0%

পাঁচ বছরে ১৪ বার! ট্রফিখরা অব্যাহত রোনাল্ডোর, স্বপ্নভঙ্গের রাতে জড়ালেন বিতর্কেও

পাঁচ বছরে ১৪ বার! আবারও স্বপ্নভঙ্গ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। আবারও একটা হতাশার রাত তাঁর দল আল নাসেরের। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু ফাইনালে গাম্বা ওসাকার কাছে ০-১ গোলে হেরে গিয়েছে সৌদি জায়ান্টসরা। স্বপ্নভঙ্গের রাতে বিতর্কেও জড়ালেন সিআর সেভেন।

ঠিক কী ঘটেছে? রেফারি খেলা শেষের বাঁশি বাজতেই ক্যামেরা ঘুরে যায় সিআর সেভেনের দিকে। দেখা যায়, হতবাক মুখে কিছুক্ষণ মাঠে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর কোনও কথা না বলে ধীরে ধীরে টানেলের দিকে হাঁটা দেন। দলের বাকিরা যখন রুপোর পদক নিতে সারিবদ্ধ হচ্ছিলেন, তখন অধিনায়ক হিসাবে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকেননি রোনাল্ডো। এই দৃশ্য মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। নেটিজেনরা বলছেন, আরেকটা শিরোপাহীন মরশুমের হতাশা থেকেই এমন করেছেন ৪১ বছরের তারকা।

ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধের ৩০ মিনিটে, দেনিজ হুম্মেতের পা থেকে। এরপর বলের দখল বেশি থাকলেও গোল করতে ব্যর্থ হয় আল নাসের। পুরো ম্যাচ খেলে রোনাল্ডো পাঁচটি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেননি। নষ্ট করেন দু’টি সহজ সুযোগ। এই হারের পর সোশাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। এক সমর্থকের মন্তব্য, ‘এই দলটা যেন সৌদি আরবের আর্সেনা। বড় ম্যাচ এলেই ব্যর্থ।’ আরেক নেটিজেনের কথায়, ‘রোনাল্ডো আরও ভালো দল পাওয়ার যোগ্য। আল নাসের খুবই হতাশ করল।’ আরেকজন লেখেন, ‘চাপের ম্যাচে এই দল বারবার ভেঙে পড়ে।’

২০২৩ সালে আল নাসেরে যোগ দেওয়ার পর ব্যক্তিগত পারফরম্যান্সে ধারাবাহিকতা বজায় রেখেছেন রোনাল্ডো। চলতি মরশুমে ৩৬ ম্যাচে ২৮ গোল করেছেন তিনি। তবে পাঁচ বছরে ১৪ শিরোপা হাতছাড়া হল তাঁর। তবে তাঁর জন্য এই মরশুম এখনও শেষ হয়ে যায়নি। সিআর সেভেনের দল সৌদি প্রো লিগ জয়ের দৌড়ে এখনও এগিয়ে। ৩৩ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৮৩ পয়েন্ট। প্রধান প্রতিদ্বন্দ্বী আল হিলালের পয়েন্ট ৮১। গাম্বা ওসাকার কাছে হারের দিনই আল হিলাল জিতে ব্যবধান কমালেও শিরোপার লড়াইয়ে রোনাল্ডোরাই।

সৌদি লিগে এখন বাকি মাত্র এক রাউন্ড। ২২ মে আল নাসের ঘরের মাঠে দামাক এফসির বিরুদ্ধে খেলবে। অন্যদিকে, আল হিলাল মুখোমুখি হবে আল ফাইহার। সমীকরণ সহজ। আল নাসর জিতলেই চ্যাম্পিয়ন। তবে তারা যদি পয়েন্ট হারায় এবং আল হিলাল জিতে যায়, তাহলে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শিরোপা যাবে আল হিলালের ঝুলিতে। তাই শেষ ম্যাচে জয় নিশ্চিত করাই এখন রোনাল্ডোদের একমাত্র লক্ষ্য। তাই তাড়াতাড়ি হতাশা কাটিয়ে উঠতে হবে পর্তুগিজ কিংবদন্তিকে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker