0%

বাদ পড়ে কান্না সিরাজের, সানগ্লাসে লুকোচ্ছেন চোখের জল! ভাইরাল ভিডিও দেখে ব্যথিত প্রাক্তন সতীর্থরা

আপনি যদি মহম্মদ সিরাজ (Mohammed Siraj) হন, তাহলে এই পৃথিবী আপনার জন্য নিষ্ঠুর। যখন দলের প্রয়োজন পড়েছে, আপনি নিজেকে নিংড়ে দিয়েছেন। টেস্ট ম্যাচের পঞ্চম দিনে যখন গোটা দল ক্লান্ত, যে সময় আর পাঁচজন হাল ছেড়ে দিয়েছেন, তখন আপনি প্রাণপাত করে দলকে জিতিয়েছেন। জশপ্রীত বুমরাহর মতো ক্ষণজন্মা বোলারের প্রায় সমান আপনার সাফল্যের ভাঁড়ার। অথচ আপনাকে বাদ পড়তে হচ্ছে আনকোরা প্রসিদ্ধ কৃষ্ণ, গুর্নুর ব্রারদের জন্য। তাও বিদেশের মাটিতে। পর পর।

কষ্ট পাওয়াটা হয়তো স্বাভাবিক। মহম্মদ সিরাজও পেয়েছেন। আসলে এই মুহূর্তে কোনও ফরম্যাটেই জাতীয় দলে আর ‘নিয়মিত’ নন সিরাজ। টি-২০ থেকে অনেক আগেই ছেঁটে ফেলা হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে দলেও জায়গা হয়নি তাঁর। অপেক্ষাকৃত অনভিজ্ঞ, ব্রার, কম্বোজরা নিয়মিত খেলেছেন সিরাজের ভাগ্যে জুটেছে স্রেফ শেষ ম্যাচটা। সেই যন্ত্রণা সয়ে নিয়েছিলেন। কিন্তু প্রিয় টেস্ট ফরম্যাট, যেখানে তিনি নিয়মিত খেলতেন, এবার সেখানেও বাদ পড়তে হল। তাও পরপর দুই ম্যাচে। এবার আর আবেগ ধরে রাখতে পারেননি টিম ইন্ডিয়ার অন্যতম সেরা পেসার।

এদিন ভারতের দল ঘোষণার পর টেলিভিশন ক্যামেরায় সিরাজের একটি ভিডিও ভেসে ওঠে। তাঁর চাউনিতেই বেদনা প্রকাশ পেয়ে পেয়ে যাচ্ছিল। সম্ভবত চোখে জলও চলে আসে হায়দরাবাদি পেসারের। সেটা যাতে ক্যামেরায় ধরা না পড়ে তা নিশ্চিত করার চেষ্টা করলেন সিরাজ। নিমেষে সানগ্লাসে ঢেকে নিলেন চোখ। অশ্রু লুকিয়ে বেদনা আড়াল করার ব্যর্থ চেষ্টা ছাড়া সেটা আর কিছুই নয়।

সিরাজের ওই অবস্থা দেখে ব্যথিত তাঁর প্রাক্তন সতীর্থরাও। মুরলী কার্তিক বলছিলেন, “ও কি কাঁদছে। আসলে ও টিমম্যান। সবসময় খেলতে চায়। ব্যাথা-যন্ত্রণা সব উপেক্ষা করে নিজেকে নিংড়ে দিতে চায়। তাই এভাবে বসতে হলে কষ্ট হবেই। আমি বুঝতেই পারছি না, কেন ও বাদ পড়ছে।” একই সুর সিরাজের পাশে দাঁড়ালেন রাহানেও। তিনি বলছেন, “কষ্ট হওয়াটাই স্বাভাবিক।” সোশাল মিডিয়াতেও সিরাজের ওই ভিডিও নিয়ে চর্চা শুরু হয়েছে। ক্রিকেটপ্রেমীদের সিংহভাগই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে ব্যথিত।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker