0%

তালিবানের নিষেধাজ্ঞায় নাম হারিয়ে পরিচয় সংকটে আফগান মহিলারা! ডাকা হচ্ছে ‘গরু’, ‘ছাগল’ বলে

‘শিব ঠাকুরের আপন দেশে আইনকানুন সর্বনেশে’। সুকুমারের রায়ের এই উক্তি যেন অক্ষরে অক্ষরে মিলে যায় তালিবান শাসনে থাকা আফগানিস্তানের ক্ষেত্রে। তালিবানি-রাজ প্রতিষ্ঠিত হওয়ার পর একের শরিয়ত আইনের কোপে মহিলাদের যাবতীয় অধিকার কেড়ে নিয়েছে তালিবান। এবার মহিলাদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল তালিবান। সেক্ষেত্রে বয়স্ক মহিলাদের ‘বিবি’। এবং অল্প বয়সিদের ক্ষেত্রে ‘গরু’ বা ‘ছাগল’ বলেও ডাকা হচ্ছে।

জানা যাচ্ছে, এই ঘটনা আফগানিস্তানের উত্তরাঞ্চলের বালখ প্রদেশের। সেখানে সরকারি নথি, হাসপাতালের রেকর্ড ও প্রেসক্রিপশনে কোনও মহিলার আসল নাম লেখা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে তালিবানের তরফে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত মে মাসে জারি হওয়া ওই নির্দেশে হাসপাতাল ও সরকারি দপ্তরের কর্মীদের মহিলাদের ‘বিবি’ বলে সম্বোধন করার নির্দেশ দেওয়া হয়। ‘বিবি’ শব্দের অর্থ বয়স্ক মহিলা বা ঠাকুমা। তবে অভিযোগ, বহু ক্ষেত্রে মহিলাদের ‘গরু’ বা ‘ছাগল’ বলেও ডাকা হচ্ছে। এই ঘটনাকে মহিলাদের পরিচয় মুছে ফেলার সুপরিকল্পিত প্রচেষ্টা বলে বর্ণনা করেছেন আফগান অধিকারকর্মী লালাহ ওসমানি।

সরকারি নথি, হাসপাতালের রেকর্ড ও প্রেসক্রিপশনে কোনও মহিলার আসল নাম লেখা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে তালিবানের তরফে।

তিনি বলেন, “নাম কেড়ে নিয়ে পশুর নাম দেওয়া মানে একজন মহিলার মানবিক মর্যাদা কেড়ে নেওয়া। তাঁকে পুরুষের সম্পত্তিতে পরিণত করা।” চিকিৎসকদের আশঙ্কা, সকল মহিলা রোগীর নাম একই ‘বিবি’ লেখা হলে প্রেসক্রিপশন ও রিপোর্টে ভুল হওয়ার সম্ভাবনা বাড়বে, যা রোগীর জীবনের পক্ষে বিপজ্জনক হতে পারে। আর সেটাই হচ্ছে আফগানিস্তানে। শরিয়ত আইনের কড়াকড়ি বিভীষিকা হয়ে উঠছে সে দেশের মহিলাদের জন্য।

উল্লেখ্য, ২০২১ সালে তালিবান ক্ষমতায় ফেরার পর থেকে মহিলাদের উপর ১৪৪টিরও বেশি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আফগানিস্তানে। ১২ বছরের পর মেয়েদের শিক্ষা, চাকরি, স্বাধীন ঘোরাফেরা, প্রকাশ্যে কথা বলা সবই নিষিদ্ধ। এবার সেই তালিকায় যুক্ত হল নামের উপর নিষেধাজ্ঞা। তবে আপাতত এই নির্দেশ কেবল বালখ প্রদেশে কার্যকর হলেও মানবাধিকারকর্মীদের আশঙ্কা, অতীতের মতোই এই নিষেধাজ্ঞা সারা দেশে কার্যকর করা শুধু সময়ের অপেক্ষামাত্র।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker