অনুশীলনে হালকা চোট পেলেন আলবার্তো, ডার্বিতে অভিষেককে বিশ্রামের ভাবনা মোহনবাগান কোচের

রবিবার ডার্বি। তার আগে শুক্রবার অনুশীলনে ঘাড়ে হালকা চোট পেলেন মোহনবাগান রক্ষণের সেরা অস্ত্র আলবার্তো রডরিগেজ। চোট পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে অনুশীলন থেকে তুলে নিলেন মোহনবাগান কোচ প্যানাজিওটিস দিলেমপেরিস। যদিও জানা গিয়েছে, চোট মারাত্মক নয়। ডার্বিতে পাওয়া যাবে তাঁকে।
অন্যদিকে, পরপর ম্যাচ খেলায় ক্লান্ত অভিষেক সিংকে এদিনও অনুশীলনে বিশ্রাম দিলেন প্যানোস। বৃহস্পতিবারও তাঁকে বিশ্রাম দিয়েছিলেন। হাতে আরও একটি দিন পাবেন দিলেমপেরিস। শনিবার অনুশীলনের পরই পরিষ্কার হয়ে যাবে অভিষেককে ডার্বিতে তিনি প্রথম একাদশে রাখবেন নাকি রিজার্ভে রাখবেন। একান্তই যদি অভিষেক না পারেন, তাহলে তাঁর পরিবর্তে আসতে চলেছেন মেহতাব সিং। ক্লাবের পাশাপাশি জাতীয় দলের হয়েও ধারাবাহিকভাবে ম্যাচ খেলেছেন অভিষেক। ভবিষ্যতের কথা ভেবেই অতিরিক্ত ঝুঁকি না নিয়ে তাঁকে বিশ্রামের ভাবনা প্যানোসের।
এদিকে তিনটে হলুদ কার্ড দেখে থাকা আলবার্তোকে ঝুঁকি নিয়ে চার্চিল ম্যাচে প্রথম একাদশে না রাখলেও পেনাল্টি থেকে গোল খেয়ে যাওয়ার পর ডিফেন্সের চাপ সামলাতে সংযুক্তি সময়ে তাঁকে নামিয়েছিলেন প্যানোস। আশা করা যাচ্ছে, চোট কাটিয়ে আরও একবার রক্ষণের গুরুদায়িত্ব সামলানোর ভার থাকবে আলবার্তোরই কাঁধে। তবে শুক্রবারের অনুশীলনে সেটপিসের উপরেও জোর দিয়েছিলেন মোহনবাগান কোচ।
এদিকে মিগুয়েল ফিগুয়েরা ফিট হয়ে উঠছেন। ডার্বিতে তাঁকে কতক্ষণ ব্যবহার করবেন সেই সিদ্ধান্তও প্যানোস নেবেন শনিবার। পুরোদমে অনুশীলন করেছেন ব্রাজিলিয়ান তারকা। চোট কাটিয়ে ফিরে এসেছেন জেমি ম্যাকলারেন ও আপুইয়া। ফলে আক্রমণভাগ ও মাঝমাঠের সমস্যা অনেকটাই মিটতে চলেছে মোহনবাগানের। পাশাপাশি টানা পাঁচ ম্যাচ জিতে আত্মবিশ্বাসের চূড়ায় মনবীর সিংরা।
তবে চিন্তা একটাই, ম্যাকলারেন ফিরলেও একাধিক গোলের সুযোগ মিস হচ্ছে। চার্চিল ম্যাচেও একই চিত্র দেখা গিয়েছে। দ্রাজিচ, লিস্টন-সহ একাধিক ফুটবলারই প্রতিপক্ষের বক্সে ঢুকেও খেই হারিয়ে ফেলছেন। দ্রাজিচ তো আবার গোলকিপারকে সামনে পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন চার্চিল ম্যাচে। ডার্বিতে ইস্টবেঙ্গল লিগ টেবিলে নীচের দিকে থাকলেও এমন গোল মিস করলে চাপ বাড়বে মোহনবাগান রক্ষণের। সেটা অবশ্য ভালো করেই জানেন মোহনবাগান কোচ।
শেয়ার
লিংক



