বল বিকৃতি কাণ্ডে এবার নাম জড়াল লিওঁর, পুদিনা টফি ব্যবহারের প্রস্তাব অজি স্পিনারের?

উসমান খোয়াজার বই ‘সবর’ আট বছরের পুরনো ‘স্যান্ডপেপারগেট’ নিয়ে এমনই নতুন বিতর্কের দাবানল সৃষ্টি করেছে, নিত্য তাতে পুড়ছে অস্ট্রেলীয় ক্রিকেট। ২০১৮ সালের সেই কলঙ্কিত ঘটনার কয়েক মাসের মধ্যেই বল চকচকে রাখার জন্য মুখে পুদিনা টফি বা ব্রেথ মিন্ট ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অফস্পিনার নাথান লিওঁ! সম্প্রতি এমনই বিস্ফোরক তথ্য সামনে এসেছে।
অস্ট্রেলীয় সংবাদমাধ্যম ‘ওয়েস্ট অস্ট্রেলিয়ান’-এর এক প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালের অক্টোবরে সংযুক্ত আরব আমিরশাহীতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন সতীর্থদের সামনে এমন প্রস্তাব দিয়েছিলেন লিওঁ। সেই সময়ে কেপ টাউনের স্যান্ডপেপার বিতর্কের রেশও পুরোপুরি কাটেনি অস্ট্রেলীয় ক্রিকেট থেকে। ঘটনার সূত্রপাত প্রাক্তন অস্ট্রেলীয় ব্যাটার উসমান খোয়াজার একটি মন্তব্য ঘিরে। ‘দ্য গ্রেড ক্রিকেটার’ পডকাস্টে তিনি জানিয়েছিলেন, দলের এক সিনিয়র ক্রিকেটার বলের ঔজ্জ্বল্য বজায় রাখতে বেশি লালা তৈরি করার উদ্দেশ্যে পুদিনা টফি ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন। উল্লেখযোগ্য ভাবে, সেই ক্রিকেটার কেপ টাউনের বিতর্কিত সিরিজেও অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন।
অস্ট্রেলীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালের অক্টোবরে সংযুক্ত আরব আমিরশাহীতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন সতীর্থদের সামনে এমন প্রস্তাব দিয়েছিলেন লিওঁ।
এবার অস্ট্রেলীয় সাংবাদিক জেরার্ড হোয়াটলির দাবি, দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট চলাকালীন দলের এক সিনিয়র ক্রিকেটার সতীর্থদের উদ্দেশে প্রশ্ন করেছিলেন, “কার কাছে মিন্ট আছে? আজ বলের কাজটা কে করবে?” অভিযোগ, সেই ক্রিকেটার ছিলেন লিওঁ। তাঁর এই মন্তব্যে নাকি তীব্র আপত্তি জানিয়েছিলেন তৎকালীন অধিনায়ক টিম পেন এবং কোচ জাস্টিন ল্যাঙ্গার। প্রস্তাবটি ভালো ভাবে নেননি দলের ট্র্যাভিস হেডও। সেই সময়ে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা হেড নাকি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, “তুমি কি সত্যিই মজা করছ? আমরা আর ওই সব কাজ করছি না।” অর্থাৎ, স্যান্ডপেপার কাণ্ডের পর নতুন করে কোনও বিতর্কে জড়াতে রাজি ছিলেন না তিনি। কোচ ল্যাঙ্গারও বিষয়টি নিয়ে লিওঁকে কড়া বার্তা দিয়েছিলেন বলে দাবি।
খোয়াজাও পডকাস্টে এই ঘটনার কথা বলতে গিয়ে ল্যাঙ্গারের প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন। তাঁর কথায়, “আমার মনে আছে, প্রথমে একজন ক্রিকেটারকে উদ্দেশ্য করে কথাগুলো বলা হয়েছিল। তার পর গোটা দলকে সতর্ক করে দেওয়া হয়।” খোয়াজা আরও জানান, ল্যাঙ্গার সতীর্থদের বুঝিয়ে দিয়েছিলেন, ভবিষ্যতে এমন কোনও চিন্তাভাবনা মাথায় এলেও অস্ট্রেলিয়ার হয়ে খেলার সুযোগ আর মিলবে না। তিনি বলেছিলেন, “তোমরা যদি আবার কখনও এমন কিছু করার কথা ভাবো, তা হলে আর অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারবে না।”
খোয়াজা জানান, ল্যাঙ্গার সতীর্থদের বুঝিয়ে দিয়েছিলেন, ভবিষ্যতে এমন কোনও চিন্তাভাবনা মাথায় এলেও অস্ট্রেলিয়ার হয়ে খেলার সুযোগ আর মিলবে না।
এদিকে, লায়নের টেস্ট ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ১৪৫টি টেস্ট খেলা এই অফস্পিনারকে আসন্ন নিউজিল্যান্ড ও ভারত সিরিজের দলে নাও রাখতে পারে অস্ট্রেলিয়া। টেস্ট ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে ৫৭৭টি উইকেট। বর্তমান ক্রিকেটারদের মধ্যে যা সর্বোচ্চ। তা সত্ত্বেও দলের ভবিষ্যৎ পরিকল্পনায় তাঁকে নিয়ে সংশয় তৈরি হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথম একাদশে জায়গা পাননি ৩৯ বছরের লিওঁ। অস্ট্রেলীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘরের মাঠে সম্ভবত নিজের শেষ টেস্ট ইতিমধ্যেই খেলে ফেলেছেন তিনি। পারথে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের ১৫ জনের দলেও তাঁর জায়গা পাওয়া কঠিন। যদিও নির্বাচকেরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। ভারত সফরের কথা মাথায় রেখেই লিওঁকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছেন না প্যাট কামিন্সরা।
উল্লেখ্য, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপ টাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় জড়িয়ে পড়েছিলেন ক্যামেরন ব্যানক্রফট। স্যান্ডপেপার দিয়ে বলের অবস্থা বদলানোর চেষ্টা করতে গিয়ে ধরা পড়েন তিনি। সেই ঘটনায় এক বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। ব্যানক্রফটের নির্বাসনের মেয়াদ ছিল ন’মাস। সেই পুরনো বিতর্কের পূর্ণাঙ্গ তদন্তের জন্য সম্প্রতি স্বাধীন ফোরাম গঠন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তদন্তের রিপোর্ট প্রকাশের কথাও জানিয়েছে তারা। এর মধ্যেই লিওঁকে নিয়ে বিস্ফোরক এই তথ্য অস্ট্রেলীয় ক্রিকেটের পুরনো ক্ষতকে ফের উসকে দিল। প্রশ্ন উঠছে, কেপ টাউনের ঘটনার পরেও কি দলের অন্দরে বল বিকৃতি নিয়ে সেই পুরনো মানসিকতার রেশ রয়ে গিয়েছিল?
শেয়ার
লিংক



