0%

দ্বিতীয়বার মুম্বইয়ের দায়িত্ব নিতে চাননি! কার মন্ত্রে দলকে দিশা দেখাতে রাজি হলেন? জানালেন রোহিত

তিন মরশুমের ব্যর্থতা ভুলে মুম্বই ইন্ডিয়ান্সকে নতুন করে গড়ার দায়িত্ব নিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। আইপিএলে নতুন করে স্বপ্ন দেখছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। তবে ট্রফির স্বপ্নে এখনই বিভোর হতে চান না তিনি। বরং দলের ক্রিকেটারদের মধ্যে ফিরিয়ে আনতে চান আনন্দ, একে অপরের প্রতি বিশ্বাস। মুম্বই জার্সির প্রতি আবেগের কথাও বলেন হিটম্যান। অধিনায়ক হিসাবে প্রত্যাবর্তনের পর প্রথম সাক্ষাৎকারে খোলামেলা রোহিত। বুঝিয়ে দিয়েছেন, দলকে আবার সঠিক পথে ফেরানোই তাঁর প্রধান চ্যালেঞ্জ। তবে দ্বিতীয়বার মুম্বইয়ের দায়িত্ব নিতে চাননি। কার মন্ত্রে দলকে দিশা দেখাতে রাজি হলেন বিশ্বজয়ী অধিনায়ক?

ফাইল ছবি।

অধিনায়কত্বে প্রত্যাবর্তন নিয়ে রোহিতের মন্তব্য, “অনেক দিন এই দায়িত্বে ছিলাম না। তবে অধিনায়কত্বের প্রাথমিক বিষয়গুলো কখনও হারিয়ে যায় না। কীভাবে পিচ বুঝতে হয়, কখন স্পিনারকে বল দিতে হয়, কখন পেসারকে… এই বিষয়গুলো ভিতরে গেঁথে গিয়েছে। এখন শুধু পরিস্থিতি অনুযায়ী সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে।” ২০১৩ সালে মরশুমের মাঝপথে রিকি পন্টিংয়ের কাছ থেকে নেতৃত্বের দায়িত্ব নিয়েছিলেন তিনি। সেই মরশুমেই ইডেন গার্ডেন্সে ফাইনালে জিতে প্রথম বার আইপিএল চ্যাম্পিয়ন হয় মুম্বই। তার পর কেটে গিয়েছে অনেকটা সময়। মুম্বইকে পাঁচবার আইপিএল জেতানোর পর হিসাবে বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতাও হয়েছে। একটা সময় সেই তিনিই গোটা শহরকে হাসতে বলেছিলেন। এখন রোহিতের ক্যাপ্টেন হওয়ায় সবাই হাসছেন। হিটম্যানও কি হাসছেন? ক্যাপ্টেন হিসাবে প্রত্যাবর্তনে অনুভূতি কেমন ছিল?

“আমি ২৫ বছর বয়সে অধিনায়ক হয়েছিলাম। এখন ৩৯। প্রায় ১২-১৩ বছরের অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে। এত দিনে অনেক কিছু শিখেছি। তবে অধিনায়কত্বের মূল ভিত্তিটা একই থাকে। কখনওই বলব না, ক্যাপ্টেন হিসাবে ফিরে এসেছি বলেই সবকিছু রাতারাতি বদলে যাবে। যে কোনও দলকে নেতৃত্ব দেওয়া কখনওই সহজ কাজ নয়। আইপিএলের ক্ষেত্রে তো আরও বেশি চ্যালেঞ্জিং। কারণ, এখানে বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ আপনার দলে খেলে। আর সবাইকে ঐক্যবদ্ধ রাখা মোটেও সহজ নয়। আইপিএলের অধিনায়কত্বের ক্ষেত্রে এটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।” মন্তব্য রোহিতের।

Rohit Sharma says captaining a team is no easy task
ফাইল ছবি।

কিন্তু কীভাবে আবার মুম্বইয়ের অধিনায়ক হলেন তিনি? রোহিতের কথায়, গত কয়েক মরশুমের ব্যর্থতা তাঁকে ভিতরে ভিতরে ভাবিয়েছে। কেবল নিজের নয়, দলের অন্য ক্রিকেটারদের মধ্যেও হতাশা তৈরি হয়েছিল। বাড়ি ফিরে স্ত্রী-র সঙ্গে আলোচনা করেছেন। তার পর মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার আকাশ আম্বানির ফোন। দু’জনের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। সেখানেই উঠে আসে দলের ভবিষ্যৎ। তার পরেই ‘হ্যাঁ’ বলেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত অক্টোবরেই রোহিতকে অধিনায়ক করার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছিলেন মুম্বই কর্তারা।

প্রথমে অবশ্য দায়িত্ব নিতে তৈরি ছিলেন না রোহিত। বলছেন, “প্রথমে মনে হয়েছিল, এই মুহূর্তে আমি হয়তো এই দায়িত্ব নেওয়ার জন্য তৈরি নই। অনেক কিছু ঘটেছে। নিজের মনকেও বুঝতে চেয়েছিলাম। কিন্তু একটা কথা মনে হয়েছিল, এই দলের নেতা হিসাবে আমাকে প্রয়োজন, এমনটা বলছি না। কিন্তু এই দলের এখন একটা দিশা প্রয়োজন। আর সেই দিশা দেখানোর দায়িত্ব যদি আমার হয়, তা হলে দলকে এগিয়ে নিয়ে যেতে আমি খুশি।”

২০২০ সালে শেষবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। অর্থাৎ দীর্ঘ ছ’বছর ট্রফিখরা চলছে। ২০২৩ সালের নভেম্বরে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ট্রেডের মাধ্যমে হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক করে নিয়ে আসা হলেও ভাগ্য ফেরেনি ‘পল্টন’দের। কোনও দলই চিরকাল জিততে পারে না। কিন্তু মুম্বইয়ের সমস্যা শুধু প্লে-অফে পৌঁছতে না পারা নয়, সমস্যা ছিল ভালো খেলতে না পারা। রোহিতের কথায়, “আমরা দায়িত্ব ঠিক ভাবে পালন করতে পারিনি। প্রতিপক্ষ আমাদের উপর চাপ তৈরি করছিল। তার জবাব আমাদের কাছে ছিল না। এক-দু’জন নয়, গোটা দলই ব্যর্থ হচ্ছিল। এটা মেনে নেওয়া কঠিন। কারণ, এই দলটা আমারও। এক সময় যে দলকে তৈরি করেছি, তাকে এভাবে দেখতে ভালো লাগে না।”

Rohit Sharma admits he isn't thinking about the trophy just yet
ফাইল ছবি।

তবে নতুন মরশুমের শুরুতেই ট্রফির স্বপ্ন দেখাতে চান না তিনি। বরং ক্রিকেটারদের চাপমুক্ত রাখাই তাঁর প্রথম কাজ। হিটম্যানের সংযোজন, “আমি এখনই ট্রফির কথা ভাবতে চাই না। মরশুমের শুরুতেই ট্রফি জেতা যায় না। সেটা জিততে হলে তার আগে হাজারটা কাজ করতে হয়। তাই শেষের লক্ষ্য নিয়ে না ভেবে শুরুটা কীভাবে ভালো করা যায়, সেটা ভাবতে হবে। আমি চাই, ক্রিকেটাররা মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি পরে খেলাটা উপভোগ করুক। মাঠে একে অপরের সঙ্গে আনন্দ করুক। কারণ, আমি নিজের অধিনায়কত্বে দেখেছি, আনন্দ করে খেললে পারফরম্যান্সও স্বাভাবিক ভাবে বেরিয়ে আসে।”

কথার মাঝেই যোগ করেছেন, “আমরা অনেক সময় ভুলে যাই, কেন ক্রিকেট খেলতে শুরু করেছিলাম। মাঠে নামার সময় প্রথমেই আনন্দ করার কথা ভাবতে হবে। চাপ তো থাকবেই। সেটা কখনও চলে যাবে না। তাই চাপ নিয়ে অযথা ভাবার চেয়ে দল হিসাবে একসঙ্গে খেলাটা উপভোগ করা অনেক বেশি জরুরি।” নতুন কোচিং স্টাফ নিয়েও যথেষ্ট আশাবাদী রোহিত। কায়রন পোলার্ডের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। একটা সময় রোহিতের ডেপুটি ছিলেন ক্যারিবিয়ান তারকা। এবার হেডকোচ হিসাবে তাঁকে পেয়ে রোহিত বলছেন, “পোলার্ড মুম্বই ইন্ডিয়ান্সের কিংবদন্তি। কঠিন পরিস্থিতিতে বহুবার দলকে বাঁচিয়েছে। এই দলের সেরা সময় যেমন দেখেছে, তেমন খারাপ সময়ও দেখেছে। দলের সংস্কৃতি, ঐতিহ্য এবং মূল্যবোধ সম্পর্কে ওর স্পষ্ট ধারণা রয়েছে। তাই এই কঠিন সময়ে ওর মতো কাউকে পাশে পাওয়া খুব গুরুত্বপূর্ণ।”

Rohit Sharma says he consulted his wife before confirming his captaincy
ফাইল ছবি।

ব্যাটিং কোচ রবিন উথাপ্পা সম্পর্কেও ইতিবাচক রোহিত। বোলিং কোচ মিচেল ম্যাকক্লেনাগান এবং ধবল কুলকার্নির ক্ষেত্রেও একই রকম আস্থা রয়েছে তাঁর। এবার ওয়াংখেড়েকে আবার প্রতিপক্ষের কাছে কঠিন দুর্গ করে তোলার পালা। গত কয়েক বছরে সমর্থকদের আস্থা কিছুটা কমেছে বলে মেনে নিয়েছেন তিনি। তবে সমর্থকদের পাশে থাকার জন্য কৃতজ্ঞও। রোহিতের কথায়, “আমরা চাই, ফের সমর্থকদের বিশ্বাস অর্জন করতে। গত কয়েক বছরে ভালো খেলতে পারিনি। তাই তাঁদের বিশ্বাসে কিছুটা হলেও ধাক্কা লেগেছে। কিন্তু খারাপ সময়েও তাঁরা মাঠে এসে সমর্থন করেছেন। ওয়াংখেড়ের সেই আবেগ সব সময়ই আমাদের শক্তি।” 

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker