0%

ফের জ্বালানির ধাক্কা, ১০ দিনে ৭ টাকার বেশি বৃদ্ধি পেট্রল-ডিজেলের দামে – সবদিক

আবারও বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। সোমবার থেকে কার্যকর হওয়া নতুন মূল্যে কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম বেড়ে হয়েছে ১১৩ টাকা ৫১ পয়সা। একই সঙ্গে ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৯ টাকা ৮২ পয়সা। গত ১০ দিনের মধ্যে এটি চতুর্থবারের মূল্যবৃদ্ধি, যার ফলে জ্বালানি তেলের দাম মোট ৭ টাকারও বেশি বেড়ে গেল।

তেল সংস্থাগুলির ঘোষণা অনুযায়ী, এ বার কলকাতায় পেট্রলের দাম লিটার পিছু বেড়েছে ২ টাকা ৮৭ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ২ টাকা ৮০ পয়সা। এর আগে ১৫ মে প্রায় ৩ টাকা, ১৯ মে ৯০ পয়সা এবং ২৩ মে ৮৭ পয়সা করে দাম বাড়ানো হয়েছিল।

কলকাতার পাশাপাশি দেশের অন্যান্য মহানগরীতেও জ্বালানির দামে বড়সড় বৃদ্ধি হয়েছে। দিল্লিতে পেট্রলের নতুন দাম হয়েছে ১০২.১২ টাকা এবং ডিজেল ৯৫.২০ টাকা প্রতি লিটার। মুম্বইয়ে পেট্রল ১১১.২১ টাকা ও ডিজেল ৯৭.৮৩ টাকা। চেন্নাইয়ে পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৭.৭৭ টাকা।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে তেল সংস্থাগুলি দাম বাড়ানোর দাবি জানাচ্ছিল। ভোটপর্ব শেষ হওয়ার পর থেকেই দফায় দফায় সেই দাম বৃদ্ধি শুরু হয়েছে।

জ্বালানির দাম বাড়ার সরাসরি প্রভাব পড়তে পারে পরিবহণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। ইতিমধ্যেই বাস ভাড়া বৃদ্ধির দাবি উঠতে শুরু করেছে। পাশাপাশি দুধ, রুটি-সহ একাধিক পণ্যের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্রমাগত মূল্যবৃদ্ধিতে কার্যত চাপে পড়েছেন সাধারণ মানুষ। সংসারের খরচ সামলাতে নতুন করে চিন্তা বাড়ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker