প্রতিবাদীদের প্রাণদণ্ডের প্রতিবাদ, ‘অপরাধে’ ইরানে গ্রেপ্তার অস্কার-মনোনীত চিত্রনাট্যকার

ইরানের শীর্ষস্থানীয় মানবাধিকার কর্মী ও অস্কারের জন্য মনোনীত চিত্রনাট্যকার মেহেদি মাহমুদিয়ানকে তেহরানে তাঁর বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়েছে। তাঁর এক বন্ধু সংবাদ সংস্থা এপি-কে এই তথ্য জানিয়েছেন। জানা গিয়েছে, প্রতিবাদীদের প্রাণদণ্ডের প্রতিবাদের ‘অপরাধে’ই এই গ্রেপ্তারি।
মাহমুদিয়ানের ব্যক্তিগত টেলিগ্রাম চ্যানেলের তথ্য অনুযায়ী, গত বুধবার তাঁকে বাড়িতে হানা দেয় সেদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। মাহমুদিয়ানকে আটক করে লেখার ইলেকট্রনিক ডিভাইসগুলি বাজেয়াপ্ত করা হয়। সরকারবিরোধী ‘অপপ্রচার’ চালানো এবং ‘ভুল তথ্য ছড়ানোর’ অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়ে দেওয়া হয়। তাঁর বন্ধুর দাবি, মাহমুদিয়ানকে গ্রেপ্তার করার পর তাঁকে প্রবল মারধর করা হয়েছে।
মাহমুদিয়ানের বন্ধু হোসেইন রাজ্জাকের দাবি, বুধবার ভোররাতে তাঁর সঙ্গে মাহমুদিয়ানের শেষবার ফোনে কথা হয়েছিল। কথোপকথনের বিষয় ছিল ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে গড়ে ওঠা বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত একটি মৃত্যুদণ্ডের মামলা। তিনি জানান, এরপর থেকে ওই চিত্রনাট্যকার আর ফোন ধরেননি। উল্লেখ্য নীতিপুলিশের হাতে ২২ বছরের মাহসা আমিনি গ্রেপ্তার হওয়ার পর তাঁর মৃত্যু ঘিরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। অভিযোগ ছিল, তিনি সঠিকভাবে হিজাব পরেননি। কয়েক মাস ধরে চলা এই বিক্ষোভ দমনের প্রক্রিয়ায় শত শত মানুষ মারা যান। হাজার হাজার মানুষকে আটক করা হয়।
আর এই বিষয়েই মাহমুদিয়ান তাঁর টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছিলেন, ওই প্রতিবাদের ঘটনায় কারাবন্দি দুই বিক্ষোভকারীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হতে পারে। তিনি যে মানবাধিকার সংগঠনের সঙ্গে যুক্ত, সেই ‘ইরান হিউম্যান রাইটস’ নামের সংগঠনটি জানিয়েছে, আমিনির মৃত্যুর ঘটনায় সৃষ্ট বিক্ষোভের জেরে অন্তত ১৫ জন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এবার দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করাতেই গ্রেপ্তার হতে হল মাহমুদিয়ানকে। উল্লেখ্য, ইরানের নাটক ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’-এর চিত্রনাট্য লিখে অস্কারে মনোনয়ন পেয়েছিলেন তিনি।
শেয়ার
লিংক



