তৃণমূলে বড় ভাঙন আসন্ন! বড় সিদ্ধান্ত নিতে চলেছে ৫০ বিধায়ক

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অন্দরে নানা ধরনের অস্বস্তির খবর সামনে আসছে। কোথাও বোর্ড ভেঙে যাচ্ছে, কোথাও আবার জনপ্রতিনিধিদের পদত্যাগের ঘটনা ঘটছে। এর মধ্যেই এবার আরও বড় জল্পনা তৈরি হয়েছে। সূত্রের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রায় ৫০ জন বিধায়ক একসঙ্গে বড় পদক্ষেপ করতে চলেছেন। মঙ্গলবার স্পিকারের কাছে তাঁদের একটি তালিকা জমা পড়তে পারে বলে খবর।
তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) বাড়ছে অস্বস্তি
সূত্রের খবর, এই ৫০ জন বিধায়ক নিজেদের ‘প্রকৃত তৃণমূল’ বলে দাবি করছেন। তাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন জানাচ্ছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার স্পিকারের কাছে একটি প্রস্তাব জমা দেওয়ার প্রস্তুতিও চলছে বলে দাবি করা হয়েছে।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তৃণমূলের (Trinamool Congress) অন্দরে কি বড় কোনও ভাঙনের ইঙ্গিত মিলছে? কারণ এমন সময়ে এই খবর সামনে এল, যখন ভোট-পরবর্তী হিংসার প্রতিবাদে মঙ্গলবারই ধরনায় বসার কর্মসূচি নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, এই গোষ্ঠীর অন্যতম মুখ হতে পারেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে এই তালিকায় মদন মিত্র, ফিরহাদ হাকিম বা কুণাল ঘোষের নাম নেই বলেই জানা গিয়েছে।
এদিকে সোমবারই দলবিরোধী কাজের অভিযোগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। তার আগে সই জালিয়াতির অভিযোগ ঘিরে তদন্ত শুরু করেছে সিআইডি। একাধিক বিধায়কের বাড়িতেও গিয়েছেন তদন্তকারীরা। সেই তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও উঠে এসেছে বলে খবর।
সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, সই জালিয়াতির অভিযোগ প্রথম তুলেছিলেন সন্দীপন সাহা ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর এই মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই দুই বিধায়ককে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায় তৃণমূল (Trinamool Congress)। পরে কুণাল ঘোষও তাঁদের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানান।

আরও পড়ুনঃ ‘অভিষেকের নিজের..’, হামলার ঘটনায় বিস্ফোরক সদ্য TMC ছেড়ে যাওয়া এই ‘হেভিওয়েট’ নেতা!
এই পরিস্থিতিতে তৃণমূলের (Trinamool Congress) ৫০ বিধায়ককে ঘিরে নতুন জল্পনা রাজ্যের রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছে। মঙ্গলবার কী পদক্ষেপ করা হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।




