পঞ্চম-অষ্টমে ফিরবে পাশ-ফেল ব্যবস্থা? জানালেন শঙ্কর ঘোষ

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে (West Bengal) রাজনৈতিক পালাবদলের পর এবার শিক্ষাব্যবস্থাতেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এতদিন পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেলের নিয়ম চালু না থাকলেও, নতুন করে সেই ব্যবস্থা ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি হয়েছে। এই আবহে পাশ-ফেল প্রসঙ্গে মুখ খুললেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ (Shankar Ghosh)।
পাস-ফেল প্রসঙ্গে শঙ্কর ঘোষ (Shankar Ghosh)
সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যেও শিক্ষানীতিতে বদল আনার আলোচনা শুরু হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ২০২৪ সালের ২৩ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, পঞ্চম এবং অষ্টম শ্রেণির পরীক্ষায় পড়ুয়াদের উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। শিক্ষার অধিকার আইনে সংশোধন এনে এই পাশ-ফেল প্রথা পুনরায় কার্যকর করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র।
নতুন নিয়ম অনুযায়ী, কোনও ছাত্রছাত্রী প্রথমবার পরীক্ষায় পাশ করতে না পারলে তাকে আরও একটি সুযোগ দেওয়া হবে। দ্বিতীয়বার পরীক্ষায় বসার সুযোগ থাকলেও, সেখানেও উত্তীর্ণ হতে ব্যর্থ হলে সেই পড়ুয়াকে একই শ্রেণিতে পুনরায় পড়াশোনা করতে হবে। যদিও এতদিন পশ্চিমবঙ্গে এই নিয়ম কার্যকর হয়নি।
তবে রাজ্যে সরকার পরিবর্তনের পর পরিস্থিতি বদলাতে পারে বলেই মনে করছেন অনেকে। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সেই সম্ভাবনার দিকেই ইঙ্গিত দিয়েছেন। শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে শিক্ষাক্ষেত্রে প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে বৈঠকে বসতে চলেছেন শঙ্কর ঘোষ ও স্বপন দাশগুপ্ত। এই প্রসঙ্গে শঙ্কর ঘোষ বলেন, “দলের যাঁরা বিধায়ক হিসাবে জিতেছেন তাঁদের মধ্যে একটা বড় অংশ শিক্ষা জগতের সঙ্গে যুক্ত, তাঁদের সঙ্গে কথা বলছি। এছাড়া রাজ্যের যাঁরা বিশিষ্ট শিক্ষাবিদ তাঁদের সঙ্গেও আমরা কথা বলছি। মানুষ যেটা চাইছে সেটা আমরা সবাই কম বেশি জানি। আমরা বিস্তারিত রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে তুলে দেব।”

আরও পড়ুন : বিধাননগরে তৃণমূলের পার্টি অফিসে উদ্ধার শতাধিক আধার কার্ড,ভোট নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
শিক্ষাক্ষেত্রে এই সম্ভাব্য পরিবর্তন ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। পাশ-ফেল প্রথা ফিরলে পড়ুয়াদের শিক্ষার মান ও মূল্যায়ন পদ্ধতিতে কী প্রভাব পড়বে, তা নিয়েও তৈরি হয়েছে নানা মতামত।



