নির্বাচনী হলফনামায় সম্পত্তি গোপনের অভিযোগ! মুখ্যমন্ত্রী বিজয়ের জয় নিয়ে উঠছে প্রশ্ন, অ্যাকশন হাই কোর্টের

সবদিক নিউজ:তামিলনাড়ুর (Tamil Nadu) মুখ্যমন্ত্রী তথা অভিনেতা সি জোসেফ বিজয়ের (Thalapathy Vijay) নির্বাচনী জয় নিয়ে এবার আইনি জটিলতা তৈরি হল। পেরাম্বুর বিধানসভা কেন্দ্র থেকে তাঁর জয়ের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাই কোর্ট (Madras High Court)। বিজয়ের তরফে মামলা খারিজের আবেদন জানানো হয়েছিল। কিন্তু সেই আর্জি গ্রহণ করেনি আদালত। বিচারপতির পর্যবেক্ষণ, অভিযোগগুলির মধ্যে যথেষ্ট গুরুত্ব রয়েছে। ফলে সেগুলি খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ বিচারপ্রক্রিয়ার প্রয়োজন।
মুখ্যমন্ত্রী বিজয়ের (Thalapathy Vijay) জয় নিয়ে প্রশ্ন তুলে অ্যাকশন হাই কোর্টের
উল্লেখ্য, ২০২৬ সালের এপ্রিলের বিধানসভা নির্বাচনে প্রথমবার ভোটের ময়দানে নেমেই বড় সাফল্য পেয়েছিল বিজয়ের (Thalapathy Vijay) দল টিভিকে। পেরাম্বুর এবং তিরুচি পূর্ব, দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন তিনি। পরে তিরুচি পূর্ব আসন ছেড়ে পেরাম্বুরের বিধায়ক হিসেবে দায়িত্ব ধরে রাখেন বিজয়। সেই আসনের ফল নিয়েই এবার আদালতের দ্বারস্থ হয়েছেন এস দিনেশ নামে এক ভোটার। তাঁর অভিযোগ, নির্বাচনে জমা দেওয়া হলফনামায় নিজের সম্পত্তির সঠিক তথ্য দেননি বিজয়।
স্ট্যালিনের দলের শর্তে সিলমোহর! প্রতিটি রাজ্যেই বাড়বে লোকসভার ৫০ শতাংশ আসন, বড় সিদ্ধান্ত কেন্দ্রের
মামলাকারীর দাবি, ২০২৬ সালের জানুয়ারিতে পানরুটিতে প্রায় ৩০ কোটি টাকা দিয়ে তিন একর জমি কিনেছিলেন বিজয়। অথচ সেই সম্পত্তির উল্লেখ নির্বাচনী হলফনামায় নেই। পাশাপাশি চেন্নাইয়ের পাদিতে একটি বাণিজ্যিক সম্পত্তি ৩৫ কোটি টাকায় বিক্রি হলেও হলফনামায় তার মূল্য মাত্র সাত কোটি টাকা দেখানো হয়েছে বলে অভিযোগ। এছাড়াও কোদাইকানালের ভিলপাত্তিতে ৫০ সেন্ট সরকারি পোরম্বক জমিকে নিজের সম্পত্তি হিসেবে দেখানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজয়। তাঁর আইনজীবীর বক্তব্য, পেরাম্বুরে এক লক্ষ ২০ হাজারেরও বেশি ভোট পেয়ে ডিএমকে প্রার্থী আর ডি শেখরকে প্রায় ৫৪ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি। এত বড় ব্যবধানে জয়ের পর সামান্য অভিযোগের ভিত্তিতে নির্বাচনী ফলকে প্রশ্নের মুখে ফেলা যায় না বলেই দাবি বিজয়ের পক্ষের আইনজীবীর। তবে আদালত এখনও তাঁর বিধায়ক পদ বা নির্বাচনী জয় বাতিলের বিষয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি।
ডিলিমিটেশন বিলে ভোট দিতে পারবেন তৃণমূলের ২০ বিদ্রোহী সাংসদ? বিশেষ অধিবেশনের আগে সামনে এল বড় তথ্য
মাদ্রাজ হাই কোর্টে বিজয়ের (Thalapathy Vijay) মামলা খারিজের আবেদন নাকচ হওয়ায় এখন মূল অভিযোগের বিচার চলবে। নির্বাচনী হলফনামায় সম্পত্তি সংক্রান্ত তথ্য গোপন বা ভুলভাবে উপস্থাপনের অভিযোগ প্রমাণিত হলে ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপের সম্ভাবনা তৈরি হতে পারে। আপাতত আদালতের নির্দেশে মামলাটি পরবর্তী পর্যায়ে এগোচ্ছে। ফলে বিপুল জনসমর্থন নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসা বিজয়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।



