই জাপানে তৈরি হয় ‘কম্বু’ নামক এক বিশেষ খাবার, যা স্যুপ ও স্টক তৈরিতে অপরিহার্য।
পরফাইরা
খাবার হিসেবে সবচেয়ে পরিচিত লাল শৈবাল হলো পরফাইরা। জাপানে এটি ‘নোরি’ নামে পরিচিত যা দিয়ে সুশি রোল মোড়ানো হয়। জাপানে তিন লক্ষেরও বেশি মানুষ এই শৈবাল চাষের সঙ্গে যুক্ত। এছাড়া আমেরিকা ও ইংল্যান্ডে এটি ‘লেভার’ এবং স্কটল্যান্ডে ‘স্লোক’ নামে দারুণ জনপ্রিয়।
The post চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’ appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.



