0%

পাকা কথার অনুষ্ঠানে কীভাবে প্রিয়াঙ্কার আত্মীয়দের মন জয় করেছিলেন নিক?

বলিউড থেকে হলিউড— প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসের রূপকথার প্রেম নিয়ে চর্চার শেষ নেই। সোশ্যাল মিডিয়া হোক বা কোনও সাক্ষাৎকার, একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশে কখনও কার্পণ্য করেন না এই তারকা দম্পতি। সম্প্রতি একটি বিশেষ সাক্ষাৎকারে নিজের ‘পাকা কথা’র অনুষ্ঠানের একগুচ্ছ অজানা কথা ভাগ করে নিলেন পিগি চপ্স। জানালেন, বিদেশি জামাই কীভাবে প্রথম দিনেই তাঁর বাড়ির মহিলাদের মন জয় করেছিলেন।

প্রিয়াঙ্কা জানান, তাঁদের পাকা কথার অনুষ্ঠানের আয়োজন ছিল বেশ রাজকীয়। বাবা অশোক চোপড়ার অনুপস্থিতিতে মা মধু চোপড়া চেয়েছিলেন মেয়ের বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে। চারজন পুরোহিত মিলে মন্ত্রোচ্চারণ করছিলেন, ড্রয়িংরুমের আসবাব সরিয়ে নিচে বসার ব্যবস্থা করা হয়েছিল, আর ঘরের মাঝখানে ছিল যজ্ঞকুণ্ড। প্রিয়াঙ্কার কথায়, “আমি যখন নিচে নেমে এলাম, মনে হচ্ছিল যেন এক নতুন জীবনে পা রাখছি। নিক যখন আংটি পরাল, তখন অতটা বুঝিনি। কিন্তু যখন হাত ধরে চারদিকে ঘুরছিলাম, তখন মনে হল জীবনটা বদলে যাচ্ছে। আমি নিজের পরিবার বেছে নিচ্ছি।”

তবে আসল চমক ছিল অনুষ্ঠানের শেষে। নিক জোনাস যে এত সুন্দরভাবে ভারতীয় আচার-অনুষ্ঠান পালন করবেন, তা ভাবতেই পারেননি প্রিয়াঙ্কার আত্মীয়রা। যজ্ঞের সময় নির্ভুলভাবে ‘স্বহা’ বলা থেকে শুরু করে ঢোলক বাজানো বিদেশি জামাইয়ের কাণ্ড দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন প্রিয়াঙ্কার মাসি-পিসিরা। প্রিয়াঙ্কা হেসেই বলেন, “সবাই তো তখন নিকের প্রশংসায় পঞ্চমুখ!”

সবকিছুর মাঝে নিকের একটি কথা প্রিয়াঙ্কার মন ছুঁয়ে গিয়েছিল। অনুষ্ঠান শেষে পোশাক বদলাতে যাওয়ার সময় নিক প্রিয়াঙ্কার হাত ধরে চুপিচুপি বলেন, “আমার মনে হচ্ছে এটা আমাদের একসঙ্গে কাটানো তৃতীয় বা চতুর্থ জন্ম।” প্রিয়াঙ্কা অবাক হয়ে এর কারণ জানতে চাইলে নিক উত্তর দেন, “সবকিছুই খুব পরিচিত লাগছে, ঠিক যেন নিজের ঘর। আমি তোমার সঙ্গে এভাবেই আরও অনেক কিছু অনুভব করতে চাই।” নিকের মুখে এই কথা শুনেই প্রিয়াঙ্কা বুঝেছিলেন, এই মানুষটিই তাঁর যোগ্য জীবনসঙ্গী।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker