ভারত-কানাডা দ্বিপাক্ষিক বাণিজ্য ২০৩০ সালের মধ্যে ৭০ বিলিয়ন ডলারে পৌঁছানোর লক্ষ্য

নয়াদিল্লি, ২৮ নভেম্বর : ২০৩০ সালের মধ্যে ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বার্ষিক ৭০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে প্রস্তাবিত ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) এই বাণিজ্যকে বর্তমানের তুলনায় দ্বিগুণেরও বেশি বাড়াতে সাহায্য করবে বলে জানিয়েছেন কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ।
শনিবার কানাডা-ইন্ডিয়া ইনভেস্টমেন্ট ফোরামে বক্তব্য রাখতে গিয়ে অনিতা আনন্দ জানান, গত বছর ভারত ও কানাডার মধ্যে পণ্য ও পরিষেবা ক্ষেত্রে মোট বাণিজ্যের পরিমাণ ছিল ৩০.৪ বিলিয়ন ডলার। প্রস্তাবিত সিইপিএ চুক্তি কার্যকর হলে ২০৩০ সালের মধ্যে এই পরিমাণ বার্ষিক ৭০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।
তিনি বলেন, বাজারে প্রবেশের ক্ষেত্রে আরও বেশি নিশ্চয়তা এবং স্থিতিশীলতা তৈরি হলে ব্যবসায়ীরা দীর্ঘমেয়াদি বিনিয়োগ, ব্যবসার সম্প্রসারণ এবং বাণিজ্যিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে আত্মবিশ্বাসী হবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন কানাডা সফরের প্রসঙ্গ উল্লেখ করে অনিতা আনন্দ বলেন, দুই দেশের মধ্যে ইতিমধ্যে তৈরি হওয়া বাণিজ্যিক গতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিক উন্মোচনের যথেষ্ট সুযোগ রয়েছে।
উল্লেখ্য, ভারত ও কানাডার মধ্যে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা দ্রুত এগোচ্ছে। আগামী ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবিত কানাডা সফরের আগেই এই আলোচনা চূড়ান্ত করার লক্ষ্য নিয়েছে দুই দেশ।
চলতি মাসের শুরুতে কানাডার আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী মানিন্দর সিধু জানিয়েছিলেন, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে ষষ্ঠ দফার আলোচনা চলছে। প্রধানমন্ত্রীর সম্ভাব্য কানাডা সফরের আগেই সিইপিএ চুক্তি চূড়ান্ত করতে উভয় পক্ষ আগ্রহী।
এই বিষয়ে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠকও করেন মানিন্দর সিধু। বৈঠকে জ্বালানি, ইউরেনিয়াম, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং বিনিয়োগকে দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বের প্রধান ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়।
সিধু জানান, কানাডা তাদের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্রকল্পের সম্প্রসারণ করছে। আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বের পঞ্চম বৃহত্তম এলএনজি রপ্তানিকারক দেশ হয়ে ওঠার লক্ষ্য রয়েছে কানাডার। এর ফলে ভারতের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা পূরণে দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে।
ভারতে কানাডা অন্যতম প্রধান বিনিয়োগকারী দেশ। ফেয়ারফ্যাক্সের মতো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং পেনশন তহবিলের মাধ্যমে ভারতে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করা হয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডেটা পরিকাঠামোর মতো ক্ষেত্রে প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা
হয়েছে।
—আইএএনএস



