পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার সুজিত বসু, দীর্ঘ জেরার পরে ইডি-র হেফাজতে প্রাক্তন মন্ত্রী

খবর অনলাইন ডেস্ক: রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতা সুজিত বসুকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেওয়ার পর টানা প্রায় সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে। রাত সওয়া ৯টা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে তাঁর গ্রেফতারের কথা জানানো হয়।
ইডি সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি নিয়োগের ঘটনায় নাম সুপারিশের অভিযোগ ঘিরেই সুজিত বসুকে জেরা করা হচ্ছিল। এর আগে গত ১ মে-ও তিনি ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন। বিধানসভা ভোটের ফল ঘোষণার পর এই প্রথম আবার তদন্তকারীদের সামনে হাজির হন তিনি। এ দিন তাঁর সঙ্গে আইনজীবীও উপস্থিত ছিলেন।
ভোটের আগে একাধিকবার ইডি তলব করলেও নির্বাচনী ব্যস্ততার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছিলেন সুজিত। পরে কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে তিনি তদন্তে সহযোগিতা করতে শুরু করেন। এর মধ্যেই তাঁর বাড়ি, অফিস এবং পরিবারের সঙ্গে যুক্ত একটি ধাবাতেও তল্লাশি চালায় ইডি। তদন্তের স্বার্থে তাঁর পুত্র সমুদ্র বসু-সহ পরিবারের অন্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
সুজিত বসু এর আগে দাবি করেছিলেন, যে মামলায় তাঁকে তলব করা হচ্ছে, সেই মামলায় সিবিআই ইতিমধ্যেই চার্জশিট জমা দিয়েছে এবং সেখানে তাঁর নাম নেই। তবে শেষ পর্যন্ত ইডির তদন্তে গ্রেফতার এড়াতে পারলেন না তিনি।
ইডি সূত্রে খবর, সোমবার রাতেই তাঁর শারীরিক পরীক্ষা করানো হবে। এর পর তাঁকে ইডি হেফাজতে রাখা হবে। মঙ্গলবার সকালে আদালতে পেশ করা হতে পারে রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রীকে।



