তাজমহল থেকে ইংরেজদের লুট করে নিয়ে যাওয়া বিশেষ মার্বেল পাথরের নিলাম লন্ডনে! কত হবে দাম?

সবদিক নিউজ:ভারতের (India) ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা তাজমহলের (Taj Mahal) এক দুর্লভ নিদর্শন এবার উঠতে চলেছে লন্ডনের (London) নিলামে। প্রায় ২০০ বছরের পুরনো ফুলের নকশা করা একটি মূল্যবান মার্বেল স্ল্যাব বিক্রির জন্য প্রস্তুত হচ্ছে। জানা গিয়েছে, আগামী ৯ ডিসেম্বর লন্ডনের নিলাম সংস্থা ‘Lyon & Turnbull’-এর উদ্যোগে এই নিলাম অনুষ্ঠিত হবে। সংস্থার প্রাথমিক অনুমান, মার্বেল পাথরটির দাম উঠতে পারে ২০ হাজার থেকে ৩০ হাজার পাউন্ড। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৪ থেকে ৩৬ লক্ষ টাকা। তবে ভারতের ঐতিহাসিক স্থাপত্যের সঙ্গে জড়িত এই নিদর্শন কীভাবে বিদেশে পৌঁছল, তা নিয়েই নতুন করে চর্চা শুরু হয়েছে।
তাজমহল (Taj Mahal) থেকে ইংরেজদের লুট করে নিয়ে যাওয়া বিশেষ মার্বেল পাথরের নিলাম লন্ডনে!
নিলাম সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, ১৮৬১ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসার কর্নেল পাওনল ফিপস এই মার্বেল স্ল্যাবটি সংগ্রহ করেছিলেন। সেই সময় আগ্রা ও আশপাশের এলাকায় বিভিন্ন ঐতিহাসিক ভবনের মেরামতির দায়িত্বে ছিলেন তিনি। ফিপসের ছেলের দাবি, তাজমহলের (Taj Mahal) নিচে থাকা একটি ভূগর্ভস্থ কক্ষ থেকে দুটি মার্বেল স্ল্যাব পাওয়া গিয়েছিল। তার মধ্যে একটি এবার নিলামে উঠতে চলেছে। দীর্ঘ প্রায় দুই শতক ধরে পাথরটি ফিপসের পরিবারের কাছেই সংরক্ষিত ছিল।
খুঁজে পাওয়া গেল হরমুজের বিকল্প! বিরাট রেল নেটওয়ার্ক তৈরি করছে ৬ টি দেশ
দুর্লভ এই মার্বেলটির বিশেষত্ব রয়েছে তার অসাধারণ কারুকার্যে। সাদা পাথরের উপর অত্যন্ত সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা হয়েছে ফুলের নকশা। চারপাশে রয়েছে ফুলের বর্ডার এবং মাঝখানে লতানো ফুলের অলংকরণ। শুধু তাই নয়, অ্যাগেট, জ্যাসপার ও চালসেডনির মতো মূল্যবান পাথর দিয়ে সাজানো হয়েছে এর উপরিভাগ। মুঘল স্থাপত্যে ব্যবহৃত বিখ্যাত ‘পিয়েত্রা দুরা’ বা ‘পার্চিন কারী’ শিল্পের নিদর্শন হিসেবেই এটিকে দেখা হচ্ছে।
নিলাম সংস্থার দাবি, মার্বেলটির নকশার সঙ্গে তাজমহলের ভিতরে শাহজাহানের সমাধির উপরের অংশের কারুকার্যের যথেষ্ট মিল রয়েছে। ১৬৬৬ সালে শাহজাহানের মৃত্যুর পর তাঁর সমাধির উপর এই বিশেষ নকশা তৈরি করা হয়েছিল। এমনকী, মার্বেলটির মাঝের অলংকরণের সঙ্গেও সমাধির বাঁদিকের নকশার মিল পাওয়া যায়। তবে সেখানে অতিরিক্ত কিছু কারুকাজ ও একটি বাড়তি ফুল রয়েছে। পাথরটির দৈর্ঘ্য ৫৫.৮ সেন্টিমিটার, প্রস্থ ৪৫.২ সেন্টিমিটার এবং পুরুত্ব ৩ সেন্টিমিটার।
সমুদ্রে আরও শক্তিশালী হবে নিরাপত্তা! ভারতীয় নৌবাহিনী পেল কলকাতায় তৈরি ‘আশঙ্ক’ যুদ্ধজাহাজ
উল্লেখযোগ্য বিষয়, নিলামে শুধু মার্বেল স্ল্যাবটিই থাকছে না। এর সঙ্গে ক্রেতাকে দেওয়া হবে তাজমহলের একটি পুরনো সাদা-কালো ছবি, কর্নেল ফিপসের নাতির লেখা একটি চিঠি এবং মার্কুইস অফ বাথের হাতে লেখা আরও একটি চিঠি। সব মিলিয়ে এই নিলাম ঘিরে ঐতিহাসিক মহলে আগ্রহ তৈরি হয়েছে। তবে তাজমহলের (Taj Mahal) মতো ভারতের বিশ্ববিখ্যাত ঐতিহ্যস্থলের সঙ্গে সম্পর্কিত একটি নিদর্শন বিদেশের নিলামে উঠতে চলায় ঔপনিবেশিক আমলে ভারত থেকে মূল্যবান সম্পদ নিয়ে যাওয়ার ইতিহাসও নতুন করে আলোচনায় উঠে এসেছে।



