0%

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র, পসকো ধারায় মামলা দায়ের

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পুত্র। শনিবার কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয়ের পুত্র বান্দি সাই ভগীরথকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে পসকো অ্যাক্টে মামলা দায়ের করে শুরু হয়েছে তদন্ত। ১৭ বছরের ওই কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে গত ৮ মে পসকো আইনে অভিযোগ দায়ের করে ভগীরথের বিরুদ্ধে তদন্তে নেমেছিল পুলিশ।

তেলেঙ্গানায় পেটবশিরবাদ থানায় মন্ত্রীর পুত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতার মা। তাঁর অভিযোগ ছিল, ২০২৫ সালের জুন মাসে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাঁর মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ায় ভগীরথ। গত বছরের অক্টোবর মাস থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার শারীরিক নির্যাতন করে অভিযুক্ত। এমনকী তাকে জোর করে মদ খাওয়ানো হয়। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে ওই কিশোরী। জানুয়ারি মাসের শেষের দিকে দু’বার আত্মঘাতী হওয়ারও চেষ্টা করে সে।

অভিযোগ, গত বছরের অক্টোবর মাস থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে লাগাতার শারীরিক নির্যাতন করে অভিযুক্ত।

এদিকে মেয়েটির পরিবারের উপর চাপ বাড়াতে অভিযুক্ত ভগীরথ পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করে। করিমনগর-২ টাউন থানায় দায়ের করা ওই অভিযোগে দাবি করা হয়, মেয়েটির বাবা-মা তাঁর কাছ থেকে ৫ কোটি টাকা আদায়ের চেষ্টা করেছিল এবং টাকা না দিলে আত্মহত্যার হুমকি দেওয়া হয়। পরিস্থিতি গুরুতর আকার নিলে ভগীরথের বাবা কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় কুমার জানান, তাঁর ছেলেকে তিনি পুলিশের কাছে হাজিরা দিতে বলেছেন। এবং তদন্তে সহযোগিতা করতে বলেছেন। গ্রেপ্তারি এড়াতে শুক্রবার অন্তর্বর্তী জামিনের আবেদনও জানিয়েছিল ভগীরথ। তবে খারিজ হয় সেই আর্জি। এই অবস্থায় মনে করা হচ্ছিল, শনিবার থানায় আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত। কিন্তু পুলিশের তরফে জানানো হয়, অভিযুক্তকে হায়দরাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, এই মামলায় অভিযুক্ত ভগীরথের বিরুদ্ধে আগেই লুকআউট নোটিস জারি করা হয়েছিল তেলেঙ্গানা পুলিশের তরফে। অভিযুক্ত যাতে কোনওভাবে দেশ ছেড়ে পালাতে না পারে তার জন্য এই নোটিস জারি হয়। শুধু তাই নয়, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই ইস্যুতে চিঠি লিখেছিলেন টিআরএস-এর প্রেসিডেন্ট কে. কবিতা। সেখানে বলা হয়েছিল, পুত্রের বিরুদ্ধে ওঠা পকসো মামলার সুষ্ঠু ও স্বাধীন তদন্ত নিশ্চিত করতে কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় কুমারকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হোক।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker