0%

‘প্রতিহিংসাপরায়ণ রাজনীতি’! তপসিয়ার তৃণমূল ভবনে পুলিশি ব্যারিকেড বসতেই বিস্ফোরক মমতাপন্থীরা

SOBDIK NEWS: তপসিয়ায় মমতা তৃণমূলের নির্মীয়মাণ পার্টি অফিসের (TMC Party Office) সামনে বসল পুলিশ ব্যারিকেড। শুক্রবার সন্ধ্যায় আনন্দপুর থানার পুলিশের তরফে ব্যারিকেড বসানো হয়। শনিবার সকালেও মোতায়েন রয়েছে পুলিশবাহিনী। বিষয়টিকে প্রতিহিংসার রাজনীতি হিসেবে দেখছেন মমতাপন্থীরা।

তৃণমূলের পার্টি অফিসের সামনে পুলিশ ব্যারিকেড | (TMC Party Office)

জানা গিয়েছে, সম্প্রতি তপসিয়ার ওই নির্মীয়মাণ তৃণমূল ভবনে জমায়েত হওয়ার আবেদন জানানো হচ্ছিল। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসে পুরসভা। নির্মীয়মাণ ভবনে জমায়েত করা হলে দুর্ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কা করে পুরসভার তরফে আনন্দপুর থানায় যোগাযোগ করে অবিলম্বে পদক্ষেপের আর্জি জানানো হয়। সেই মতো গতকাল সন্ধ্যায় ভবনের প্রবেশপথে ব্যারিকেড বসানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ ও মমতাপন্থী তৃণমূল নেতা তথা আইনজীবী বৈশান্বর চট্টোপাধ্যায়। সেখানে উপস্থিত দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নেন তাঁরা। পাশাপাশি পুলিশের কাছে আচমকা ব্যারিকেড বসানোর কারণও জানতে চান। জবাবে বলা হয়, কলকাতা পুরসভার অনুমতি ছাড়া নির্মীয়মাণ ভবনটি ব্যবহার করা যাবে না।

আরও পড়ুনঃ সরকারি কর্মীদের হাজিরায় কড়াকড়ি! ডিসেম্বর থেকেই চালু হচ্ছে নতুন নিয়ম

পাল্টা তৃণমূল নেতৃত্বের দাবি, এখনও কার্যালয়টির নির্মাণকাজ সম্পূর্ণ হয়নি। বর্তমানে দলীয় কাজের জন্য সেটি ব্যবহারও হচ্ছে না। শুধুমাত্র কাজের অগ্রগতি খতিয়ে দেখার জন্য নেতাকর্মীরা নিয়মিত যাতায়াত করছেন। ফলে পুরসভার অনুমতি সংক্রান্ত পুলিশ যে যুক্তি দেখাচ্ছে, তার কোনও বাস্তব ভিত্তি নেই।

পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার সকালে তপসিয়ার তৃণমূল ভবনে উপস্থিত হন মমতা তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন। সেখানে উপস্থিত দলীয় কর্মীদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর তিনি বলেন, “আসলে শুক্রবার ওদের জোড়া হার হয়েছে। সেই প্রতিশোধ নিতে পার্টি অফিস দখল করতে চেয়েছিল। জোড়া হারের জ্বালা থেকেই এই প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করা হচ্ছে। তবে এসব করে মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর দলকে দমানো যাবে না।“

পাল্টা ঋতব্রত তৃণমূলের বিধায়ক আখরুজ্জামান বলেন, “নির্মীয়মাণ ভবনে মিটিং করতে গিয়ে কোনও রকম বিপদ হলে ভালো হবে না। ওদের প্রতি প্রতিহিংসা কেন হবে, ওদের তো দলটাই নেই। এটা প্রশাসনের বিষয়“

অন্যদিকে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, এই সরকার কোনও বেনিয়ম সহ্য করবে না। কেন সিল করা হল জানতে প্রয়োজনে আদালতে যান।

২০২১ বিধানসভা নির্বাচনে জয়ের পর পুরনো তৃণমূল ভবন ভেঙে নতুন করে নির্মাণকাজ শুরু হয়। পার্টি অফিস হিসেবে বেছে নেওয়া হয় বাইপাসের ক্যানাল রোডের একটি বহুতল আবাসনকে। তবে ২০২৬ বিধানসভা ভোটের পর তৃণমূল ভেঙে গেলে ঋত শিবির ক্যানাল রোডের অফিসটি দখল করে। তপসিয়ার নির্মীয়মাণ পার্টি অফিস মমতাপন্থীদের দখলে রয়েছে। এবার তার সামনেই পুলিশ ব্যারিকেড বসানো ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker