ভুলচুক হতেই পারে! ব্যাটিং ব্যর্থতার পরও আশাবাদী ভারতের কোচ, ‘কিছুই হাতের বাইরে যায়নি’

যেদিন বোলিং ব্যর্থ হচ্ছে, সেদিন সাংবাদিক সম্মেলনে আসছেন ব্যাটিং কোচ। যেদিন ব্যাটিং ব্যর্থ হচ্ছে, সেদিন বোলিং কোচ। গৌতম গম্ভীরের আমলে এটাই যেন ‘অভ্যাস’ হয়ে যাচ্ছে। ক্রাইস্টচার্চে দ্বিতীয় দিনের শেষে ৬ উইকেট হারিয়ে যথেষ্ট চাপে টিম ইন্ডিয়া। পিছিয়ে আছে ২৪০ রানে। অথচ এদিন সাংবাদিক সম্মেলন করলেন স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে। তিনি অবশ্য মেনে নিলেন, ব্যাটিংয়ে সমস্যা হয়েছে। তবে ‘ভুলচুক হয়েছে।’ কিন্তু বাহুতুলে বললেন, ‘কিছুই এখনও হাতের বাইরে যায়নি।’
নিউজিল্যান্ডের ৩৫৬ রানের পালটা ভারতের রান ৬ উইকেট হারিয়ে ১১৬। এখনও ফলো-অনের ভয় রয়েছে। তারকাখচিত ব্যাটিংয়ের কারও রান ৩০-র উপরে যায়নি। বল কাঁপতেই পা কেঁপেছে। সেখানে বাহুতুলেকে সাংবাদিক সম্মেলনে আশা করাটা মুশকিল। অবশ্য এর আগের দিন যখন ভারতীয় বোলিং নিয়ে প্রশ্নচিহ্ন ছিল, তখন সাংবাদিক সম্মেলনে এসেছিলেন ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। আর যখন দুই দল মিলিয়ে মাত্র ৯ ওভার স্পিন বোলিং হয়েছে, তখন গম্ভীর স্পিন কোচকে পাঠাবেন এটাই তো স্বাভাবিক!
বাহুতুলে বললেন, “যতক্ষণ না শেষ বল হচ্ছে, ততক্ষণ কেউ বলতে পারবে না, ম্যাচ হাতের বাইরে চলে গিয়েছে। তবে হ্যাঁ, ব্যাটিং হতাশ করেছে। আমরা পার্টনারশিপ তৈরি করতে পারিনি। সব ব্যাটারের নিজস্ব পরিকল্পনা ছিল। কিছু ভুলচুক নিশ্চয়ই হয়েছে। কেউ আগ্রাসী ক্রিকেট খেলতে গিয়ে ব্যর্থ হয়েছে। সব মিলিয়ে, আমরা নিজেদের শক্তি অনুযায়ী খেলতে পারিনি। কিন্তু এখনও তো তিনদিন হাতে আছে। সব সম্ভব।”
বাহুতুলে অবশ্য আরেকটি বিষয় নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়ে গেলেন। সেটা হল ক্যাচ মিস ও খারাপ ফিল্ডিং। স্পিন বোলিং কোচ বলেন, “হয়তো আরও ৩০-৪০ রান কম হতে পারত। আমরা ক্যাচ মিস করেছি। সুযোগ কাজে লাগাতে পারিনি। সেগুলোর ফল ভুগছি। যাঁদের ক্যাচ ফেলেছি, তাঁরাই রান করেছে। আমরা অনুশীলনে ক্যাচ ধরছি। কিন্তু মাঠে কাজে লাগাতে পারছি না।”
কথা উঠল রবীন্দ্র জাদেজাকে নিয়েও। যাঁকে এই টেস্টেও খেলায়নি ভারত। তাঁর জায়গায় ওয়াশিংটন সুন্দর এখনও পর্যন্ত ব্যাটে-বলে ব্যর্থ। বাহুতুলে বললেন, “জাদেজা খুব ভালো অলরাউন্ডার। কিন্তু এই পিচে চার বোলার খেলাতে হত। বাঁহাতি সুন্দরও ব্যাটিংয়ে কাজে লাগবে।”
শেয়ার
লিংক



