0%

তালাবন্ধ অফিস! নিস্তব্ধ জাহাঙ্গিরের বাড়ি, ফলতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে ভোট

সবদিক নিউজ: পুনর্নির্বাচন ঘিরে ফলতা বিধানসভায় কড়া নজরদারি। তবে ভোটের আবহের মধ্যেও সবচেয়ে বেশি চর্চায় উঠে আসে শ্রীরামপুর এলাকার এক প্রভাবশালী তৃণমূল নেতা জাহাঙ্গির খানের (Jahangir Khan) অনুপস্থিতি। যে এলাকায় ভোটের দিন সাধারণত জাহাঙ্গিরের রাজনৈতিক ব্যস্ততা চোখে পড়ে, সেখানে এ বার দেখা গেল সম্পূর্ণ উল্টো ছবি।

ফলতার পুনর্নির্বাচনে কোথায় জাহাঙ্গির (Jahangir Khan)?

ফলতা বিধানসভা কেন্দ্রে শ্রীরামপুর এলাকায় ঢুকলেই নজরে আসে বড়সড় একটি দোতলা বাড়ি। বাড়িটির নির্মাণ এখনও পুরোপুরি শেষ হয়নি। উপরের তলায় প্লাস্টারের কাজ সম্পন্ন হলেও রং করা বাকি। স্থানীয়দের কথায়, এক সময় এই বাড়ির সামনে সারাদিন লোকজনের ভিড় লেগে থাকত। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে চারপাশ একেবারে নিস্তব্ধ। বহুবার ডাকাডাকি করেও জাহাঙ্গিরের কোনও খোঁজ মেলেনি। এমনকি প্রতিবেশীরাও নিশ্চিত করে বলতে পারেননি তিনি কোথায় রয়েছেন।

বাড়ি থেকে অল্প দূরত্বেই রয়েছে তাঁর দলীয় কার্যালয়। নির্বাচনের দিন সাধারণত সেখান থেকেই ভোট পরিচালনার নানা পরিকল্পনা করা হত। বুথভিত্তিক দায়িত্ব বণ্টন থেকে শুরু করে এজেন্টদের বসানো— সবকিছুর তদারকি চলত ওই অফিস থেকেই। অথচ এ দিন সকাল থেকেই অফিসে ঝুলছে তালা। আশপাশেও দেখা যায়নি কর্মী-সমর্থকদের আনাগোনা।

এলাকার মানুষও এ বিষয়ে মুখ খুলতে খুব একটা স্বচ্ছন্দ নন। এক প্রতিবেশী জানিয়েছেন, “উনি হয়তো বাড়ির মধ্যেই আছেন। বাড়ি থেকে বেরিয়ে কোথাও গেলে, আমরা তো দেখতে পেতাম। তবে ভিতরে আছেন কি না সেটা নিশ্চিত নই।”

শ্রীরামপুর পশ্চিম দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথের ভোটার জাহাঙ্গির নিজেও। তবু তার দেখা নেই। আগে এই এলাকায় ভোট নিয়ে নানা অভিযোগ ছিল।এই প্রসঙ্গে এক ভোটার বলেন, “এখানে দীর্ঘদিন ভোট দেওয়া হতো না। ভোট দিতে আসলেই বলা হতো, আপনার ভোট হয়ে গিয়েছে। আমার মৃত মায়ের নামেও ভোট পড়ে যেত। কী আর বলব? তবে এ বার ভালো ভোট হচ্ছে।”

Jahangir Khan's house is silent, voting is being conducted smoothly in falta

আরও পড়ুন : ‘মেলোডি’-র সৌজন্যে কূটনীতিতে নয়া চমক! ভারত-ইতালির মধ্যে এবার স্পেশাল স্ট্রাটেজিক পার্টনারশিপ

যদিও অন্য এক বাসিন্দার অভিজ্ঞতা ভিন্ন। তাঁর কথায়, “আমাদের এই বুথে কোনওদিন গোলমাল হয়নি। অন্য কোথায় কী হয়, তা বলতে পারব না।” ভোট শান্তিপূর্ণ হলেও,জাহাঙ্গিরকে ঘিরে রহস্য কাটেনি। বরং তাঁর অনুপস্থিতিই এ দিনের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ফলতা জুড়ে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker