0%

পুরোদমে অনুশীলন মিগুয়েলের, ডার্বিতেই কামব্যাক মোহনবাগানের ব্রাজিলিয়ান তারকার?

চার্চিল ব্রাদার্স ম্যাচের জন্য অতিরিক্ত ঝুঁকি নিয়ে মিগুয়েল ফিগুয়েরাকে গোয়া নিয়ে যাননি মোহনবাগান (Mohun Bagan) কোচ প্যানাজিওটিস দিলেমপেরিস। গোয়ায় ম্যাচ জয়ের পর এবারের ডার্বি। বড় ম্যাচেই ফিরতে চলেছেন মিগুয়েল। তবে বড় ম্যাচে কতক্ষণ তাঁকে খেলাবেন কোচ তা নির্ভর করবে তাঁর ফিটনেসের উপর। আপাতত ডার্বির জন্য পুরোদমে অনুশীলনে নেমে পড়েছেন এই ব্রাজিলিয়ান ফুটবলার।

গত ম্যাচেই ফিরেছিলেন জেমি ম্যাকলারেন। পুরো ম্যাচ না খেললেও যতক্ষণ ছিলেন ততক্ষণ নির্ভরতা দিয়েছিলেন দলকে। চার্চিলের বিরুদ্ধে মোহনবাগানের দুটি গোলের পিছনেই ভূমিকা ছিল ম্যাকলারেনের। বরং ম্যাকলারেন উঠে যাওয়ার পর চাপ বেড়েছিল মোহনবাগানের। এবার ডার্বিতে যদি ফিট হয়ে মিগুয়েল ফিরে আসেন তাহলে নিঃসন্দেহে মোহনবাগান আক্রমণভাগের সমস্যা মিটে যাবে অনেকটাই। সে ক্ষেত্রে পরিবর্ত হিসাবে নামবেন লি এরউইন। এদিন দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেন মিগুয়েল।

অনুশীলনে বৃহস্পতিবারের মোহনবাগান কোচ একাধিক কম্বিনেশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন। কখনও আক্রমণভাগে ম্যাকলারেন, মনবীর, লিস্টনদের ব্যবহার করেন। কখনও বা পরিবর্তন করে অন্যদের সুযোগ দেন। হাতে যে কদিন আছে তার আগে সবরকম প্রস্তুতি নিয়ে রাখতে চাইছেন প্যানোস। চার্চিল ম্যাচে মাঝমাঠে বেশ কিছু সমস্যা দেখা গিয়েছিল। সেই ভুলত্রুটি শোধরানোর কাজ করছেন তিনি। আপাতত চোট পাওয়া সাহাল আবদুল সামাদকে ছাড়া বাকি চোট পাওয়া ফুটবলাররা ফিরে এসেছেন ফিট হয়ে। মাঝমাঠ নিয়ে সমস্যা ছিল ঠিকই তবে চার্চিল ম্যাচে সুস্থ হয়ে আপুইয়াও চলে আসায় কিছুটা সমস্যা মিটেছে। এবার মিগুয়েল চলে আসায় ডার্বির আগে স্বস্তিতে মোহনবাগান।এদিন অনুশীলন করেননি দ্রাজিচ ও অভিষেক সিং। ক্লান্তির জন্য কোচ তাঁদের বিশ্রাম দিয়েছেন।

টানা পাঁচ ম্যাচ জিতে ডার্বির আগে আত্মবিশ্বাসের চূড়ায় রয়েছে মোহনবাগান। আইএসএলের প্রথম ম্যাচে নর্থ-ইস্ট ইউনাইটেডের কাছে হার বাদে হারের মুখ দেখেননি মনবীর সিংরা। এর মধ্যে ম্যাকলারেনকে পাওয়া যায়নি চোটের জন্য। এমন পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে কিছুটা হলেও স্বস্তিতে থাকছে মোহনবাগান।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker