শিক্ষা-চাকরির পর নামেও কোপ! আফগানভূমে মহিলাদের নাম মুছে ‘গরু-ছাগল’ লেখার নিদান তালিবানের

আফগানিস্তানে মহিলাদের উপর তালিবানি ফতোয়া অজানা কিছু নয়। শিক্ষা, চাকরি এমনকী রাস্তাঘাটে স্বাধীনভাবে চলাফেরার অধিকারও তাদের নেই। এবার কোপ পড়ল তাদের পরিচয়তেও। সরকারি নথি কিংবা প্রেসক্রিপশন – কোথাও মহিলাদের নাম লেখা যাবে না। আফগানিস্তানের বলখ প্রদেশে এমনই নয়া ফতোয়া জারি করেছে তালিবান (Taliban)।
সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এবং স্প্যানিশ সংবাদপত্র ‘এল পাইস’-এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বলখ প্রদেশে তালিবান কর্তৃপক্ষ সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, মহিলাদের নথিপত্র, চিকিৎসা সংক্রান্ত রেকর্ড এমনকী প্রেসক্রিপশনেও তাদের নাম ব্যবহার করা যাবে না। পরিবর্তে, মহিলাদের শনাক্ত করার জন্য ‘বিবি’ শব্দটি ব্যবহার করতে হবে। তবে এই নির্দেশ কেবল বলখ প্রদেশের জন্যই প্রযোজ্য বলে জানা গিয়েছে। এখানেই শেষ নয়। সূত্রের খবর, প্রদেশের কোথাও কোথাও আবার মহিলাদের ‘ছাগল’, ‘গরু’ বলেও অভিহিত করা হচ্ছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই সামজমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন বহু নেটিজেন। তাঁদের বক্তব্য, আফগান মহিলাদের পরিচয়ই মুছে ফেলতে চায় তালিবান।
এক নেজিজেনের কথায়, “নারীদের স্বাধীনতা ও শিক্ষা থেকে বঞ্চিত করার পর, তালিবান এখন বলখ প্রদেশে মহিলাদের পরিচয় মুছে ফেলার নির্দেশ দিয়েছে। কারণ, মহিলাদের নিয়ে তারা আতঙ্কিত।” অপর এক নেটিজেনের কথায়, “এটি শাসনব্যবস্থার আড়ালে লুকিয়ে থাকা প্রাতিষ্ঠানিক নারীবিদ্বেষ।” আরও এক নেটিজেন বলেন, “নারীদের সবচেয়ে মৌলিক স্বীকৃতিটুকুও কেড়ে নেওয়া হচ্ছে। তাদের মুখ নেই, কণ্ঠস্বর নেই, কর্মসংস্থান নেই, শিক্ষা নেই – অর্থাৎ মহিলাদের কোনও অস্তিত্বই নেই।” তালিবানের এই নির্দেশে প্রদেশটির স্বাস্থ্য ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। কারণ, মহিলা রোগীদের একই নামে অভিহিত করা হলে তাদের চিকিৎসা কিংবা রোগের ইতিহাস শনাক্ত করা কঠিন হয়ে পড়বে।
শেয়ার
লিংক



