0%

ঠিক ৫.৪৫ মিনিটে রোহিতকে অধিনায়ক ঘোষণা মুম্বইয়ের, বিশেষ সময় বাছাইয়ের নেপথ্যে কী কারণ?

হার্দিক পাণ্ডিয়া বিদায়ের পর আগামী আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্ব কে সামলাবেন, তা নিয়ে জল্পনা চলছিল বেশ কয়েক দিন ধরেই। শুক্রবার বিকেল ৫.৪৫ মিনিটে সেই জল্পনার অবসান ঘটাল মুম্বই। পরবর্তী মরশুমের অধিনায়ক হিসাবে ঘোষণা করা হল রোহিত শর্মার (Rohit Sharma) নাম।  

রোহিতের নামই যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল, তা নিয়ে সন্দেহ ছিল না। শেষ পর্যন্ত তাঁকেই দায়িত্ব ফিরিয়ে দিল মুম্বই। তবে অধিনায়কের নাম ঘোষণার জন্য বিকেল ৫.৪৫ মিনিটকেই কেন বেছে নেওয়া হল? এর পিছনে রয়েছে বিশেষ কারণ। মুম্বইকে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন রোহিত। সেই পাঁচের সঙ্গে জুড়ে রয়েছে তাঁর জার্সি নম্বর ৪৫। দুইয়ে মিলিয়েই ৫.৪৫ মিনিটে ঘোষণা করা হল তাঁর নাম।

ঘটনাচক্রে, বৃহস্পতিবারও ঠিক বিকেল ৫.৪৫ মিনিটে একটি ভিডিও প্রকাশ করে মুম্বই জানিয়ে দিয়েছিল, পরের দিন অধিনায়কের নাম ঘোষণা করা হবে। ভিডিওর সঙ্গে লেখা হয়েছিল, ‘আর ঠিক ২৪ ঘণ্টা বাকি।’ তার আগে প্রকাশিত একটি ছবিও সমর্থকদের মনে রোহিতকে অধিনায়ক করার ইঙ্গিত দিয়েছিল। শেষ পর্যন্ত সমর্থকদের অনুমানই সত্যি হল।

২০১৩ মরশুমের মাঝপথে রিকি পন্টিংয়ের কাছ থেকে নেতৃত্বের দায়িত্ব নিয়েছিলেন তিনি। সেই মরশুমেই ইডেন গার্ডেন্সে ফাইনালে জিতে প্রথম বার আইপিএল চ্যাম্পিয়ন হয় মুম্বই। একই বছরে জেতে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিও। তার পর ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০– আরও চারবার আইপিএল ট্রফি ওঠে রোহিতের হাতে। মহেন্দ্র সিং ধোনির সঙ্গে যুগ্মভাবে পাঁচবার আইপিএল জেতা অধিনায়কদের তালিকায় রয়েছেন তিনি। ২০২৩ সাল পর্যন্ত টানা ১১ বছর মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক ছিলেন রোহিত।

কিন্তু ২০২৪ সালের মরসুমের আগে গুজরাট টাইটান্স থেকে হার্দিককে দলে ফিরিয়ে এনে রোহিতের পরিবর্তে তাঁকেই অধিনায়ক করে মুম্বই। সেই সিদ্ধান্ত নিয়ে কম বিতর্ক হয়নি। সমর্থকদের একাংশের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল হার্দিককে। মুম্বইয়ের হয়ে খেলতে নামলেই গ্যালারি থেকে তাঁকে বিদ্রূপ শুনতে হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কয়েকবার দর্শকদের আচরণ নিয়েও সতর্ক করতে হয়েছিল সঞ্চালকদের।

হার্দিকের নেতৃত্বে তিন মরশুমের মধ্যে দু’বার প্লে-অফে উঠতে পারেনি মুম্বই। গত মরশুমে লিগ তালিকায় সবার শেষে শেষ করেছিল তারা। এবার তাই পুরনো অধিনায়কের হাতেই দায়িত্ব ফিরল। পাঁচবারের চ্যাম্পিয়ন অধিনায়ক রোহিতের নেতৃত্বে মুম্বই আবার সাফল্যের সরণিতে ফিরতে পারে কি না, এখন সেটাই দেখার। তবে রোহিতকে অধিনায়ক করার জন্য নির্দিষ্ট সময় বাছা হয়েছে। তা নিয়ে চলছে আলোচনা। 

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker