0%

ডিলিমিটেশন বিল সমর্থন করলে মহারাষ্ট্র ক্ষমা করবে না, এনসিপি-এসপিকে সতর্কবার্তা সঞ্জয় রাউতের

 

 

মুম্বই, ২৮ নভেম্বর : কেন্দ্রের প্রস্তাবিত ডিলিমিটেশন বিলকে সমর্থন করলে মহারাষ্ট্রের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে বলে মন্তব্য করলেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) সাংসদ সঞ্জয় রাউত। তাঁর হুঁশিয়ারি, মহারাষ্ট্রের স্বার্থবিরোধী কোনও অবস্থান নিলে রাজ্যের মানুষ তা ক্ষমা করবেন না।

 

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি-শরদচন্দ্র পাওয়ার (এনসিপি-এসপি)-এর নেতাদের নিশানা করেন রাউত। বিশেষ করে দলের কার্যকরী সভাপতি সুপ্রিয়া সুলে এবং অন্যান্য নেতাদের উদ্দেশে তিনি বলেন, শরদ পাওয়ার মহাবিকাশ আঘাড়ির (এমভিএ) সম্মিলিত সমর্থনে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন। সেই সময় বিরোধিতা থাকা সত্ত্বেও জোটের নেতারা তাঁকে সমর্থন করেছিলেন। এই বিষয়টি সুপ্রিয়া সুলের অজানা নয়।

 

রাউতের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজনৈতিক পদক্ষেপের কারণে শরদ পাওয়ারের দল ও পরিবারে ভাঙন তৈরি হয়েছে। ক্ষমতার স্বার্থে তাঁদের সঙ্গে সমঝোতা করা হলে মহারাষ্ট্রের আত্মসম্মান বিসর্জন দেওয়া হবে।

 

তিনি আরও বলেন, শরদ পাওয়ার বর্তমানে অসুস্থ। বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার মতো শারীরিক অবস্থায় তিনি নেই বলে দাবি করে রাউত প্রশ্ন তোলেন, অমিত শাহের সঙ্গে সমঝোতার বিষয়ে শরদ পাওয়ারের সম্মতি রয়েছে কি না।

 

সুপ্রিয়া সুলে, জয়ন্ত পাটিল এবং অমোল কোলের প্রসঙ্গ টেনে রাডিলিমিটেশন বিল উত বলেন, তাঁরা বিজেপি-বিরোধী অবস্থান নিয়ে নির্বাচনে জয়ী হয়েছেন। উদ্ধব ঠাকরে ও রাহুল গান্ধীর মতো ইন্ডিয়া জোটের নেতারা তাঁদের হয়ে প্রচার করেছিলেন। এখন অবস্থান পরিবর্তন করলে ভোটারদের আস্থা হারাতে পারে দলটি।

 

শিরুর, সোলাপুর ও মাধা লোকসভা কেন্দ্রের প্রসঙ্গ তুলে রাউত দাবি করেন, এই এলাকাগুলিতে শিবসেনা (ইউবিটি)-র যথেষ্ট রাজনৈতিক প্রভাব রয়েছে। অমোল কোলেকে উদ্দেশ করে তিনি বলেন, শিবসেনার সমর্থন ছাড়া শিরুর কেন্দ্রে জয়লাভ করা কঠিন। প্রয়োজনে তাঁর দল ওই আসনগুলিতে এককভাবে নির্বাচনে লড়বে বলেও জানান তিনি।

 

ডিলিমিটেশন বিলকে মহারাষ্ট্রবিরোধী এবং দেশবিরোধী আখ্যা দিয়ে রাউত বলেন, এই বিল সমর্থনযোগ্য নয়। অন্যদিকে, তাঁর বক্তব্যের সমালোচনার জবাবে এনসিপি-এসপি সাংসদ অমোল কোলে বলেন, বিলটি সম্পর্কে বিস্তারিত না জেনে তড়িঘড়ি রাজনৈতিক প্রতিক্রিয়া দেওয়া উচিত নয়।

 

তিনি জানান, এনসিপি-এসপির আটজন সাংসদ সোমবার বৈঠকে বসে বিলটি নিয়ে আলোচনা করবেন এবং সম্মিলিতভাবে দলের অবস্থান নির্ধারণ করবেন। বিলের বিষয়বস্তু ভালোভাবে পর্যালোচনা না করে সমর্থন বা বিরোধিতার সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও জানান তিনি।

 

ইন্ডিয়া জোটের বৈঠকে এনসিপি-এসপি সাংসদদের অনুপস্থিতি প্রসঙ্গে কোলে বলেন, সুপ্রিয়া সুলের ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা থাকলেও কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিওয়ারের মন্তব্যের পর পরিস্থিতি বদলে যায়। ফলে দলের সাংসদরা বৈঠক বয়কট করেন।

 

সংসদের বিশেষ অধিবেশনের আগে মহারাষ্ট্রের বিরোধী জোট মহাবিকাশ আঘাড়ির অভ্যন্তরে ডিলিমিটেশন বিল নিয়ে মতপার্থক্য ক্রমশ প্রকাশ্যে আসছে। এনসিপি-এসপি এখনও আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান চূড়ান্ত করেনি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker