মেলোনির ব্যাগ বইছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী! ‘ইউরোপীয় ইউনিয়ন সামিটে’র ভিডিও ঘিরে বিতর্ক

বিশ্বমঞ্চে ফের চর্চায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সম্প্রতি ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সামিটে মেলোনির ব্যাগ বইতে দেখা গেল স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে। এই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে, একজন প্রধানমন্ত্রী হয়ে আর একজন প্রধানমন্ত্রীর ব্যাগ বয়ে নিয়ে যাওয়া চরম অপমানজনক। যদিও বিষয়টিকে হালকাভাবে নিয়ে সোশাল মিডিয়ায় মশকরা করেছেন খোদ রবার্ট।
জানা যাচ্ছে, এই ঘটনা গত বৃহস্পতিবারের। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বাজেট ও ইউক্রেনের তহবিল নিয়ে বিশেষ বৈঠক হয়। সেখানে ইউরোপীয় দেশগুলির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরা উপস্থিত ছিলেন। এখানেই নজর কাড়েন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। এক ভিডিওতে দেখা যাচ্ছে, সম্মেলন কক্ষে হেঁটে যাচ্ছেন মেলোনি। তাঁর ঠিক পিছনে মেলোনির হ্যান্ডব্যাগ হাতে হেঁটে যাচ্ছেন প্রধানমন্ত্রী রবার্ট। কিছুক্ষণ পর মেলোনি তাঁর হাত থেকে ব্যাগ ফেরত নিয়ে মুচকি হাসেন। ভিডিওটি সোশাল মিডিয়ায় শেয়ার করেন রবার্ট নিজেই। সেই বৈঠকের একাধিক ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করেন তিনি। সেখানে ছিল মেলোনিয় ব্যাগ বয়ে নিয়ে যাওয়ার ছবিও।
ভিডিওতে দেখা যাচ্ছে, সম্মেলন কক্ষে হেঁটে যাচ্ছেন মেলোনি। তাঁর ঠিক পিছনে মেলোনির হ্যান্ডব্যাগ হাতে হেঁটে যাচ্ছেন প্রধানমন্ত্রী রবার্ট।
ছবিতে রসিকতা করে রবার্ট লেখেন, ‘ইউরোপীয় সহযোগিতারও একটা বাস্তব দিক আছে। কখনও কখনও সহকর্মীর জিনিসপত্র বয়ে দিতে হয়।’ রবার্ট এই ঘটনাকে ইউরোপীয় দেশগুলির একে অপরকে সহযোগিতার একটি নিদর্শন হিসেবে উল্লেখ করলেও সোশাল মিডিয়ায় এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কেউ এই ঘটনাকে ভালো উদ্যোগ বলে দাবি করেছেন। কেউ আবার লিখেছেন, আরও একজন রাষ্ট্রপ্রধানকে পাওয়া গেল যিনি মেলোনির প্রতি দুর্বল।
मेलोनी का बेग इतना भारी Eu सबमिट में स्लोवाकिया के pm रॉबर्ट फ़िको बेग उठाकर चलते दिखे https://t.co/0P6VlZECsk
— sethy jaat bhambhu (@sethyjaat77) November 27, 2026
উল্লেখ্য, অতীতেও একাধিক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে মেলোনির কিছু মুহূর্ত ওয়াকিবহল মহলে চর্চার বিষয় হয়ে ওঠে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইটালির প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার সেলফিতে ধরা দিয়েছেন। তাঁদের এই ফ্রেম সমাজমাধ্যমে ‘মেলোডি’ নামে পরিচিত। ইতালির প্রধানমন্ত্রীকে ‘মেলোডি’ চকোলেট উপহার দিয়েছিলেন মোদি। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের এই বৈঠকেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে দেখা যায় তিনি মেলোনির গালে চুমু দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন। যা নিয়েও শুরু হয় চর্চা।
শেয়ার
লিংক



